বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে এখন জমে উঠেছে ‘টিকিট টু ফিনালে’ জেতার লড়াই। একের পর এক কঠিন প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত ফাইনালের টিকিটের জন্য মুখোমুখি হয়েছিলেন অভিনেতা জিতু কমল এবং সৌরভ দাস। দীর্ঘক্ষণ ধরে চলা এই লড়াইয়ে দু’জনেরই ধৈর্য ও সহ্যশক্তির পরীক্ষা নেওয়া হয়। শেষ পর্যায়ের টাস্কে একটি রিকশায় পাশাপাশি বসে থাকতে হয়েছিল তাঁদের। নিয়ম অনুযায়ী, বাড়ির বাকি সদস্যরা নানা উপায়ে দু’জনকে বিরক্ত করতে পারবেন, যাতে প্রতিপক্ষ ধৈর্য হারিয়ে টাস্ক ছেড়ে দেন। তবে কোনওভাবেই প্রতিযোগীদের গায়ে ধাক্কা দেওয়া কিংবা রিকশা ঝাঁকানো নিষিদ্ধ ছিল। অর্থাৎ কৌশলে প্রতিপক্ষকে বিরক্ত করা গেলেও সরাসরি শারীরিকভাবে আঘাত করা বা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সুযোগ ছিল না। এই টাস্ক ঘিরেই শেষ পর্যন্ত এমন একটি ঘটনা ঘটে, যা নিয়ে এখন বিগ বসের বাড়ির পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে তুমুল আলোচনা।
টাস্ক চলাকালীন জিতু ও সৌরভকে রিকশা থেকে নামানোর জন্য নানা কৌশল অবলম্বন করেন বাড়ির অন্য সদস্যরা। অনুশ্রী ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা গরম করে তার ঝাঁজালো ধোঁয়া দু’জনের সামনে ছাড়তে থাকেন। অন্যদিকে, রাজবীর তাঁদের হাতে ফোম মাখিয়ে বিরক্ত করার চেষ্টা করেন। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে চলে প্রতিযোগিতা। দু’জনেই নিজেদের জায়গায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছিলেন। কিন্তু আচমকাই পরিস্থিতি বদলে যায়। সৌরভ যখন কিছুটা নীচের দিকে ঝুঁকেছিলেন, সেই সময় তাঁকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন জিতু। ধাক্কা দেওয়ার ঠিক আগে তাঁকে ‘সরি সৌরভ’ বলতেও শোনা যায়। এরপর রিকশার ছাউনি ভেঙে সশব্দে মাটিতে পড়ে যান সৌরভ। সঙ্গে সঙ্গে ছুটে আসেন বাড়ির অন্য সদস্যরা। দেখা যায়, পড়ে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা, এমনকী শরীরের একটি জায়গা কেটেও গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাগ ও যন্ত্রণায় ক্ষোভ প্রকাশ করেন সৌরভ। কারণ, তাঁর অভিযোগ, টাস্ক চলাকালীন জিতু তাঁকে কথা দিয়েছিলেন যে তিনি নিজে থেকে খেলা ছেড়ে দেবেন।
সৌরভের অভিযোগ অনুযায়ী, জিতু তাঁকে ‘শিবের দিব্যি’ কেটে কথা দিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় রিকশা থেকে নেমে যাবেন এবং সৌরভকে জিতিয়ে দেবেন। যদিও সৌরভ নিজেই জিতুকে এমন কোনও প্রতিশ্রুতি দিতে নিষেধ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, খেলায় হারজিত থাকবেই, তাই কাউকে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু শেষ পর্যন্ত জিতুর ধাক্কাতেই টাস্ক থেকে ছিটকে যান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ির সদস্যদের মধ্যেও মতবিরোধ দেখা যায়। রণিতা ও নিরঞ্জন জিতুর এই আচরণে অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, সৃজলা ও রাজবীরের মতে, খেলার মধ্যে জেতার জন্য কৌশল অবলম্বন করতেই পারেন জিতু। তবে সৌরভের চোট এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক আরও বাড়ে। উল্লেখযোগ্য বিষয়, সমস্ত রাগ, দুঃখ ও যন্ত্রণা সত্ত্বেও শেষ পর্যন্ত খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে জিতুর সঙ্গে হাত মিলিয়ে টাস্ক থেকে সরে যান সৌরভ। আর এই জয়ের সুবাদেই ‘টিকিট টু ফিনালে’ নিজের নামে করেন জিতু।

