“এই তো সেদিনের কথা…পিছন ফিরে তাকালে বুঝতে পারি…” রাজ্যে ভোট-পরবর্তী উত্তেজনার মাঝেই স্মৃতিসাগরে ডুব রাজা গোস্বামীর! ১৬ বছর আগের কোন কথা মনে করালেন মধুবনী? কী নিয়ে ফের চর্চায় ‘ভালোবাসা ডট কম’-এর ‘ওম-তোড়া’ জুটি?

টেলিভিশনের জনপ্রিয় জুটি বললেই এখনও বহু দর্শকের মনে প্রথমেই আসে ওম-তোড়ার নাম। ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের সেই জুটি আজও সমানভাবে জনপ্রিয়। বহু বছর কেটে গেলেও সিরিয়ালটির স্মৃতি এখনও দর্শকের মনে তাজা। এবার সেই পুরনো দিনগুলোই নতুন করে সামনে আনলেন অভিনেতা রাজা গোস্বামী। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের একাধিক মুহূর্ত ভাগ করে নিয়ে তিনি আবেগঘন পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “মনে হয় এই তো সে দিনের কথা। কিন্তু পিছন ফিরে তাকালে বুঝতে পারি মাঝে ১৬টা বছর পেরিয়ে গিয়েছে।” এই কথাতেই স্পষ্ট, পুরনো সাফল্যের স্মৃতি এখনও তাঁকে ছুঁয়ে যায়।

রাজা জানান, তখনকার সময়টা এখনকার মতো ছিল না। বিনোদন জগতের খবর জানতে তখন দর্শকদের ভরসা ছিল সংবাদপত্র, ম্যাগাজিন বা টেলিভিশন সাক্ষাৎকার। তিনি নিজের ছোটবেলার কথাও মনে করেন। অভিনেতার কথায়, “তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কাগজে ছবি বা সাক্ষাৎকার বেরতো।” এরপর তিনি জানান, স্কুলে পড়ার সময় তিনি শাহরুখ খান ও সচিন তেন্ডুলকরের ছবি কেটে জমিয়ে রাখতেন। সেই সময় কোনও দিন ভাবেননি, একদিন সেই একই কাগজে তাঁর নিজের ছবিও ছাপা হবে। রাজা লেখেন, “আমি স্কুলে পরার সময়ে শাহরুখ খান, সচিন তেন্ডুলকরদের ছবি কেটে জমিয়ে রাখতাম। কোনও দিনও ভাবিনি সেই কাগজে একদিন আমারও সাক্ষাৎকার বেরবে।”

নিজের এই সাফল্যের জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন দর্শকদেরই। রাজা মনে করেন, অনুরাগীদের ভালোবাসা না থাকলে এই জায়গায় পৌঁছনো সম্ভব হত না। তাই পোস্টে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। অভিনেতা লেখেন, “এই সাফল্য সম্ভব করেছিলে তোমরা। যারা আমাদেরকে কোনও শর্ত ছাড়া ভালোবাসা দিয়েছ।” দীর্ঘদিন পরেও দর্শকদের সেই সমর্থন তিনি ভোলেননি। তাঁর মতে, শিল্পীর সাফল্যের পিছনে সবচেয়ে বড় শক্তি থাকে সাধারণ মানুষের ভালোবাসা। তাই পুরনো দিন মনে পড়তেই তিনি ভক্তদের উদ্দেশেই এই বার্তা দিয়েছেন।

২০২৬ সালে দাঁড়িয়ে তিনি আবার ফিরে গিয়েছেন ২০১০ সালের সময়টায়। ‘ভালোবাসা ডট কম’ শুরু হওয়ার সময় থেকেই বদলে গিয়েছিল রাজা ও মধুবনীর কেরিয়ারের পথ। সেই ধারাবাহিকই তাঁদের ঘরে ঘরে পরিচিত করে তোলে। রাজা পোস্টে লেখেন, “আজ ২০২৬-এ দাঁড়িয়ে মনে পরে গেল ২০১০-এর কথা। তাই এই পোস্টটা তোমাদের জন্য।” তিনি আরও জানান, অতীতকে তিনি কোনও দিন ভুলে যাননি। সেই স্মৃতি, সেই সংগ্রাম এবং সেই সাফল্যের দিনগুলো এখনও তাঁর কাছে সমান মূল্যবান। তাই পুরনো ছবির সঙ্গে আবেগও ভাগ করে নিলেন তিনি।

আরও পড়ুনঃ “ম’রার আগে দুবার ভাবব না, আর মা’রার আগে একবারও ভাবব না!” সাংবাদিক থেকে সুপার ড্যাড, নতুন অবতারে মন জিততে আসছেন বিক্রম চট্টোপাধ্যায়! বড় পর্দায় কবে মুক্তি পাচ্ছে ‘বাবা’? বিপরীতে নায়িকা কে?

প্রসঙ্গত, ‘ভালোবাসা ডট কম’-এর পরেও রাজা ও মধুবনী দু’জনেই একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। তবে দর্শকদের কাছে ওম-তোড়া জুটির জনপ্রিয়তা আলাদা জায়গায় রয়ে গেছে। পরবর্তী কাজগুলিতে সেই একই সাড়া আর পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরেই মধুবনী অভিনয়ের পাশাপাশি ব্যবসার দিকে বেশি মন দিয়েছেন। অন্যদিকে, রাজাকে শেষবার দেখা গিয়েছিল ‘চিরসখা’ ধারাবাহিকে। তবু বহু বছর পরেও তাঁদের প্রথম বড় সাফল্যের স্মৃতি আজও দর্শক ও শিল্পী দুই পক্ষের কাছেই বিশেষ হয়ে রয়েছে। আর সেই কারণেই রাজার এই পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

You cannot copy content of this page