টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণুকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই নানা আলোচনা চলছে। একদিকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জন, অন্যদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটছে তাঁর। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে। তবে সেই শুটিং চলাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। শুক্রবারের এই ঘটনায় শুটিং সেটে উপস্থিত সকলেই কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থার দিকেই নজর রাখছেন সহকর্মীরা।
শুক্রবার নির্ধারিত সময়ে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের শুটিং ফ্লোরে পৌঁছেছিলেন রণজয়। শুটিংয়ের কাজও স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু হঠাৎই লিফটের মধ্যে তাঁর মাথা ঘুরতে শুরু করে। অসুস্থ বোধ করায় সঙ্গে সঙ্গে তাঁকে বসিয়ে জল দেওয়া হয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি কিছুটা স্বাভাবিক অনুভব করেন। সূত্রের খবর, আগের রাত থেকেই তিনি প্রবল উদ্বেগের মধ্যে ছিলেন। সেই মানসিক চাপের প্রভাবেই শুটিং চলাকালীন এই শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ঘটনার পর ধারাবাহিকের পক্ষ থেকে অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনার মধ্যেই আবারও সামনে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলা জল্পনার প্রসঙ্গ। টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনেত্রী তথা স্ত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্কে নাকি টানাপোড়েন তৈরি হয়েছে। এমনও দাবি করা হচ্ছে, বিয়ের কিছুদিন পর থেকেই তাঁরা আলাদা থাকছেন। তবে এই বিষয়ে শ্যামৌপ্তি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: “স্বামী বিবেকানন্দের দেখানো পথেই চলতে চাই এবার…” ব্যতিক্রমী জীবনদর্শন আর জীবনযাপনের ভাবনায় বারবার মুগ্ধ করেন, এবারও তার ব্যতিক্রম হল না! পরবর্তী জীবনের পরিকল্পনা নিয়ে অভিনেতা মুখ খুলতেই হইচই! আধ্যাত্মিকতার পথে হাঁটার ইঙ্গিত, তবে কি ধীরে ধীরে অভিনয়জীবনের ইতি টানার প্রস্তুতি শুরু করলেন টোটা রায়চৌধুরী?
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে আরও একটি গুঞ্জন ছড়িয়েছে রণজয়কে ঘিরে। টলিপাড়ার একাংশের দাবি, তাঁর সহ-অভিনেত্রী অভীকা মালাকারের সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে। পর্দার রসায়ন নাকি বাস্তব জীবনেও প্রভাব ফেলেছে বলেও নানা আলোচনা শুরু হয়। যদিও এই সমস্ত জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রণজয় বিষ্ণু। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। বরং তাঁর দাবি, ধারাবাহিকের প্রচারের স্বার্থেই এই ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে।
এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে রণজয় বলেন, “আমি যদি প্রেম করতাম, তাহলে নিশ্চয়ই লুকিয়ে করতাম। সহ-অভিনেত্রীর সঙ্গে প্রেম করলে সেটা আমি কীভাবে জনসমক্ষে তুলে ধরব? এটা শুধুমাত্র ধারাবাহিকের প্রচারের খাতিরে করা। আমি প্রেম করলে প্রেমিকার সঙ্গে ছবি দিয়ে প্রচারের আলোয় মোটেই আসব না।” ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনার মাঝেই এবার শুটিং ফ্লোরে তাঁর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় অনুরাগীদের উদ্বেগ আরও বেড়েছে। সকলের আশা, খুব দ্রুত সুস্থ হয়ে আবারও আগের ছন্দে কাজে ফিরবেন অভিনেতা।






