টলিউডে ‘দেবালয় ভট্টাচার্য’ (Debaloy Bhattacharya) এবং ‘অঙ্কিতা চক্রবর্তী’র (Ankita Chakraborty) বিতর্ক এবার আরও বড় আইনি জটিলতার দিকে এগোচ্ছে। গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া এবং বিনোদন জগতে এই ঘটনাকে ঘিরে তুমুল চর্চা চলছে। প্রথমে পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মানসিক হেনস্তার অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। সেই ঘটনার পর এবার পাল্টা আইনি পদক্ষেপ নিলেন পরিচালকও! জানা গিয়েছে, অঙ্কিতার বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, সূত্রের খবর, এই মামলায় ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে!
ফলে ব্যক্তিগত সম্পর্কের এই বিতর্ক এখন সরাসরি আইনি লড়াইয়ের পথে। প্রসঙ্গত, গত সোমবার সাংবাদিক বৈঠকে অঙ্কিতা বিস্তারিতভাবে নিজের অভিযোগ প্রকাশ্যে আনেন। অভিনেত্রীর দাবি ছিল, প্রায় তিন বছর আগে একটি পার্টিতে দেবালয় ভট্টাচার্য তাঁর সঙ্গে অস্বস্তিকর আচরণ করেছিলেন। অঙ্কিতার কথায়, পরিচালক তাঁকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। সেই ঘটনার পর দীর্ঘদিন চুপ থাকলেও সম্প্রতি তিনি আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন। অঙ্কিতার তরফে পাঠানো নোটিশে দেবালয়কে সাত দিনের সময় দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ঘটনার কথা স্বীকার করে ক্ষমা চাইতে হবে পরিচালককে।
পাশাপাশি, তা না হলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলেও স্পষ্ট জানানো হয়েছিল। এই ঘটনার পর থেকেই টলিউড মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। অন্যদিকে দেবালয় ভট্টাচার্যের দাবি, সাংবাদিক বৈঠকের তিন দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তিনি অঙ্কিতার পক্ষ থেকে কোনও আইনি নোটিশ হাতে পাননি। তবে অঙ্কিতার বিভিন্ন মন্তব্যে তাঁর মানহানি হয়েছে বলেই দাবি পরিচালকের। সংবাদ মাধ্যমকে দেবালয় জানিয়েছেন, অভিনেত্রীকে একটি আইনি চিঠি পাঠানো হয়েছে। সেখানে অঙ্কিতাকে তাঁর করা সমস্ত মন্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করার কথা বলা হয়েছে।
দেবালয়ের বক্তব্য, “সবার সামনে ক্ষমা চাইতে হবে তাঁকে।” একই সঙ্গে পরিচালক আরও জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ও মন্তব্য করা হয়েছে, সেগুলিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে হবে। তা না হলে মানহানির মামলা দায়ের করা হবে এবং ক্ষতিপূরণও দাবি করা হবে অঙ্কিতার কাছে। তবে এই পরিস্থিতিতে অঙ্কিতা চক্রবর্তীর বক্তব্য কিছুটা আলাদা। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর কাছেও এখনও পর্যন্ত দেবালয়ের তরফ থেকে কোনও আইনি নোটিশ এসে পৌঁছয়নি। যদিও এই মুহূর্তে বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চান না তিনি।
অঙ্কিতার কথায়, আগামী দিনে সবটাই সকলের সামনে পরিষ্কার হয়ে যাবে। উল্লেখ্য, দেবালয় এবং অঙ্কিতা অতীতে একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন। সেই কারণেই পরিচালকের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় এবং পেশাদার সম্পর্ক ছিল অভিনেত্রীর। অঙ্কিতা জানিয়েছেন, ঘটনার দিন প্রথমে তাঁর মনে হয়েছিল, হয়তো ভুলবশত কিছু করে ফেলেছেন দেবালয় এবং পরে ক্ষমা চাইবেন। কিন্তু পরে একাধিকবার মুখোমুখি হলেও পরিচালক বিষয়টি এড়িয়ে যান বলেই তাঁর মনে হয়েছে, সবটাই জেনেশুনেই করা হয়েছিল। এই বিতর্ক আরও বড় আকার নেয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে।
আরও পড়ুনঃ “ওই অতীত না থাকলে সৌরভকে ভালোই লাগত না” ডিভোর্সি সৌরভ চক্রবর্তীকে জীবনসঙ্গী করার সিদ্ধান্তে নেটপাড়ায় চলা কা’টাছেঁড়াকে ফুঁৎকারে উড়িয়ে সপাটে জবাব, হবু কনে শুভস্মিতা মুখোপাধ্যায়ের! ‘মধুমিতার প্রাক্তন স্বামী’র তকমা ভবিষ্যৎ নিয়ে ভাবাচ্ছে, কী উত্তর দিলেন অভিনেত্রী?
দেবালয় ভট্টাচার্য একটি পোস্ট করেছিলেন ফেসবুকে। সেই পোস্টের কমেন্ট বক্সে নিজের ক্ষোভ উগরে দেন অঙ্কিতা চক্রবর্তী। অভিনেত্রীর মন্তব্য প্রকাশ্যে আসার পরই নাকি পোস্টটি ডিলিট করে দেন পরিচালক। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। একদিকে অঙ্কিতার শ্লীলতাহানির অভিযোগ, অন্যদিকে দেবালয়ের মানহানির পাল্টা দাবি, সব মিলিয়ে এখন এই ঘটনা টলিউডের অন্যতম বড় বিতর্কে পরিণত হয়েছে। আগামী দিনে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে বিনোদন মহলের।






