ছোটপর্দায় এক অধ্যায় শেষ হতেই আরেক নতুন যাত্রার ইঙ্গিত। জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগা সম্প্রতি বড়সড় বদলের সাক্ষী হয়েছে। সময় পরিবর্তনের পাশাপাশি শেষ হয়েছে সাক্ষ্য এবং ঝিলের গল্প। ফলে দর্শকের প্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং মধুমিতা সরকারকে আর দেখা যাচ্ছে না পর্দায়। তাঁদের জায়গায় এখন গল্পের কেন্দ্রে শ্বেতা মিশ্র, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধার্থ। নতুন ত্রিকোণ প্রেমের আবহ তৈরি হলেও অনেকের মনেই প্রশ্ন ছিল, তাহলে নীল এবার কোথায়? সেই জল্পনারই যেন উত্তর মিলতে শুরু করেছে টেলিপাড়ায়।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ভোলে বাবা পার করেগা শেষ হতেই নীল ভট্টাচার্য আবার ফিরতে চলেছেন একেবারে নতুন রূপে। সূত্র বলছে, তিনি আবারও স্টার জলসার পর্দাতেই কামব্যাক করবেন। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ ঘূর্ণি নামের একটি নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সেই প্রোমো ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে দর্শকদের মধ্যে। সেখানে দেখা গিয়েছে ভারতের জার্সি পরা এক মহিলা ক্রিকেটার মাঠে নামছেন, তবে কারও মুখ স্পষ্ট করে দেখানো হয়নি। রহস্য আরও ঘনীভূত হয়েছে এই কারণেই।
শোনা যাচ্ছে, এই ঘূর্ণি ধারাবাহিকেই নায়কের ভূমিকায় দেখা যেতে পারে নীলকে। যদিও চ্যানেল বা অভিনেতার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু জল্পনা তুঙ্গে। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছিল। এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে, সম্ভবত এক অনুপ্রেরণামূলক কাহিনিতে তাঁকে দেখতে পাওয়া গেলে তা নিঃসন্দেহে নতুন চমক হবে। বিশেষ করে ক্রিকেটভিত্তিক গল্প ছোটপর্দায় খুব বেশি দেখা যায় না, তাই এই প্রয়াস নিয়ে আগ্রহ আরও বেশি।
সবচেয়ে বড় প্রশ্ন, নীলের বিপরীতে কে থাকছেন? জানা যাচ্ছে, এবার তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এক নবাগত মুখ। যদিও অভিনয় জগতে তিনি একেবারে নতুন নন। ফ্যাশন দুনিয়ায় ইতিমধ্যেই পরিচিত নাম রেশমা মণ্ডল। পেশায় মডেল রেশমা এর আগে গীতা এলএলবি ধারাবাহিকে কাজ করেছেন। এবার তাঁকে ঘূর্ণির মুখ্য চরিত্রে দেখা যেতে পারে বলেই খবর। গ্ল্যামার আর খেলাধুলার মিশেলে তৈরি এই গল্পে তাঁর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকেই।
আরও পড়ুনঃ ছুটি কাটাতে গিয়ে যু’দ্ধ পরিস্থিতির মধ্যে আটকে শুভশ্রী! দুবাইয়ের হোটেলের আশেপাশে বি’স্ফোরণ, ছেলে ইউভানকে নিয়ে বাইরে বেরোতে পারছেন না অভিনেত্রী! সেখানকার পরিস্থিতিতে কেমন আছেন, জানিয়েছে পরিবার?
তবে সবটাই এখনও সূত্রনির্ভর খবর। নায়ক, নায়িকা কিংবা চ্যানেল কর্তৃপক্ষের তরফে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষাই একমাত্র উপায়। তবু টেলিপাড়ায় যে নতুন উত্তেজনার হাওয়া বইতে শুরু করেছে, তা স্পষ্ট। ভোলে বাবার অধ্যায় শেষ হলেও নীলের যাত্রা যে থেমে থাকছে না, বরং আরও বড় কিছুর প্রস্তুতি চলছে, সেই আভাসই মিলছে চারদিকে। এখন দেখার, ঘূর্ণি সত্যিই কতটা ঝড় তোলে ছোটপর্দার আকাশে।






