রিয়্যালিটি শো বিগ বস বাংলা যত এগোচ্ছে, ততই শোয়ের অন্দরমহল নিয়ে দর্শকদের কৌতূহল বাড়ছে। বিশেষ করে সপ্তাহান্তে ‘দাদার দরবার’ পর্বে প্রতিযোগীদের সাজগোজ, পোশাক এবং চুলের স্টাইল নজর কাড়ে দর্শকদের। অনেকেই প্রশ্ন করেন, বাড়ির ভিতরে যেখানে বাইরের জগতের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, সেখানে প্রতিযোগীদের এত সুন্দর করে সাজিয়ে দেন কারা? তাঁদের কি আলাদা করে মেকআপ আর্টিস্ট কিংবা হেয়ার স্টাইলিস্ট দেওয়া হয়? নাকি নিজেরাই সবটা সামলান? সম্প্রতি এই প্রশ্নই সোশ্যাল মিডিয়ায় তুলেছিলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। প্রতিযোগীদের পরিপাটি চুলের সাজ দেখে তাঁরও মনে হয়েছিল, এর পিছনে নিশ্চয়ই কোনও পেশাদার হেয়ার স্টাইলিস্ট রয়েছেন। এবার সেই জল্পনার উত্তর দিলেন বিগ বস বাংলা থেকে সদ্য বেরিয়ে আসা অভিনেত্রী রণিতা দাস।
প্রতিযোগীদের সাজগোজ নিয়ে সুদীপা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি বিগ বস বাংলার প্রতিযোগীদের চুলের স্টাইল দেখে নিজের বিস্ময় প্রকাশ করেন। তাঁর প্রশ্ন ছিল, এত সুন্দর এবং গোছানো চুলের সাজ প্রতিযোগীরা নিজেরাই করেন, নাকি তাঁদের জন্য বাইরে থেকে কেউ আসেন? পোস্টে সুদীপা লেখেন, ‘Big Boss বাংলা এ- সবার অতো পরিষ্কার-ঝকঝকে চুলের স্টাইল কে করে দেয়? সবাই নিজে নিজে, অতো ভালো কেশসজ্জা করে নিতে পারলে- তো আর হেয়ার স্টাইলিস্টের দরকারই পড়বে না।’ তাঁর এই মন্তব্য সামনে আসতেই নেটপাড়াতেও শুরু হয় আলোচনা। অনেকের মনেই প্রশ্ন জাগে, সপ্তাহান্তের বিশেষ পর্বে প্রতিযোগীদের সাজানোর জন্য কি আলাদা ব্যবস্থা থাকে? বাইরে থেকে মেকআপ আর্টিস্ট কিংবা হেয়ার স্টাইলিস্ট কি সত্যিই বিগ বসের বাড়িতে প্রবেশ করেন? এতদিন এই বিষয়টি নিয়ে নানা ধারণা তৈরি হলেও সঠিক উত্তর জানা যায়নি।
বিগ বসের ঘর থেকে বেরিয়ে এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন রণিতা দাস। অভিনেত্রী জানান, প্রথমদিকে তাঁরও ধারণা ছিল, প্রতিযোগীদের সাজিয়ে দেওয়ার জন্য হয়তো বাইরে থেকে মেকআপ আর্টিস্ট বা হেয়ার স্টাইলিস্ট আসেন। এমনকী বিষয়টি নিয়ে শোয়ের টিমের সঙ্গে তাঁর কথাকাটাকাটিও হয়েছিল। তাঁকে বারবার জানানো হয়েছিল, বিগ বসের বাড়িতে মেকআপ আর্টিস্ট নিয়ে যাওয়ার অনুমতি নেই। রণিতাকে বলা হয়েছিল, ভিতরে গিয়ে যদি দেখেন অন্য প্রতিযোগীদের জন্য মেকআপ আর্টিস্ট আসছেন, তাহলে তাঁর ক্ষেত্রেও সেই ব্যবস্থা করা হবে। এই আশ্বাস পাওয়ার পরেই বিষয়টি নিয়ে তর্ক করতে করতে ঘরে প্রবেশ করেন অভিনেত্রী। কিন্তু ভিতরে গিয়ে তিনি বুঝতে পারেন, প্রতিযোগীদের সাজিয়ে দেওয়ার জন্য আলাদা করে কেউ আসেন না। প্রত্যেককেই নিজেদের সাজগোজের দায়িত্ব নিজেরাই সামলাতে হয়।
