স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ শুরু থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এক সময় টিআরপি তালিকার শীর্ষস্থানেও ছিল এই মেগা, এখনও প্রথম পাঁচের মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে। ধারাবাহিকে পরশুরাম ও তটিনীর জুটি দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয়। তবে এবার শুটিং চলাকালীন হঠাৎই চোট পেলেন ধারাবাহিকের নায়িকা তৃণা সাহা। খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
এই বিষয়ে তৃণা সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেই জানান, শুটিং করতে গিয়েই তাঁর পায়ে আঘাত লাগে। তবে বিষয়টি যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে, বাস্তবে ততটা গুরুতর নয় বলেই আশ্বস্ত করেছেন অভিনেত্রী। ব্যস্ত শুটিংয়ের মাঝেই তিনি বলেন, “শুটিং করতে করতে একটু পায়ে লেগেছে। নখ উল্টে গিয়েছে। তবে সিরিয়াস কিছু না।” তাঁর এই বক্তব্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ভক্তরা। যদিও চোট পাওয়ার পরেও তিনি কাজ থামাননি।
শুটিং ফ্লোরে আঘাত পাওয়ার পর তৃণাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। সেই সময় তাঁর পাশে ছিল ধারাবাহিকের পর্দার মেয়ে, যিনি অভিনেত্রীকে চলাফেরায় সাহায্য করেন। পায়ে ব্যথা নিয়েও নিজের দায়িত্ব পালন করে শুটিং চালিয়ে যাচ্ছেন তৃণা। সহকর্মীরাও তাঁর পাশে রয়েছেন। অভিনেত্রীর এই পেশাদার মনোভাবের প্রশংসা করছেন অনেকে। চোটের মধ্যেও তিনি কাজের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছেন।
আরও পড়ুন: “অঙ্কুশ অনেকবার চেষ্টা করেছে, আমাকে গুম করে দেওয়ার” প্রেমিক অঙ্কুশকে নিয়ে ঐন্দ্রিলার চাঞ্চল্যকর অভিযোগ! বিদেশের মাটিতেও নিরাপদ ছিলেন না? ১৪ বছরের সম্পর্কে, প্রেমিকার সঙ্গে এমন কী কী করেছেন অভিনেতা? অভিনেত্রীর মুখেই ফাঁস অদ্ভুত সব কাণ্ড!
বর্তমানে ধারাবাহিকের গল্পেও এসেছে গুরুত্বপূর্ণ মোড়। রথযাত্রা উপলক্ষে নতুন ট্র্যাক শুরু হয়েছে, যেখানে পরশুরাম এবং তটিনী একসঙ্গে শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে। স্ত্রী যে নির্দোষ, তা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে পরশুরাম। অন্যদিকে তটিনীও স্বমহিমায় ফিরে এসে সমস্ত বাধার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই নতুন পর্ব ঘিরে দর্শকদের আগ্রহও বেড়েছে। আগামী দিনে গল্প কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর সবার।
প্রসঙ্গত, ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে তৃণা সাহার বিপরীতে অভিনয় করছেন ইন্দ্রজিৎ বসু। তৃণা অভিনয় করছেন তটিনী চরিত্রে। ধারাবাহিকটি স্টার জলসায় প্রতিদিন রাত ৮টায় সম্প্রচারিত হয় এবং ব্লুজ প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হচ্ছে। সম্প্রতি এই ধারাবাহিকের হিন্দি সংস্করণও শুরু হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাংলার অভিনেত্রী মিশমি দাস। এদিকে তৃণার দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন তাঁর অসংখ্য অনুরাগী।






