দীর্ঘ ৭৭ দিনের অপেক্ষার অবসান, অবশেষে বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে বাইরের দুনিয়ায় ফিরেছেন অভিনেত্রী সোনামণি সাহা। টানা আড়াই মাস প্রতিযোগিতার ঘেরাটোপে থাকার পর কলকাতায় ফিরতেই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন অভিনেতা প্রতীক সেনের মা। দীর্ঘদিন পর সোনামণিকে সামনে পেয়ে আবেগ সামলাতে পারেননি তিনি। স্নেহভরে হাত ধরে কাছে টেনে নেওয়া থেকে শুরু করে তাঁকে আগলে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া, বিমানবন্দরের এই মুহূর্ত ঘিরেই ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। তবে শুধু স্বাগত জানানোই নয়, সোনামণিকে নিয়ে প্রতীকের মায়ের কথাতেও ধরা পড়েছে তাঁদের সম্পর্কের গভীরতা। ছোটপর্দার পরিচিত মুখ সোনামণি সাহা (Sonamoni Saha)।
অভিনয় জগতে নিজের দক্ষতা এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার ধারাবাহিকের পরিচিত গণ্ডি ছেড়ে বিগ বস বাংলার মতো একেবারে অন্য ধরনের মঞ্চে নিজেকে মেলে ধরেছিলেন অভিনেত্রী। দীর্ঘ ৭৭ দিন ধরে নানা পরিস্থিতি, বিতর্ক এবং প্রতিযোগিতার মধ্যেও নিজের অবস্থানে অনড় থাকার চেষ্টা করেছেন তিনি। আর সেই অভিজ্ঞতা শেষ করে বাড়ি ফেরার পর তাঁর পাশে যেভাবে দাঁড়ালেন প্রতীকের মা, তা নিঃসন্দেহে নজর কেড়েছে। সোনামণিকে সামনে পেয়েই প্রতীকের মায়ের প্রথমে তাঁকে ছুঁয়ে দেখতে ইচ্ছা হয়েছিল বলে জানান তিনি। শুধু তাই নয়, হবু বৌমার প্রশংসায় কার্যত পঞ্চমুখ অভিনেতার মা।
তাঁর কথায়, বিগ বসের মতো প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে অনেকেই নিজেদের নীতি-নৈতিকতার সীমা অতিক্রম করেছেন। কেউ কাউকে খারাপ কথা বলেছেন, কেউ আবার সম্পর্কের সমীকরণেও জড়িয়েছেন। কিন্তু এত কিছুর মধ্যেও সোনামণি নিজের কথায় অনড় থেকেছেন। মাথা উঁচু করে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন এবং মাথা উঁচু করেই সেখান থেকে বেরিয়ে এসেছেন। এই বিষয়টি তাঁদের কাছে অত্যন্ত গর্বের বলেও জানিয়েছেন তিনি। সোনামণির এই অবস্থান এবং ব্যক্তিত্ব নিয়েই যে তাঁরা খুশি, তা তাঁর কথাতেই স্পষ্ট। এখানেই শেষ নয়, সোনামণির রান্নারও বেশ ভক্ত প্রতীকের মা।
অভিনেত্রীর হাতে তাঁর সবচেয়ে পছন্দের খাবার বেগুন দিয়ে মাছের ঝোল। অন্যদিকে সোনামণিও জানিয়েছেন, রান্না করতে তিনি ভীষণ ভালোবাসেন। বিগ বসের ঘরে থাকার প্রথম এক মাস প্রায় টানা রান্নার দায়িত্ব সামলেছিলেন তিনি। এমনকী বেরিয়ে আসার আগের দু’সপ্তাহও সম্পূর্ণ ব্রেকফাস্টের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। পাশাপাশি বিগ বসের ঘরে সোনামণিকে ভোট দেওয়াও প্রতীকের মায়ের প্রতিদিনের কাজের মধ্যে অন্যতম ছিল। নিজে ভোট দেওয়ার পাশাপাশি পরিচিতদেরও অভিনেত্রীকে ভোট দেওয়ার কথা বলতেন তিনি। অন্যদিকে সোনামণিও জানিয়েছেন, প্রতীকের মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই বন্ধুর মতো।
আরও পড়ুনঃ হঠাৎ বিকট শব্দ, ভয়াবহ দুর্ঘ’টনার কবলে ঋতুপর্ণা সেনগুপ্ত! ম্যাটাডোরের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন, এখন কেমন আছেন অভিনেত্রী? জানালেন ঠিক কী ঘটেছিল?
শাশুড়ি-বৌমার প্রচলিত সমীকরণের বদলে তাঁদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেটাই যেন আরও একবার প্রকাশ্যে এল। উল্লেখ্য, প্রতীক সেন এবং সোনামণি সাহার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই অনুরাগীদের মধ্যে কৌতূহল রয়েছে। দু’জনের বিয়ের কথাও ইতিমধ্যে শোনা যাচ্ছে। অনেকের ধারণা, হয়তো চলতি ডিসেম্বরেই চার হাত এক হতে পারে। যদিও বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও কোনও নিশ্চিত ঘোষণা সামনে আসেনি। ফলে প্রতীক-সোনামণির বিয়ে কবে হয়, এখন সেটাই দেখার অপেক্ষা। তবে বিয়ের আগেই প্রতীকের মায়ের সঙ্গে সোনামণির এমন আন্তরিক সম্পর্ক দেখে অনুরাগীদের মনে যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, তা বলাই যায়।






