“নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন…” দিল্লির ‘নিট পরীক্ষার দুর্নীতি’র বিক্ষোভে ছাত্রছাত্রীদেরও মা’রধর ও পুলিশি লাঠিচার্জের ঘটনায় ক্ষো’ভ উগরে দিলেন অরিজিৎ সিং! কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারকে কী প্রশ্ন ছুঁড়লেন গায়ক?

দিল্লির যন্তর মন্তরে নিট ইউজি পরীক্ষা ঘিরে ওঠা বিতর্ক এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সোমবার বড়সড় বিক্ষোভের সাক্ষী থাকল রাজধানী। ‘সংসদ চলো’ কর্মসূচির ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। সেই কর্মসূচিতে বহু ছাত্রছাত্রী এবং আন্দোলনকারী অংশ নেন। তবে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় একাধিক ছাত্রছাত্রী আহত হওয়ার খবরও সামনে এসেছে। ঘটনার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এই ঘটনাকে কেন্দ্র করে শুধু রাজনৈতিক মহলই নয়, বিনোদন জগতের একাধিক পরিচিত মুখও সরব হয়েছেন। পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেতা রীতেশ দেশমুখ, অভিনেত্রী শাবানা আজমির মতো অনেকেই প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। সেই তালিকায় এবার নাম জুড়েছে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়েরও। সাধারণত রাজনৈতিক বিষয় নিয়ে খুব একটা প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না তাঁকে। তবে আরজি কর কাণ্ডের পর থেকে তাঁর ব্যক্তিগত বা ‘গুপ্ত’ সমাজমাধ্যম অ্যাকাউন্টে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে মাঝে মধ্যেই মত প্রকাশ করতে দেখা যাচ্ছে। দিল্লির ঘটনাতেও তিনি নীরব থাকেননি।

নিজের পোস্টে অরিজিৎ লেখেন, “এ বার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি একবারও লজ্জা করছে না? আর নেতা মন্ত্রীদের বলছি, কী চলছে এগুলো? আপনারা কি সত্যিই নিজেদের ঈশ্বর বলে ভাবতে শুরু করেছেন? সব কিছুর হিসাব মানুষ মনে রাখবে। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র স্থায়ী সত্য হল পরিবর্তন। হর হর মহাদেব।” তাঁর এই মন্তব্য খুব অল্প সময়ের মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন। আবার কেউ কেউ মনে করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে শিল্পীদের আরও বেশি করে মুখ খোলা উচিত।

এদিকে সোমবারের ঘটনার পর মঙ্গলবারও দিল্লিতে উত্তেজনা পুরোপুরি কমেনি। শহরের বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে। তবুও আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস কিংবা গ্রেপ্তারের আশঙ্কায় তাঁরা পিছিয়ে যাবেন না। সিজেপির প্রতিনিধিদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আন্দোলনে নিহত পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। সেই দাবিতেই আগামী দিনেও আরও বড় কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ “সবাইকে অনুরোধ করছি ওর জন্য প্রার্থনা করবেন…” সাহেব চট্টোপাধ্যায়ের পরিবারে গভীর শোকের ছায়া! ফাদার্স ডের দিনই মৃ’ত্যু! এক মাস পর নিজেই ভাগ করে নিলেন দুঃসংবাদ, কাকে হারালেন অভিনেতা?

দিল্লির এই ঘটনাকে ঘিরে এখন রাজনৈতিক এবং সামাজিক স্তরে জোর বিতর্ক চলছে। শিক্ষা ব্যবস্থা, ছাত্র আন্দোলন এবং পুলিশি ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এরই মধ্যে অরিজিৎ সিংয়ের মতো জনপ্রিয় শিল্পীর প্রকাশ্য প্রতিবাদ বিষয়টিকে আরও বেশি মানুষের নজরে এনে দিয়েছে। তাঁর পোস্ট ঘিরে যেমন সমর্থনের ঢেউ দেখা গিয়েছে, তেমনই বিপরীত মতও সামনে এসেছে। ফলে দিল্লির এই ছাত্র আন্দোলন এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে।

You cannot copy content of this page