“আমিও তো মা-ই, মাতৃত্বের গুণাবলীটাই আসল…ওই ছেলেমেয়েগুলো আমারই” সন্তানহীন জীবন বেছে নিয়েও কেন নিজেকে পূর্ণাঙ্গ মা বলে দাবি করেন সোহিনী সেনগুপ্ত? অভিনেত্রীর অভিজ্ঞতা থেকে উঠে এল অন্যরকম দর্শন! মাতৃত্ব কি শুধু জন্মদানেই, নাকি অন্তরে জন্ম নেওয়া এক উপলব্ধি?

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘সোহিনী সেনগুপ্ত’কে (Sohini Sengupta) নিয়ে আলোচনা হলে সাধারণত তাঁর অভিনয়, মঞ্চচর্চা বা পারিবারিক উত্তরাধিকারের কথাই বেশি উঠে আসে। কিন্তু সম্প্রতি মাতৃত্ব নিয়ে তাঁর বক্তব্য নতুন করে ভাবতে বাধ্য করেছে অনেককেই। সমাজে যেখানে এখনও মা হওয়ার ধারণাকে অনেক সময় শুধুমাত্র সন্তান জন্মদানের মধ্যেই সীমাবদ্ধ করে দেখা হয়, সেখানে দাঁড়িয়ে সোহিনী একেবারে অন্যরকম এক দৃষ্টিভঙ্গি সামনে এনেছেন। তাঁর মতে, মাতৃত্ব কোনও জৈবিক পরিচয়ের মধ্যে আটকে থাকে না, বরং তা প্রকাশ পায় ভালোবাসা, দায়িত্ব এবং যত্নের মাধ্যমে।

প্রসঙ্গত, সোহিনীর ব্যক্তিগত জীবনও বরাবরই চর্চার বিষয় হয়েছে। প্রথম দাম্পত্য ভেঙে যাওয়ার পর তিনি নতুন করে জীবন শুরু করেন অভিনেতা সপ্তর্ষি মৌলিকের সঙ্গে। বয়সের ব্যবধান নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি এই দম্পতিকে। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ককে ঘিরে নানান মন্তব্য, কৌতূহল এবং প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তবুও নিজেদের সিদ্ধান্ত থেকে কখনও সরে আসেননি তাঁরা। এমনকি সন্তান নেওয়ার বিষয়েও সামাজিক প্রত্যাশার পথে না হেঁটে নিজেদের মতো করেই সিদ্ধান্ত নিয়েছেন। বহুবারই তাঁরা জানিয়েছেন, সন্তান না নেওয়ার সিদ্ধান্ত তাঁদের সচেতন এবং ব্যক্তিগত পছন্দের ফল।

কিন্তু সেই সিদ্ধান্ত কখনও সোহিনীর জীবনে মাতৃত্বের অভাব তৈরি করেনি বলেই মনে হয় তাঁর সাম্প্রতিক বক্তব্য শুনলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “প্রথম কথা হচ্ছে আমি তো মা-ই, আমি একজন ক্যানাইন মা অর্থাৎ সারমেয় সন্তানদের মা আমি। মা হওয়ার কথা উঠলে তো আমি, আমার দলের ছেলেমেয়েদেরও মা এবং কিছু কিছু সময় আমি আমার বাবারও মা। আমার মনে হয় মাতৃত্ব শুধু বায়োলজিক্যাল বা গর্ভধারণ করলেই হয় না। একটা সময় আমিও এরকমই ভাবতাম কিন্তু পরে বুঝেছি না, অ্যাকশন অর্থাৎ দায়িত্ব-কর্তব্য এবং মাতৃত্বের গুণাবলীটাই আসল!

আমি যেমন ‘কমলা নিবাস’ ধারাবাহিককে অভিনয় করি, এই সিরিয়ালটাতে আমি মা। এটা অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন। আমি এটা বিশ্বাস করি যে ছেলেমেয়েগুলো আমারই! মাতৃত্বের সংজ্ঞাটা তাই পাল্টে গেছে আমার জন্য।” এই বক্তব্যের মধ্যেই যেন ধরা পড়ে তাঁর জীবনদর্শন। অর্থাৎ তাঁর কাছে মাতৃত্ব কোনও নির্দিষ্ট সম্পর্কের পরিচয় নয়, বরং একজন মানুষের প্রতি নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর ক্ষমতা। এই ভাবনাই তাঁকে প্রচলিত ধারণার বাইরে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে পুলিশের হানা! তল্লাশিতে উদ্ধার চাঞ্চল্যকর সব তথ্য! সমস্ত অপরাধের সঙ্গী হিসেবে নাম উঠে এল ফেডারেশনের চারজন সদস্যের! সবাইকে তলব করল পুলিশ! এরা কীভাবে সাহায্য করত বিশ্বাসকে?

ধারাবাহিকে মা বা পিসিমার চরিত্রে অভিনয় করলেও, বাস্তব জীবনেও সেই স্নেহ ও দায়িত্ববোধের ছাপ খুঁজে পান তিনি। তাই তাঁর কথায় মাতৃত্ব কোনও তত্ত্ব নয়, কোনও সামাজিক তকমাও নয়। এটি এক ধরনের প্রতিদিনের চর্চা, যেখানে রক্তের সম্পর্কের থেকেও বড় হয়ে ওঠে মমতা আর দায়িত্ববোধ। আর সেই কারণেই হয়তো সন্তান জন্ম না দিয়েও, বহু মানুষের কাছে এবং নিজের কাছেও তিনি একজন পূর্ণাঙ্গ মা। আপনারাও কি অভিনেত্রীর এই জীবন দর্শনের সঙ্গে সহমত? মাতৃত্ব কি শুধু জন্মদানেই, নাকি অন্তরে জন্ম নেওয়া এক উপলব্ধি, কি মনে হয় আপনাদের?

You cannot copy content of this page