‘চোর চোর’ স্লোগান থেকে ইট-ডিম ছোড়াছুড়ি! ইন্ডাস্ট্রির অচল অবস্থা সারাতে ব্যর্থ পাপিয়া! এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি টেকনিশিয়ানদের! স্টুডিও চত্বরে ফের উত্তপ্ত পরিস্থিতি, নতুন বিতর্কে সরগরম টলিপাড়া!

টলিপাড়ার টেকনিশিয়ানদের সংগঠন নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। সম্প্রতি ফেডারেশন ভেঙে দেওয়ার দাবি এবং একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে সরব হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। টলিউডের বিভিন্ন সংগঠনকে এক ছাতার তলায় আনার বার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু সেই ঘোষণার মাত্র একদিনের মধ্যেই ফের অশান্তির ছবি সামনে এল। বৃহস্পতিবার টেকনিশিয়ান স্টুডিও চত্বরে ডাকা এক বৈঠক ঘিরে তৈরি হয় তীব্র উত্তেজনা। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ঘটনাস্থলে পুলিশকেও পৌঁছতে হয়। গোটা ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।

জানা গিয়েছে, ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান এবং সহসম্পাদক বাবাইকে তাঁদের পদ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এই বিষয়টি নিয়েই মূলত ক্ষোভ বাড়তে থাকে টেকনিশিয়ানদের একাংশের মধ্যে। সেই পরিস্থিতিতে টলিপাড়ার বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়ে একটি বৈঠকের ডাক দেওয়া হয়। কিন্তু প্রত্যাশার তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হওয়ায় স্টুডিওর ভেতরে সভা করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে পাশের মাঠে বৈঠকের ব্যবস্থা করা হয়। আর সেখান থেকেই শুরু হয় নতুন বিতর্ক। ক্রমশ দুই পক্ষের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে চলে আসে।

একদিকে ছিলেন মহম্মদ হাসান ও বাবাইয়ের সমর্থকরা, অন্যদিকে ছিলেন তাঁদের বিরোধীরা। বৈঠকের মধ্যেই একাংশের তরফে “চোর চোর” স্লোগান উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। অভিযোগ-পাল্টা অভিযোগের আবহে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভের মাঝেই ডিম এবং ইট ছোড়ার ঘটনাও ঘটে। ফলে সভাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনার ভিডিও এবং ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমেও।

কিন্তু কেন এই ক্ষোভ? টেকনিশিয়ানদের একাংশের অভিযোগ, মহম্মদ হাসান এবং বাবাই তাঁদের পদ ছাড়তে চাইছেন না। পাশাপাশি তাঁদের সম্পত্তির পরিমাণ এবং সেই সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে টলিউডে “ব্যান কালচার” চালু রাখার অভিযোগও উঠেছে। বিক্ষুব্ধদের দাবি, দীর্ঘদিন ধরে কিছু সিদ্ধান্ত নির্দিষ্ট কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। সেই কারণেই পরিবর্তনের দাবি জোরালো হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে সংশ্লিষ্টদের তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি।

এক হাতে স্টেথোস্কোপ, অন্য হাতে ত্রিশূল! তিলোত্তমার সেই রাত, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে! আরজি কর কাণ্ডের অজানা সত্য এবার ধরা দেবে বড়পর্দায়! আসছে শঙ্কুদেব পণ্ডার ‘অভয়া শক্তি’, মুক্তি পাচ্ছে কবে?

আরও পড়ুনঃ এক হাতে স্টেথোস্কোপ, অন্য হাতে ত্রিশূল! তিলোত্তমার সেই রাত, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে! আরজি কর কাণ্ডের অজানা সত্য এবার ধরা দেবে বড়পর্দায়! আসছে শঙ্কুদেব পণ্ডার ‘অভয়া শক্তি’, মুক্তি পাচ্ছে কবে?

পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। সূত্রের খবর, এত বড় জমায়েত হবে সে বিষয়ে আগে থেকে প্রশাসনের কাছে স্পষ্ট তথ্য ছিল না। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর দ্রুত ব্যবস্থা নিতে হয়। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষোভ যে এখনও পুরোপুরি প্রশমিত হয়নি, তা স্পষ্ট টেকনিশিয়ানদের বক্তব্যে। ফেডারেশনকে ঘিরে এই নতুন বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর টলিপাড়ার।

You cannot copy content of this page