“আজকালকার সিরিয়ালে কোনও কিছুই স্বাভাবিক নয়, পোশাক-আশাক থেকে সময়…সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও বার্তাই নেই” চাঁচাছোলা সোমা বন্দোপাধ্যায়! গল্পের বাস্তবতা হারিয়েই শুধু সাজগোজ আর নেতিবাচকতাকে ভরসা করে এগোচ্ছে বাংলা ধারাবাহিক? শিক্ষণীয় গল্প কি সত্যিই আর নেই বর্তমান ধারাবাহিক গুলোতে?

বাংলা টেলিভিশনের ধারাবাহিক দীর্ঘদিন ধরেই দর্শকদের বিনোদনের অন্যতম বড় মাধ্যম। পারিবারিক গল্প, সম্পর্কের টানাপোড়েন, আবেগ এবং নাটকীয়তায় ভর করে প্রতিদিনের পর্দায় একের পর এক গল্প তুলে ধরা হয়। তবে ধারাবাহিকের গল্প ও চরিত্র কতটা বাস্তবসম্মত, তা নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে। বিশেষ করে চরিত্রের পোশাক, সাজসজ্জা, সময়ের সঙ্গে সামঞ্জস্য এবং বিভিন্ন দৃশ্যের উপস্থাপনা নিয়ে দর্শকদের একাংশেরও আপত্তি রয়েছে। এবার সেই একই প্রসঙ্গে সরব হলেন অভিনেত্রী সোমা ব্যানার্জি।

অভিনয় জগতের পরিচিত মুখ সোমা ব্যানার্জি দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে কাজ করছেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলা ধারাবাহিকের বর্তমান ধরন নিয়ে নিজের মতামত স্পষ্টভাবে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, সিরিয়াল, থিয়েটার এবং সিনেমার মধ্যে কোনও তুলনাই চলে না। কারণ সিনেমা বা থিয়েটারের তুলনায় ধারাবাহিকে অনেক ক্ষেত্রেই স্বাভাবিকতার জায়গাটি বজায় থাকে না। বিশেষ করে চরিত্রের সাজপোশাক এবং দৃশ্যের সঙ্গে তার সামঞ্জস্য নিয়ে আপত্তি রয়েছে তাঁর।

সোমা জানান, অনেক সময় ধারাবাহিকে এমন দৃশ্য দেখানো হয়, যা চরিত্রের পরিস্থিতির সঙ্গে একেবারেই মানানসই নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনও ধারাবাহিকে যদি তিনি জেঠিমা বা মামির মতো কোনও চরিত্রে অভিনয় করেন এবং গল্পে মাঝরাতে কোনও দৃশ্য থাকে, সেখানেও তাঁকে অতিরিক্ত সাজগোজ, ডিপ লিপস্টিক বা পরিপাটি মেকআপে দেখা যেতে পারে। আবার সন্ধ্যা প্রদীপ দিতে যাওয়ার দৃশ্যে বাস্তব জীবনে মা-পিসিদের মাথায় ঘোমটা দিয়ে যাওয়ার যে স্বাভাবিক ছবি দেখা যায়, ধারাবাহিকে অনেক সময় তার বদলে সম্পূর্ণ অন্য ধরনের সাজ ও উপস্থাপনা থাকে। অভিনেত্রীর মতে, এমন পরিস্থিতিতে গল্পে বাস্তব জীবনের ছোঁয়াটাই হারিয়ে যায়।

তবে এই বিষয়গুলিতে তিনি চুপ করে থাকেন না বলেও জানিয়েছেন সোমা। তাঁর বক্তব্য, রাইটার ও ডিরেক্টরের সঙ্গে তিনি নিয়মিত কথা বলার চেষ্টা করেন। নিজের পছন্দের মতো দৃশ্য অভিনয় করে দেখানোর পাশাপাশি লেখক-পরিচালক যে দৃশ্য লিখেছেন, সেটিও করে দেন। এরপর তাঁদের যে অভিনয় বা দৃশ্যটি বেশি পছন্দ হবে, সেটিই চূড়ান্ত করার কথা বলেন তিনি। প্রতিমুহূর্তে এই ধরনের দৃশ্য নিয়ে প্রতিবাদ জানালেও অনেক সময় তাঁকে বলা হয়, “দিদি, এটা চ্যানেল থেকে বলেছে।” সেক্ষেত্রে তাঁর মনে হয়, সামান্য কিছু পরিবর্তন করে যদি তাঁদেরও উপকার হয়, তাহলে তা করে দিতে আপত্তি কোথায়!

আরও পড়ুনঃ ৪০ বছরের অভিনয় জীবনের পর এবার বাস্তবের কঠিন লড়াই ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের! হিপের বড় অস্ত্রোপচার, হাসপাতালের বেডে শুয়েও অভিনেতার মুখে সেই চেনা হাসি! বাবার কঠিন লড়াইয়ে আবেগপ্রবণ ছেলে ইন্দ্র, বললেন ‘তুমি সত্যিই একজন ফাইটার’! ঠিক কী হয়েছিল, এখন কেমন আছেন তিনি?

সবশেষে বাংলা ধারাবাহিকের গল্প নিয়েও হতাশা প্রকাশ করেছেন সোমা ব্যানার্জি। অভিনেত্রীর মতে, বর্তমান সময়ে এমন গল্প খুব একটা দেখা যাচ্ছে না, যা সমাজকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে পারে। তাঁর বক্তব্যে তাই শুধু অভিনয়ের অভিজ্ঞতা নয়, বাংলা ধারাবাহিকের গল্প ও উপস্থাপনার বর্তমান ধরন নিয়েও এক ধরনের প্রশ্ন উঠে এসেছে। দর্শকদের বিনোদনের পাশাপাশি ধারাবাহিক কি সমাজের বাস্তবতাকে তুলে ধরার এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা দেওয়ার দায়িত্বও নিতে পারে না সোমার মন্তব্য যেন সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে।

You cannot copy content of this page