এই প্রসঙ্গে রণিতা স্পষ্ট করে জানান, বিশেষ পর্বের জন্য বাইরে থেকে শুধু পোশাক পাঠানো হয়। চুল সাজানো কিংবা মেকআপ করে দেওয়ার জন্য কোনও ডিজাইনার বা পেশাদার ব্যক্তি বিগ বসের ঘরে যান না। অভিনেত্রীর কথায়, ‘কেউ নেই কোনো ডিজাইনার, যে লুক করে দিচ্ছে বা মেকআপ হেয়ার কেউ এসে করে দিচ্ছে, এটা এরকম নয়। শুধুমাত্র ওই যে স্পেশাল জামাগুলো, ওই জামাগুলোই আসে আর কিচ্ছু আসে না। তোমারটা তোমাকেই ম্যানেজ করতে হবে।’ অর্থাৎ, শনিবার ও রবিবারের বিশেষ অনুষ্ঠানের জন্য প্রতিযোগীরা নির্দিষ্ট পোশাক পেলেও সাজগোজের বাকি দায়িত্ব তাঁদের নিজেদেরই। রণিতার এই বক্তব্যে প্রতিযোগীদের ঝকঝকে লুকের পিছনে কোনও গোপন মেকআপ টিম থাকার জল্পনায় কার্যত ইতি পড়ল। পাশাপাশি জানা গেল, বাড়ির ভিতরে নিজেদের দক্ষতা এবং একে অপরের সাহায্যেই সাজিয়ে তোলেন প্রতিযোগীরা।
আরও পড়ুনঃ পর্দায় দেবতার চরিত্রে অভিনয়, বাস্তবেও পায়ে হাত দিয়ে প্রণাম করেন ভক্তরা! সব্যসাচী থেকে অরুণ গোভিল, তালিকায় রয়েছেন কারা?
তবে এই সাজগোজের ক্ষেত্রে বাড়ির অন্য প্রতিযোগীদের সাহায্যও যে গুরুত্বপূর্ণ, তা রণিতার কথাতেই স্পষ্ট। অভিনেত্রী জানান, মনামী ঘোষ এবং সোনামণি সাহা দু’জনেই মেকআপ করতে যথেষ্ট দক্ষ। বাড়ির ভিতরে থাকাকালীন সোনামণি তাঁকে প্রতি শনি ও রবিবার সাজিয়ে দিতেন। সোনামণি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তাঁর চুলের দায়িত্ব নেন মনামী। রণিতার কথায়, মনামী এবং সোনামণি নিজেরাই এত সুন্দর করে মেকআপ করতে পারেন যে তাঁদের জন্য আলাদা করে কাউকে প্রয়োজন হয় না। অর্থাৎ বিগ বসের বাড়িতে প্রতিযোগীদের সুন্দর সাজের পিছনে রয়েছে তাঁদের নিজেদের হাতের কাজ এবং একে অপরকে সাহায্য করার অভ্যাস। বাইরে থেকে হেয়ার স্টাইলিস্ট বা মেকআপ আর্টিস্ট না গেলেও, বাড়ির ভিতরেই এক প্রতিযোগী অন্য প্রতিযোগীর সাজের দায়িত্ব নিয়ে নেন। রণিতার অভিজ্ঞতা থেকে জানা গেল, ‘দাদার দরবার’-এর ঝলমলে সাজের পিছনে কোনও বাইরের টিম নয়, বরং প্রতিযোগীদের নিজেদের দক্ষতাই আসল ভরসা।






