টেলিভিশনের দুনিয়ায় সুযোগ পাওয়া যতটা কঠিন, সেই জায়গাটা দীর্ঘদিন ধরে ধরে রাখা তার থেকেও অনেক বড় চ্যালেঞ্জ। প্রতিদিন অসংখ্য নতুন মুখ ছোটপর্দায় আসেন, কেউ কেউ নিজের অভিনয় দিয়ে দর্শকের মনেও জায়গা করে নেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই এমনভাবে হারিয়ে যান, যেন তারা কোনওদিন এই ইন্ডাস্ট্রির অংশই ছিলেন না। একসময় যাদের ছাড়া ধারাবাহিক ভাবাই যেত না, আজ তাদের খোঁজ পর্যন্ত মেলে না। ঠিক তেমনই এক অভিনেতা হলেন ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ শুকদেব ঘোষ। একটা সময় দর্শকের ঘরে ঘরে পরিচিত নাম হলেও আজ তিনি যেন সম্পূর্ণ অন্তরালে।
২০১০ সালে স্টার জলসায় সম্প্রচার শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘সংসার সুখের হয় রমণীর গুণে’। সেই সময় এই সিরিয়ালটি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। পারিবারিক গল্প, সম্পর্কের টানাপোড়েন আর আবেগে ভরা এই ধারাবাহিক খুব সহজেই জায়গা করে নিয়েছিল বাঙালি দর্শকের মনে। সিরিয়ালের মূল আকর্ষণ ছিল লক্ষ্মী এবং বিষ্টুর জুটি। লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিজয়লক্ষী চ্যাটার্জি এবং বিষ্টুর চরিত্রে ছিলেন অভিনেতা শুকদেব ঘোষ। পর্দায় তাদের রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছিল যে দর্শক আজও সেই জুটিকে ভুলতে পারেননি। বিশেষ করে শুকদীপের সহজ-সরল অভিনয় এবং সংলাপ বলার ধরন দর্শকের মনে আলাদা ছাপ ফেলেছিল।
এই ধারাবাহিকের সাফল্যের পর শুকদেব ঘোষ আরও একটি জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছিলেন। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে তাকে মুরলিধর দাস ওরফে অরিন্দম সান্যালের চরিত্রে দেখা যায়। সেখানেও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। খুব অল্প বয়সেই তিনি যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলেন, তা অনেক অভিনেতার কাছেই স্বপ্নের মতো। তবে আশ্চর্যের বিষয়, এত জনপ্রিয়তা পাওয়ার পরেও তিনি ধীরে ধীরে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে যেতে শুরু করেন। একসময় যে অভিনেতাকে নিয়মিত ধারাবাহিকে দেখা যেত, তাকে আর কোনও নতুন প্রজেক্টে দেখতে পাননি দর্শকরা।
আরও পড়ুন: দুঃসংবাদ! মাত্র ৬৯ বছরেই চিরবিদায়! স্বাভাবিক অভিনয় আর প্রাণবন্ত ব্যক্তিত্বেই ছিলেন আলাদা, পর্দা ভাগ করেছিলেন শাহরুখ খানের সঙ্গেও! বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি!
শুধু টেলিভিশন নয়, সমাজ মাধ্যম থেকেও যেন হঠাৎ উধাও হয়ে যান শুকদেব ঘোষ। জানা যায়, ২০১৩ সালের পর তার কোনও নতুন ছবি বা পোস্ট আর দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে তিনি কোথায় আছেন, কি করছেন, আদৌ অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা, সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য কারও কাছেই নেই। অনেকেই মনে করেন, হয়তো ব্যক্তিগত কারণেই তিনি অভিনয় জগত থেকে দূরে সরে গিয়েছেন। আবার কেউ কেউ মনে করেন, ইন্ডাস্ট্রির কঠিন প্রতিযোগিতার কারণেই হয়তো তিনি হারিয়ে গিয়েছেন। তবে এত বছর পরেও তাকে নিয়ে দর্শকদের কৌতূহল একটুও কমেনি।
আজও পুরনো ধারাবাহিকের কথা উঠলে ‘সংসার সুখের হয় রমণীর গুণে’র বিষ্টুর নাম উঠে আসে। এখনও অনেক দর্শক পুরনো সেই জুটিকে আবার একসঙ্গে দেখতে চান। বিজয়লক্ষী চ্যাটার্জিকে মাঝেমধ্যে রিয়েলিটি শো কিংবা ওয়েব সিরিজে দেখা গেলেও শুকদেব ঘোষ যেন এক রহস্য হয়েই থেকে গিয়েছেন। টেলিভিশনের সেই জনপ্রিয় মুখ কি আর কোনওদিন ফিরবেন পর্দায়? নাকি এভাবেই স্মৃতির পাতাতেই থেকে যাবেন ‘বিষ্টু’ হয়ে? সেই উত্তর জানার অপেক্ষায় আজও রয়েছেন অসংখ্য দর্শক।






