“টেবিলটা কি এবার উল্টে গেল?” “বিগত সরকারের সঙ্গে সরাসরি যুক্ত আমি, বেশ ভয়ে আছি…” কর্মসূত্রে অরূপ বিশ্বাসের সঙ্গে আলাপ, স্বরূপের সঙ্গে কোনও সম্পর্ক নেই! নতুন সরকার আসতেই পাল্টি খেলেন নাকি অনন্যা বন্দ্যোপাধ্যায়?

টলিপাড়ায় অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকে ঘিরে চলা বিতর্ক নিয়ে এখন নানা মহলে আলোচনা চলছে। বিশেষ করে ফেডারেশনের কাজের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ইন্ডাস্ট্রির একাংশ। এই পরিস্থিতিতে অভিনেত্রী তথা তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মতামত জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানান, তিনি ফেডারেশনের সঙ্গে যুক্ত নন। তাই সেই বিষয়ে সরাসরি মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে অরূপ বিশ্বাসের সঙ্গে রাজনৈতিক কাজের অভিজ্ঞতার কথা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়েও নিজের আশঙ্কার কথা খোলাখুলি জানিয়েছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য এখন টলিপাড়ায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অনন্যা বলেন, “আমি ফেডারেশনের সঙ্গে ছিলাম না। ফেডারেশনের কথা সত্যিই বলতে পারব না। স্বরূপ বিশ্বাসের সঙ্গে খুব কম যোগাযোগ। বিষয়টা জানি না।” অভিনেত্রীর কথায়, এই বিষয়ে তিনি খুব বেশি জানেন না বলেই মন্তব্য করতে চান না। তবে অরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর রাজনৈতিক কাজের অভিজ্ঞতা রয়েছে বলেও জানান তিনি। অনন্যা বলেন, “বিগত মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কাজ করার অনেক সুযোগ হয়েছে। উনি যাদবপুর বিধানসভার অবজার্ভারও ছিলেন। এগুলো রাজনৈতিক কাজ সংক্রান্ত, সেই বিষয়ে বলতে পারি।” পাশাপাশি তিনি আরও স্পষ্ট করে দেন যে টলিউডের সংগঠন বা ফোরামের কাজের সঙ্গে তিনি সরাসরি জড়িত নন।

রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরেই অভিনয় জগতেও পরিচিত মুখ অনন্যা বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ার একাধিক জনপ্রিয় পরিচালক ও অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। দেবের সঙ্গে যেমন একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে, তেমনই কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের সঙ্গে। ফলে টলিউডের পরিবেশ ও কাজের পরিস্থিতি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা যথেষ্ট। আর সেই কারণেই সরকার পরিবর্তনের পর ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে তাঁর উদ্বেগও সামনে এসেছে। বর্তমানে টলিপাড়ায় যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তা নিয়ে অনন্যার বক্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সরকার বদলের পর ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ নিয়ে প্রশ্ন উঠতেই অনন্যা বলেন, “আমার শুধু একটাই আশঙ্কা, যাঁরা বলছিলেন এত দিন কাজ পাইনি, এবার কি টেবিলটা ঘুরে গেল? মানে যাঁরা বিগত সরকারে ছিল, তাঁরা কি আর কাজ পাবে না? প্রশ্ন রইল।” অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। তিনি আরও বলেন, “আমি কাজ পেলে বুঝতে পারব, নতুন সরকার এসে যা বলছেন, তাই।” তাঁর কথায় স্পষ্ট, বর্তমান পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে তিনি এখনও নিশ্চিত নন। সময়ের সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি পরিষ্কার হবে বলেই মনে করছেন অনন্যা।

আরও পড়ুনঃ “আর্থিক সঙ্কটে পড়েছি, বাড়ি বিক্রির কথা ভেবেছি” “তৃণমূল এবার ক্ষমতায় আসলে স্বরূপ বিশ্বাসের বিহিত হতোই” ক্ষমা চেয়েও রেহাই পাননি, নিজেকে বাঁচাতে করেছেন ‘সেটেলমেন্ট’! প্রাক্তন সরকার, অন্দরমহলের চাপ ও অপমান নিয়ে মুখ খুললেন পরমব্রত চট্টোপাধ্যায়?

কাজ পাওয়া নিয়ে নিজের ব্যক্তিগত উদ্বেগের কথাও এদিন প্রকাশ্যে জানিয়েছেন অভিনেত্রী। অনন্যা বলেন, “আমি তো বেশ ভয়ে আছি। আমি তো কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর। বিগত সরকারের সঙ্গে সরাসরি যুক্ত। তা হলে কি এবার আমার কাজ পেতে অসুবিধা হবে?” এখানেই থামেননি তিনি। আরও বলেন, “তাঁরা যেরকম বলছেন, কাজ পাইনি, পাইনি, তা হলে এখন কি বিষয়টা উল্টে যাবে? জানি না। সময় বলবে।” অনন্যার এই অকপট মন্তব্য ঘিরে এখন টলিউডে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পালাবদলের প্রভাব ইন্ডাস্ট্রিতে কতটা পড়বে, সেই প্রশ্নও আবার সামনে উঠে এসেছে।

You cannot copy content of this page