রথের দিন কলকাতার বিভিন্ন পুজো কমিটিতে খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি। সেই রীতিই মেনে এ বছর খুঁটি পুজোর আয়োজন করল শ্যাম পার্ক। তবে এবারের অনুষ্ঠান ছিল বিশেষ আকর্ষণে ভরপুর। কারণ, এই বছরের পুজোর মূল থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতবর্ষের কিংবদন্তি জাদুকর পি সি সরকারকে। সেই উপলক্ষে প্রবল বৃষ্টি উপেক্ষা করে পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠানে হাজির হন পি সি সরকার জুনিয়র। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জয়শ্রী সরকার এবং তিন মেয়ে মানেকা, মুমতাজ ও মৌবনী। পরিবারের সকলেই এই সম্মান পেয়ে খুশির কথা জানিয়েছেন।
খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে পি সি সরকারের তিন কন্যাই আনন্দ ভাগ করে নেন। পুজোর আবহে তিনজনকেই রং মিলিয়ে শাড়ি পরে দেখা যায়। রথের দিনের বিশেষ আয়োজন হিসেবে ছিল জিলিপি ও পাঁপড় ভাজা, আর সেই আড্ডার মধ্যেই তাঁরা বাবাকে নিয়ে নিজেদের অনুভূতির কথা জানান। মানেকা বলেন, “বাবাকে প্রাপ্য সম্মান মানুষ সবসময় দিয়েছে। আগেও দিয়েছে, এখনও দিচ্ছে। সেটা কেউ কোনওদিন কেড়ে নিতে পারেনি, পারবেও না। কারণ বাবা তো লিজেন্ড।” তাঁর কথায় স্পষ্ট, এই সম্মান তাঁদের গোটা পরিবারের কাছেই গর্বের বিষয়।
মুমতাজও বাবার প্রতি মানুষের ভালোবাসার কথা তুলে ধরে বলেন, “আসল ম্যাজিক তো মানুষের মনে পি সি সরকার। সেখানে বাবা সবসময় থাকবেন। এবার পুজোতেও সবাই সেই ম্যাজিক অনুভব করবেন।” অন্যদিকে, মৌবনীর কাছে এবারের দুর্গাপুজো আরও বেশি বিশেষ। সম্প্রতি বিয়ে হওয়ায় এটাই তাঁর প্রথম পুজো। তিনি বলেন, “বিয়ের পর এটাই আমার প্রথম দুর্গাপুজো। তার উপর বাবাকে নিয়ে পুজোর থিম হয়েছে, তাই আনন্দটা আরও বেড়ে গেল। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি সবাই মিলে এ বার ম্যাজিকাল পুজো কাটাব।”
অনুষ্ঠানের মাঝেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ছোট্ট একটি ম্যাজিকও দেখান পি সি সরকার জুনিয়র। পাঁপড় ভাজা মুহূর্তে ‘ভ্যানিশ’ করে দিয়ে উপস্থিত সকলকে চমকে দেন তিনি। সাধারণত তিনি এই ধরনের ভাজা খাবার খান না। তবে এদিন তাঁর হাতে পাঁপড় দেখে অনেকেই অবাক হন। সেই প্রসঙ্গে জয়শ্রী সরকার হেসে বলেন, “আজ আমরা খুব খুশি। তাই ওকে একটু ছাড় দেওয়া হয়েছে।” একই সঙ্গে তিনি শ্যাম পার্কের পুজো কমিটিকে ধন্যবাদ জানান, এমন অভিনব ভাবনার জন্য।
পি সি সরকার জুনিয়রও এই উদ্যোগে নিজের আনন্দের কথা প্রকাশ করেন। তিনি বলেন, “ওঁরা ম্যাজিক নিয়ে ভাবলেন, আমাকে এই থিমের অংশ করলেন, এতে আমি খুবই খুশি। আমি তো জাদুকর। যা দূর করা দরকার, সেটাই দূর করি। আগেও অনেক জঞ্জাল দূর করেছি।” তাঁর এই মন্তব্য উপস্থিত দর্শকদেরও আকৃষ্ট করে। অনুষ্ঠানে ম্যাজিককে কেন্দ্র করে একটি বিশেষ ভিডিওও দেখানো হয়। সেখানে কিংবদন্তি পি সি সরকার সিনিয়রের জীবন, ইতিহাস এবং ভারতীয় জাদুবিদ্যায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আরও পড়ুনঃ ‘মানুষের কাছে আজও অভিনেত্রী শতাব্দী রায়ের মূল্য রাজনীতিবিদ শতাব্দীর চেয়ে অনেক বেশি!’ রচনার ‘ফেস ভ্যালু’ বিতর্কের আবহেই এবার শতাব্দী রায়ের বি*স্ফোরক মন্তব্য! ‘অভিষেক খুব ইন্টেলিজেন্ট, ভদ্র ও লজিক্যাল ছেলে, কিন্তু আমার সঙ্গে…’ তৃণমূলের সঙ্গে ১৭ বছরের রাজনৈতিক সম্পর্ক কেন ছিন্ন করলে তিনি? মুখ খুলেই উস্কে দিলেন নতুন বিতর্ক?
এবারের শ্যাম পার্কের দুর্গাপুজোয় তাই শুধু প্রতিমা বা মণ্ডপ নয়, দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ভিন্ন অভিজ্ঞতা। ম্যাজিকের আবহে সাজানো হবে গোটা প্যান্ডেল, যেখানে পি সি সরকারের জীবন ও জাদুশিল্পের নানা মুহূর্ত ফুটে উঠবে। পুজো কমিটির আশা, এই অভিনব ভাবনা দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করবে। পরিবারের সদস্যদের উপস্থিতি, তাঁদের আবেগঘন বক্তব্য এবং জাদুর ছোঁয়ায় খুঁটি পুজোর অনুষ্ঠান এদিন আরও স্মরণীয় হয়ে ওঠে।






