বাংলা টেলিভিশনে (Bengali Television) ধারাবাহিকের (Bengali Serial) স্লট পরিবর্তন যেন খুবই পরিচিত একটি বিষয়। টিআরপি তালিকার ওঠানামা প্রায়ই চ্যানেলগুলিকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সেই ধারাবাহিকতাতেই আবারও সময় বদলের মুখে পড়ল স্টার জলসার ‘ভোলে বাবা পার কারেগা’ (Bhole Baba Par Karega)। তবে এবার বিষয়টা একটু অন্যরকম, কারণ গল্পের মোড় ঘোরার পর ধারাবাহিকটি নতুন করে দর্শকদের নজর কেড়েছে এবং টিআরপি তালিকাতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। ঠিক এই সময়েই আবার স্লট বদলের খবর সামনে আসায় অনেক দর্শকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রসঙ্গত, এই ধারাবাহিকটি শুরু হয়েছিল গত বছরের ১৫ সেপ্টেম্বর, নীল ভট্টাচার্য ও মধুমিতা সরকারকে নিয়ে। প্রথমদিকে সন্ধ্যা ৫:৩০ টার স্লটেই সম্প্রচারিত হত। কিন্তু প্রত্যাশামতো টিআরপি না পাওয়ায় পরে গল্পে বড় পরিবর্তন আনা হয়। নতুনভাবে ধারাবাহিকটি সাজানো হয় অন্য গল্প এবং নতুন শিল্পীদের নিয়ে। সিদ্ধার্থ সেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্রকে নিয়ে শুরু হয় একেবারে নতুন অধ্যায়। শুধু কাস্টই নয়, সম্প্রচারের সময়ও বদলে গিয়ে পৌঁছায় রাত ১০:৩০ টায়।
গল্পে এই পরিবর্তনের পর থেকেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। নতুন ট্র্যাক এবং চরিত্রগুলো দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে, আর তার প্রভাব টিআরপি তালিকায়ও ধরা পড়ে উল্লেখযোগ্য ভাবে। অনেক দর্শকের মতে, ধারাবাহিকটি যেন নতুন করে নিজের জায়গা খুঁজে নিতে শুরু করেছিল। রাতের স্লটে গিয়েও বেশ কিছুদিন ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে ধারাবাহিকটি, যা প্রমাণ যে গল্পের পরিবর্তন দর্শকদের আগ্রহ ফিরিয়ে আনতে পেরেছে।
কিন্তু, এর মধ্যেই আবার একটি বড় পরিবর্তনের ঘোষণা করে দিল চ্যানেল। আগামী ১৬ মার্চ থেকে জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’। সেই প্রতিযোগিতার মুখে ‘ভোলে বাবা পার কারেগা’কে আবার ফিরিয়ে আনা হচ্ছে বিকেল ৫:৩০-এর পুরনো স্লটে! ফলে এতদিন যে সময়ে ‘শুধু তোমারই জন্য’ দেখানো হত, সেটি চলে যাচ্ছে রাত ১০:৩০-এ। এই সিদ্ধান্তে দর্শকদের একাংশ কিন্তু বেশ অসন্তুষ্ট।
আরও পড়ুনঃ পর্দায় তটিনীর জন্য প্রাণ দিতে রাজি ‘পরশুরাম’, বাস্তবেও নাকি জীবনে এসেছে বিশেষ মানুষ! গল্পের তেজস্বী নায়ক, লুকিয়ে প্রেম করছেন এক অভিনেত্রীর সঙ্গে! ইন্দ্রজিৎ বসুর হৃদয়ে জায়গা করে নিয়েছেন কে? শিগগিরই বাজতে চলেছে বিয়ের সানাই?
সমাজ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন চ্যানেলের পরিকল্পনা নিয়ে। একজনের বক্তব্য, “শুরু থেকেই এই কাস্ট নিয়ে এই স্লটেই রাখা উচিত ছিল, এখন যখন গল্পটা একটু ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখন এসব মানা যায় না।” অন্যজনের ক্ষোভ, “জলসার আসল সমস্যাটা কী? প্রথমে কঠিন স্লটে পাঠানো হল, পরে গল্প বদলে ১০:৩০-এ গিয়ে যখন ভালো করতে শুরু করল, তখন আবার পুরনো স্লটে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সিরিয়ালটাকে সুযোগের বদলে বারবার পরীক্ষার মুখেই ফেলে নষ্ট করছে।” তাই নতুন স্লটে গিয়ে ধারাবাহিকটির ভবিষ্যৎ কী হয়, এখন সেটাই দেখার অপেক্ষা দর্শকদের।






