স্টার জলসায় এই মুহূর্তে ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’ নিয়ে বেশ চর্চায় আছেন অভিনেতা ‘হানি বাফনা’ (Honey Bafna)। দীর্ঘদিন ধরেই বাংলা টেলিভিশনের পরিচিত মুখ তিনি। পর্দায় একের পর এক ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অবশ্য অভিনয়ের চেয়ে বেশি চর্চায় এসেছে তাঁর ব্যক্তিগত ভাবনা। সম্পর্ক, বন্ধুত্ব এবং মানুষের সঙ্গে মেশার বিষয় নিয়ে একেবারে নিজের মতো করেই মত প্রকাশ করেছেন অভিনেতা। তাঁর কথায়, জীবনের সব সম্পর্কই স্বাভাবিকভাবে তৈরি হওয়া উচিত, কোনও কিছুই জোর করে হয় না। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
বন্ধুত্ব নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে হানি বলেন, “বন্ধুত্ব সবার সাথে করা উচিত না। ওটা হয়ে গেলে ভালো, কিন্তু জোর করে কারও সঙ্গে বন্ধুত্ব করে আমি বিশ্বাসী নই। আমি চট করে সবার সঙ্গে মিশি না। আমার যাকে মনে হয়, আমি তার সঙ্গেই মিশি। সময়ের সঙ্গে সঙ্গে সেটা আপনা থেকেই হয়ে যায়। বন্ধুত্বটা জোর করে চেয়ে হয় না।” তাঁর মতে, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার জন্য আলাদা করে চেষ্টা করার দরকার পড়ে না। যদি দু’জনের ভাবনা এবং মানসিকতা মিলে যায়, তাহলে সেই সম্পর্ক নিজের গতিতেই তৈরি হয়ে যায়। আর সেটাই সবচেয়ে স্বাভাবিক। তিনি আরও বলেন, “যদি মনে হয় কারও সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারব, তাহলে তার সঙ্গে সেটা আপনা আপনি হয়ে যায়।
জোর করে আমাকে কেউ পছন্দ করুক, সেটা আমি চাই না কখনও।” হানির এই স্পষ্ট বক্তব্য অনেকের ভালো লেগেছে। তাঁদের মতে, প্রত্যেক মানুষের নিজের মতো করে সম্পর্ক বেছে নেওয়ার অধিকার রয়েছে। তবে অন্য একটি অংশের দর্শক মনে করেছেন, সবার সঙ্গে সহজভাবে মিশে যাওয়াও জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। ফলে অভিনেতার এই মন্তব্য ঘিরে দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। যদিও এই বিষয়ে আর কোনও অতিরিক্ত মন্তব্য করেননি তিনি। প্রসঙ্গত, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা হানি বাফনার অভিনয় জীবনের শুরুটা মোটেই সহজ ছিল না। প্রথম দিকে ছোট ছোট চরিত্র এবং জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেই নিজের পথ তৈরি করেছিলেন তিনি।
পরে ‘বকুল কথা’, ‘প্রথম কাদম্বিনী’, ‘গ্রামের রাণী বীণাপাণি’, ‘সোহাগ জল’ এবং ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। উল্লেখ্য, তাঁর নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’ নায়ক তথা একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা। গল্প অনুযায়ী, দ্বিতীয় সন্তানের জন্মের সময় তাঁর স্ত্রীর মৃ’ত্যু হয়। সেই ঘটনার পর বড় মেয়ে বাবাকেই মায়ের মৃ’ত্যুর জন্য দায়ী করে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেই তাঁদের জীবনে আসে বাবলি নামে এক কৌতুক শিল্পী।
আরও পড়ুনঃ নামাজ পড়েন না, মসজিদেও যান না…নিজেকে কেন অমুসলিম ভাবতে পছন্দ করেন মীর আফসার আলী? ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্নের মুখে চমকে দেওয়া জবাব মীরের! ধর্মচর্চা নিয়ে কী ব্যাখ্যা দিলেন জনপ্রিয় অভিনেতা-সঞ্চালক?
সমাজের প্রচলিত সৌন্দর্যের ধারণার বাইরে থাকা মেয়েটিই ধীরে ধীরে ভেঙে পড়া পরিবারে নতুন আশার আলো নিয়ে আসে। মারা’ত্মক অসু’স্থ হয়ে বিনায়কের ছোট মেয়ে বেবি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার নতুন মাকে দেখতে চায়, বাধ্য হয়ে নিজের রূপ পাল্টে বাবলিকে এসে দাঁড়াতে হয় তার সামনে। এই মুহূর্তে ধীরে ধীরে ঘনিষ্ঠ হচ্ছে বিনায়ক ও বাবলি, যদিও বিনায়কের প্রথম মেয়ের ঘোর আপত্তি। বরাবরের মতো এবারও হানি বাফনার অভিনয়ে মুগ্ধ দর্শক। তবে, অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর সোজাসাপ্টা মতামতও এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।