ঘটনার পরেই নেটপাড়ায় শুরু হয় সমালোচনা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল সৌরভের স্ত্রী, অভিনেত্রী দর্শনা বণিকের (Darshana Banik) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ফেসবুকে দর্শনা লেখেন, ‘এটা লজ্জাজনক।’ যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি কিংবা ঘটনার বিস্তারিত ব্যাখ্যাও দেননি, তবে নেটিজেনদের একাংশের ধারণা, স্বামীর সঙ্গে টাস্কে ঘটে যাওয়া এই ঘটনাকেই ইঙ্গিত করেছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। অন্যদিকে, জিতু কমলের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী নবনীতা দাসের (Nabanita Das) একটি পোস্টও নজর কেড়েছে নেটিজেনদের। সামাজিক মাধ্যমে নাম না করেই তিনি লেখেন, ‘ভণ্ডামির একটা লিমিট থাকে…’। সঙ্গে জুড়ে দেন কয়েকটি জোকারের ইমোজি। যদিও নবনীতা সরাসরি জিতুর নাম উল্লেখ করেননি বা পোস্টের কারণ ব্যাখ্যা করেননি, তবুও দর্শকদের একাংশের ধারণা, এই মন্তব্যের নিশানায় রয়েছেন অভিনেতা। ফলে একই ঘটনাকে কেন্দ্র করে জিতুর বর্তমান ও প্রাক্তন ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেও নতুন করে চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত, বিগ বসের ঘরে জিতু ও সৃজলার সমীকরণ নিয়েও এর আগে মুখ খুলেছিলেন নবনীতা। গত ৬ নভেম্বর জিতু সৃজলাকে ভালোবাসার কথা জানানোর পর তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নবনীতা জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে তিনি বিগ বস দেখার সুযোগ পাচ্ছেন না। বাড়ির ইন্টিরিয়র ও রিনোভেশনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বগুলি তাঁর দেখা হয়নি। তবে এর আগে মাঝেমধ্যে বিগ বস দেখেছেন এবং প্রতিযোগীদের খেলা ভালো লাগার কথাও জানিয়েছিলেন। তাই জিতু ও সৃজলার বর্তমান সম্পর্ক নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে এবার জিতুর সৌরভকে ধাক্কা দেওয়ার ঘটনার পর তাঁর রহস্যময় পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে। উল্লেখ্য, এর আগেও জিতু ও সৃজলার সম্পর্ক নিয়ে নবনীতার মন্তব্য ঘিরে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছিল। তবে এবারের পোস্টে তিনি কারও নাম না করায় সেটিকে সরাসরি জিতুকে উদ্দেশ্য করে লেখা বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ “সৌরভের বিপদে সবার আগে ছুটে গিয়েছিল রাজবীরই, নিজের হুডি খুলে দিয়েছিল, দোষ দেওয়া হচ্ছে তাঁকেই!” “ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ পিছন থেকে ছু*রি মেরে ডাবল স্ট্যান্ডার্ড খেলছে সৌরভ!” রাজবীরের বুদ্ধিতে জিতুর ধাক্কা? জিতু ও সৌরভের রিকশা কাণ্ডে রাজবীরকে দোষারোপ করায় ক্ষু’ব্ধ দর্শকদের একাংশ! আপনাদের কী মতামত?
এদিকে, টাস্ক জেতার পরেও জিতুর আচরণ নিয়ে বিতর্ক থামেনি। বরং আরও একটি ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে। টিকিট টু ফিনালে জেতার পর জিতু বিগ বসের কাছে সেই টিকিট ফিরিয়ে নেওয়ার আবেদন জানান। তাঁর বক্তব্য, তিনি আগামী দু’সপ্তাহ নিজের লড়াইয়ের মাধ্যমে ফাইনালে পৌঁছতে চান। জিতু বলেন, “যদি এটার ফলে কোনও নিয়ম না ভাঙে, তবে বিগ বস আপনি টিকিট টু ফিনালেটা নিয়ে নিন। শনিবার আমি দাদার দরবারেও দিয়ে দিতে পারি। যেটা বলবেন। আমি আগামী দু’টো সপ্তাহ ফাইট করেই ফাইনালে যেতে চাই। যদি সম্ভব হয় আপনার পক্ষে, তাহলে এটা করুন প্লিজ।” অর্থাৎ টাস্ক জিতে প্রথম ফাইনালিস্ট হওয়ার সুযোগ পেলেও সেই সুযোগ ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা। তবে বিগ বস তাঁর এই আবেদন মঞ্জুর করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। একদিকে সৌরভকে ধাক্কা দেওয়ার ঘটনা, অন্যদিকে দর্শনা ও নবনীতার সোশ্যাল মিডিয়া পোস্ট, সব মিলিয়ে জিতুকে ঘিরে বিতর্ক এখন তুঙ্গে।






