পর্দায় দেবতার চরিত্রে অভিনয়, বাস্তবেও পায়ে হাত দিয়ে প্রণাম করেন ভক্তরা! সব্যসাচী থেকে অরুণ গোভিল, তালিকায় রয়েছেন কারা?

পর্দায় কখনও রাম, কখনও কৃষ্ণ, কখনও মা তারা কিংবা বামাখ্যাপা। অভিনয়ের দক্ষতায় এই চরিত্রগুলিকে এমনভাবে জীবন্ত করে তুলেছেন কয়েকজন অভিনেতা যে, দর্শকদের একাংশের কাছে পর্দার পরিচয়ই হয়ে উঠেছে তাঁদের বাস্তব পরিচয়। প্রিয় অভিনেতাকে সামনে দেখলে কেউ আবেগে কেঁদে ফেলেন, কেউ আবার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এমনকী অনেক সময় অভিনেতাদেরও পরিস্থিতি সামলাতে বেশ অসুবিধায় পড়তে হয়। সম্প্রতি ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির বিশেষ প্রদর্শনীতে এমনই এক আবেগঘন দৃশ্য দেখা গিয়েছে। বামাখ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরীকে সামনে পেয়ে কয়েকজন দর্শক তাঁর পায়ে লুটিয়ে পড়েন। কেউ আবার তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ছবিতে মা তারার ভূমিকায় অভিনয় করা পায়েল দে-কেও প্রণাম করতে এগিয়ে আসেন দর্শকরা। তাঁদের এমন ভালোবাসা দেখে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রীও।

তবে এই ধরনের ঘটনা নতুন নয়। বহু বছর ধরেই পৌরাণিক চরিত্রে অভিনয় করা শিল্পীদের বাস্তব জীবনেও দেবতার আসনে বসিয়েছেন দর্শকদের একাংশ। ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল ‘জয় সন্তোষী মা’। ছবিটি দর্শকদের মধ্যে এমনই জনপ্রিয়তা পেয়েছিল যে, অনেকেই প্রেক্ষাগৃহে যাওয়ার আগে জুতো খুলে রাখতেন। ছবিতে সন্তোষী মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনিতা গুহ। তাঁর অভিনয় দর্শকদের মনে এতটাই প্রভাব ফেলেছিল যে, অনেকে বাস্তব জীবনেও তাঁকে দেবী হিসেবে দেখতে শুরু করেন। অভিনেত্রীর বাড়িতে আশীর্বাদ নিতে যেতেন বহু মানুষ। রাস্তায় তাঁকে দেখতে পেলেও পায়ে হাত দিয়ে প্রণাম করতেন কেউ কেউ। অর্থাৎ পর্দার চরিত্র আর বাস্তবের মানুষটির মধ্যে যেন কোনও পার্থক্যই খুঁজে পেতেন না তাঁরা।

এরপর আসে রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এর প্রসঙ্গ। ১৯৮৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিকের রাম চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল। তাঁর অভিনয় দর্শকদের মনে এমন ছাপ ফেলেছিল যে, বহু বছর পরেও তাঁকে সামনে দেখলে অনেকে রামের সঙ্গেই এক করে ফেলেন। ২০২২ সালে বিমানবন্দরে এক মহিলা অরুণকে দেখে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পরিস্থিতি সামলাতে অভিনেতা নিজেই এগিয়ে আসেন এবং পরে মহিলার গলায় ওড়না পরিয়ে দেন। শুধু ভারতেই নয়, মরিশাসেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটার সময় কয়েকজন অনুরাগী তাঁকে চিনতে পেরে গাড়ি থেকে নেমে সাষ্টাঙ্গে প্রণাম করেন। ওই ধারাবাহিকেই সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া। তাঁর ক্ষেত্রেও পর্দার চরিত্রের প্রভাব এতটাই গভীর ছিল যে, বাস্তব জীবনেও অনেকে তাঁকে সীতা বলে ভাবতেন। এমনকী এক বিমানসেবিকা বিশ্বাসই করতে চাননি যে দীপিকার দুই কন্যাসন্তান রয়েছে।

২০০৮ সালে নতুন করে তৈরি হওয়া ‘রামায়ণ’-এ রাম ও সীতার চরিত্রে অভিনয় করেছিলেন গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়। তাঁদের স্বয়ম্বরের দৃশ্যের শুটিংয়ের পর উপস্থিত দর্শক ও সাধারণ মানুষ তাঁদের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন বলে জানিয়েছেন দেবিনা। অন্যদিকে, ‘সূর্যপুত্র কর্ণ’ ধারাবাহিকে কৃষ্ণের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন সৌরভ পাণ্ডে। একবার শুটিং দেখতে আসা এক বৃদ্ধ তাঁর সঙ্গে ছবি তোলার পর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অভিনেতা তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি কৃষ্ণ নন, শুধুই একজন শিল্পী। ‘মহাভারত’-এ কৃষ্ণের চরিত্রে অভিনয় করা নীতীশ ভরদ্বাজের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। এক মন্দিরে কয়েকজন প্রবীণ মহিলা তাঁকে আশীর্বাদ করতে শুরু করেন। তাঁদের বিশ্বাস ছিল, ঈশ্বরই তাঁকে এই চরিত্রের জন্য বেছে নিয়েছেন।

আরও পড়ুনঃ “ও বোকা নয়, সামনের সপ্তাহে বুঝিয়ে দেবে ও কী জিনিস!” ওস্তাদের মার শেষ রাত্তিরে? জিতুর পাশে দাঁড়িয়ে মন্তব্য সুদীপা চট্টোপাধ্যায়ের! “অসভ্যতার একটা সীমা থাকে!” সৃজলাকে পোশাক নিয়ে করলেন তুলোধোনা! বাবলাতলা টাস্কে প্রশংসায় পঞ্চমুখ সঞ্চালিকা, কী লিখলেন বাকিদের নিয়ে?

শিবের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া মোহিত রায়নাও এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এক প্রবীণ মহিলা তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে এগিয়ে এলে অভিনেতা প্রথমে বাধা দিয়েছিলেন। কিন্তু মহিলার উত্তর শুনে আর কিছু বলতে পারেননি তিনি। ওই মহিলা জানিয়েছিলেন, তিনি মোহিতকে নয়, তাঁর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করছেন। সাম্প্রতিক সময়ে সীতা চরিত্রে অভিনয় করা সাই পল্লবীর সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। শুটিং শেষ করে সাজঘরে ফেরার সময় তাঁর ভাষা প্রশিক্ষক পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অন্যদিকে, কন্নড় চলচ্চিত্রের কিংবদন্তি রাজকুমারও পৌরাণিক ও ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শকদের কাছে দেবতুল্য মর্যাদা পেয়েছিলেন। ‘সিয়া কে রাম’ ধারাবাহিকে হনুমানের চরিত্রে অভিনয় করা দানিশ আখতারও নিজের গ্রামে ফিরে পুরোহিতদের কাছ থেকে প্রণাম পেয়েছিলেন। সব মিলিয়ে স্পষ্ট, কিছু চরিত্র শুধু পর্দাতেই আটকে থাকে না, দর্শকের বিশ্বাস ও আবেগের সঙ্গে মিশে গিয়ে অভিনেতাদের জীবনেও তৈরি করে এক অন্য পরিচয়।

You cannot copy content of this page