কয়েক বছর আগে জনপ্রিয় গায়ক কেকে-র মৃত্যুর ঘটনার আগে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল রূপঙ্কর বাগচীর একটি ভিডিও। সেই ঘটনার পর থেকেই নানা বিতর্ক শুরু হয়। কেকে-র আকস্মিক মৃত্যুর পরে অনেকেই রূপঙ্করকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। সেই সময় সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে একাধিক নেতিবাচক মন্তব্যও ছড়িয়ে পড়ে।
সময়ের সঙ্গে সেই ঘটনার অনেকটাই দূরত্ব তৈরি হলেও এখনও মাঝেমধ্যে একই পরিস্থিতির মুখে পড়তে হয় রূপঙ্করকে। সামাজিক মাধ্যমে নতুন কোনও ছবি বা পোস্ট করলেই অনেক সময় কিছু কটাক্ষ ভেসে আসে তাঁর দিকে। বহু বছর পেরিয়ে গেলেও সেই বিতর্কের প্রসঙ্গ তুলে অনেকেই মন্তব্য করেন বলেও জানিয়েছেন গায়ক।
সম্প্রতি এক পডকাস্টে এই বিষয়েই প্রশ্ন করা হলে রূপঙ্কর মজার সুরে নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, এখনও মাঝে মাঝে তাঁকে গালাগাল শুনতে হয়। তবে এখন আর সেই বিষয়কে তিনি গুরুত্ব দেন না। বরং মজার ছলে তিনি বলেন, কোনওদিন যদি গালাগাল না আসে তাহলে তাঁরই নাকি খারাপ লাগে।
রূপঙ্কর আরও বলেন, ট্রোলারদের অপেক্ষায় থাকেন তিনি। তাঁদের উদ্দেশে মজার ভঙ্গিতে বলেন, তাঁকে যেন নিয়ম করে গালাগাল করা হয়। তাঁর কথায়, কয়েকটা খারাপ মন্তব্য না দেখলে যেন পোস্ট করার আনন্দই পাওয়া যায় না। এমনকি তিনি বলেন, ভালো মন্তব্যের ভিড়ে যদি কোনও কটাক্ষ না থাকে, তাহলে সেটা একটু অদ্ভুতই লাগে।
আরও পড়ুনঃ “কোভিডে শিল্পীদের জন্য ২০০০ টাকার পেনশন চালু করেছিলাম” তবুও কেন আর্টিস্ট ফোরাম থেকে প্রদত্যাগ করতে হয়েছিল অরিন্দম গাঙ্গুলীকে? কল্যাণমূলক উদ্যোগের মাঝেই বাড়ছিল চাপ, মতবিরোধ ও বিতর্ক! শেষ পর্যন্ত কোন পরিস্থিতিতে সরে দাঁড়িয়েছিলেন অভিনেতা?
তবে গায়কের এই কথাগুলো যে পুরোপুরি রসিকতার সুরে বলা, সেটাও স্পষ্ট করেছেন তিনি। এখন অনেক তারকার মতোই তিনিও নেতিবাচক মন্তব্যের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাই এই ধরনের মন্তব্যকে খুব একটা গুরুত্ব না দিয়ে হাসি ঠাট্টার মধ্যেই বিষয়টি নেওয়ার চেষ্টা করেন রূপঙ্কর বাগচী।






