টলিউডে সাম্প্রতিক সময়ে বড় পরিবর্তনের হাওয়া বইছে। নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলা থেকে শুরু করে কাজের পরিবেশে স্বচ্ছতা আনা, রাজনৈতিক মতপার্থক্যের কারণে যাতে কেউ কাজ থেকে বঞ্চিত না হন সেই আশ্বাস, টেকনিশিয়ানদের কর্মপরিবেশ উন্নত করা, মহিলা শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শুটিং সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তনের কথা ইতিমধ্যেই জানিয়েছেন বিজেপি বিধায়ক ‘পাপিয়া অধিকারী’ (Papiya Adhikari)। পাশাপাশি বাংলা বিনোদন জগতকে আরও পেশাদার এবং কর্মমুখী করে তোলার কথাও বারবার উঠে এসেছে তাঁর বক্তব্যে। সেই কারণেই টলিপাড়ার একাংশের নজর এখন নতুন নেতৃত্বের দিকেই।
এই আবহেই টলিউডে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি। দীর্ঘদিন ধরে স্টুডিওপাড়ার ক্ষমতার সমীকরণ, বিভিন্ন সংগঠনের ভূমিকা এবং শিল্পী-কলাকুশলীদের অভিযোগ নিয়ে যে বিতর্ক চলছিল, তা নতুন করে সামনে এসেছে এই ঘটনার পর। একাধিক বৈঠক, পাল্টা অভিযোগ, সংগঠন নিয়ে টানাপোড়েন এবং শিল্পীমহলের বিভাজন ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে। ফলে অনেকেই এখন অপেক্ষা করছেন, এই অস্থির পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ইন্ডাস্ট্রি কবে স্বাভাবিক ছন্দে ফিরবে।
এই পরিস্থিতিতেই সংবাদ মাধ্যমের তরফে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী ‘অনামিকা সাহা’র (Anamika Saha) কাছে। কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী টলিউডের নানান উত্থান-পতনের সাক্ষী। ফলে বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর মতামত স্বাভাবিকভাবেই গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে যখন নানান মহলে উদ্বেগ তৈরি হয়েছে, তখন অভিজ্ঞ শিল্পীদের বক্তব্যও আলোচনায় উঠে আসছে।
তবে পরিস্থিতি নিয়ে খুব বেশি হতাশ নন অনামিকা। তাঁর বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে বর্তমান অস্থিরতাও কাটিয়ে ওঠা সম্ভব। নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখে তিনি মনে করেন, পরিবর্তনের সময় কিছু সমস্যার সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয়। বরং শুরুতেই যদি নানান জটিলতা সামনে আসে, তাহলে পরবর্তীতে সেগুলোর সমাধান করা আরও সহজ হয়। তাই এখনই কোনও চূড়ান্ত মন্তব্য করার বদলে তিনি অপেক্ষা করতে চান নতুন দায়িত্বপ্রাপ্তদের কাজ দেখার জন্য।
আরও পড়ুনঃ কোয়েলের পর দেব! দল নিয়ে ক্ষোভ ছিল আগেই, এবার নিলেন বড় সিদ্ধান্ত! জল্পনায় তোলপাড় তৃণমূল, আজই সাংসদ পদে ইস্তফা দিতে চলেছেন ঘাটালের তারকা সাংসদ?
এই প্রসঙ্গে অনামিকা সাহা বলেন, “সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন পাপিয়া আছে, ও খুব বুদ্ধিমতি মেয়ে। ওর সঙ্গে রূপাও আছে। ওরা দায়িত্ব নিয়েছে যখন, ঠিক করে দেবে। আর প্রথম প্রথম একটু সমস্যা হয়েই আর শুরুতে এগুলো হয়ে গেলে পরে অসুবিধা কম হয়। দেখা যাক ওরা কি করে, আমার ওদের ওপর ভরসা আছে।” বর্ষীয়ান অভিনেত্রীর এই বক্তব্য সামনে আসার পর অনেকেই মনে করছেন, টলিউডের বর্তমান অস্থিরতার মধ্যেও তিনি আশাবাদের বার্তাই দিতে চেয়েছেন। তাঁর মতে, পরিবর্তনের এই সময়ে ধৈর্য ধরে পরিস্থিতির দিকে নজর রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।






