“বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, তাই বলে অন্যের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মাকে নিজের বলব?” “মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি, পুরোটাই মিথ্যে!” সমাজসেবা করতে পার্টির সদস্যপদ লাগে না! আজ তৃণমূল, কাল বিজেপি, এটা কি আদর্শ? বাংলার রাজনীতি নিয়ে বি*স্ফোরক মানসী সিনহা! দলবদলু তারকাদের একহাত নিয়ে কী বললেন বামপন্থী অভিনেত্রী?

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহা (Manasi Sinha) বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে নিজের স্পষ্ট মতামত প্রকাশ করার জন্য বরাবরই আলোচনায় থাকেন। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী এই অভিনেত্রীর স্পষ্টবাদী বক্তব্য অনেকের কাছেই প্রিয়। তৃণমূল সরকারের পতনের পর বিজেপিতে যোগদানের প্রবণতা নিয়ে কোয়েল মল্লিক থেকে শুরু করে বিভিন্ন তারকাদের সমালোচনা করতে যেমন পিছপা হয়নি তিনি, তেমন নিজের দলের অসংগতি নিয়েও বারবার মুখ খুলতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলবদলের প্রবণতা এবং রাজনীতির উদ্দেশ্য নিয়ে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।

এদিন তাঁর বক্তব্যে উঠে এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি কোনও রাজনৈতিক দলের সদস্যপদের উপর নির্ভর করে না। বরং সমাজের জন্য কাজ করার ইচ্ছাটাই সবচেয়ে বড় বিষয়। একই সঙ্গে তিনি বর্তমান সময়ে রাজনৈতিক দলবদলের সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেন। সাক্ষাৎকারে মানসী সিনহা বলেন, অনেকেই দাবি করেন, “মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি।” কিন্তু তাঁর মতে, এই যুক্তি সব ক্ষেত্রে সত্যি নয়। অভিনেত্রীর কথায়, “রাজনীতি করি মানুষের জন্য, এটা পুরোটাই মিথ্যে। সমাজসেবা করার জন্য কোনও রাজনৈতিক দলের সদস্য হওয়ার দরকার পড়ে না। চাইলে একজন সাধারণ মানুষও মানুষের পাশে দাঁড়াতে পারেন।”

তিনি জানান, নিজেও বহু মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করেন, কিন্তু তার জন্য কখনও কোনও রাজনৈতিক দলের পরিচয়ের প্রয়োজন অনুভব করেননি। দলবদলের প্রসঙ্গ টেনে তিনি একটি উদাহরণও দেন। মানসী সিনহার কথায়, “বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হলে বাড়ি ছেড়ে রাস্তায় গিয়ে থাকা যায়, কিন্তু তাই বলে অন্য কারও বাড়িতে গিয়ে তাঁদের বাবা-মা বলা যায় না।” এই উদাহরণ দিয়েই তিনি বোঝাতে চেয়েছেন, রাজনৈতিক মতাদর্শ যদি সত্যিই বিশ্বাসের জায়গা থেকে আসে, তাহলে শুধুমাত্র সুবিধার জন্য বারবার দল পরিবর্তন করা সেই আদর্শের সঙ্গে খাপ খায় না।

তাঁর মতে, অনেক ক্ষেত্রেই এই পরিবর্তনের পিছনে ব্যক্তিগত স্বার্থ কাজ করে। নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কেও স্পষ্ট কথা বলেছেন অভিনেত্রী। তিনি জানান, তিনি বামপন্থী চিন্তাধারায় বিশ্বাস করেন। তবে সেই সঙ্গে এটাও স্বীকার করেন যে, অতীতে কিছু মানুষের ভুল কাজের কারণে বাম রাজনীতির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তাঁর মতে, কোনও রাজনৈতিক আদর্শকে কয়েকজন ব্যক্তির কাজ দিয়ে বিচার করা উচিত নয়। “বামপন্থা কখনও দুর্নীতি শেখায় না। কিছু মানুষের কাজের জন্য পুরো আদর্শকে দোষ দেওয়া ঠিক নয়,” বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে মানসী সিনহা আরও জানান, ভবিষ্যতেও তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য হওয়ার পরিকল্পনা করছেন না। স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করা এবং মানুষের পাশে থাকা তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য, “আমাকে যদি কোনও দিন নিজের আদর্শের সঙ্গে আপস করতে হয়, তার চেয়ে আমি বাড়ি ছেড়ে রাস্তায় থাকব।” নিজের বিশ্বাস থেকে সরে আসার চেয়ে কঠিন জীবন বেছে নিতেও তিনি প্রস্তুত বলেই জানান অভিনেত্রী।

আরও পড়ুনঃ “কী সুইট না? কত প্রিভিলেজ, জনতার ট্যাক্সের টাকায় দিল্লি গিয়ে ‘পার্লামেন্ট পার্লামেন্ট’ খেলা!” শুভেন্দুদের সঙ্গে বৈঠকে রচনা, শতাব্দী, জুন সায়নীদের ছবি ঘিরে বি*স্ফোরক শ্রীলেখা মিত্র! রাজনৈতিক নেতা থেকে টলিউড সকলকেই একসঙ্গে নিশানা অভিনেত্রীর, একহাত নিয়ে বললেন কী?

প্রসঙ্গত, মানসী সিনহার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে সমাজ মাধ্যমে নানান আলোচনা শুরু হয়েছে। কেউ তাঁর স্পষ্টভাষিতার প্রশংসা করেছেন, আবার কেউ তাঁর মতের সঙ্গে দ্বিমতও পোষণ করেছেন। তবে রাজনৈতিক মতাদর্শ, দলবদল এবং সমাজসেবা নিয়ে তিনি যে নিজের অবস্থান একেবারে স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

You cannot copy content of this page