১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনেই চার হাত এক হয়েছিল রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলীর। নাচ, গান এবং জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে নতুন জীবন শুরু করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। শোনা যাচ্ছে, দু’জনের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমেও রণজয় ও শ্যামৌপ্তির বিচ্ছেদের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রণজয় বা শ্যামৌপ্তি। ফলে তাঁদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলও বাড়ছে।
এই বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই উঠে এসেছে একাধিক কারণের কথা। সূত্রের দাবি, সংসারের নানা দায়িত্ব এবং আর্থিক বিষয়কে কেন্দ্র করেই নাকি দু’জনের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী অভীকা মালাকারও। বর্তমানে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন রণজয়। সেই ধারাবাহিকেই তাঁর বিপরীতে রয়েছেন অভীকা। শুটিংয়ের বাইরেও তাঁদের যোগাযোগ এবং মেলামেশা বেড়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এমনকি রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্কের অবনতির নেপথ্যে অভীকার সঙ্গে ঘনিষ্ঠতাকেও কেউ কেউ কারণ হিসেবে দেখছেন।
তবে এই সমস্ত জল্পনা নিয়ে রণজয় ও শ্যামৌপ্তি দু’জনের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোনে সাড়া দেননি। পরে রণজয় একটি সরাসরি সম্প্রচারে এসে তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা বন্ধ করার অনুরোধ জানান। একইসঙ্গে নাম না করে অভীকাকেও এই বিতর্ক থেকে দূরে রাখার কথা বলেন তিনি। এরপর রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্কের জল্পনায় অভীকার নাম আরও একবার সামনে আসে। ঠিক এই পরিস্থিতিতেই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট করে জানান, এই ধরনের খবর তাঁকে কোনওভাবেই প্রভাবিত করছে না। বরং ভুল খবরকে গুরুত্ব না দেওয়াই তাঁর সিদ্ধান্ত।
অভীকার কথায়, “কোনও প্রভাব ফেলতে পারেনি। কারণ আমি ভুলভাল খবরে একেবারেই কান দিই না। আমার কিচ্ছু যায় আসে না এসবে। এগুলো হতেই থাকে। একেবারেই পাত্তা দিচ্ছি না এই ব্যাপারটাকে। কার জীবনে কী ঘটছে, আমি জানতেও চাই না।” অর্থাৎ রণজয় ও শ্যামৌপ্তির ব্যক্তিগত জীবনের জল্পনায় নিজের নাম উঠে আসাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, সহকর্মীকে ঘিরে তৈরি হওয়া কোনও গুঞ্জন নিয়ে তিনি নিজের কাজে মনোযোগ রাখতেই বেশি আগ্রহী। একইসঙ্গে এই ধরনের খবর নিয়ে অযথা মন্তব্য করতেও চান না তিনি।
রণজয় ও শ্যামৌপ্তির বিয়েতেও উপস্থিত ছিলেন অভীকা। সেই প্রসঙ্গও উঠে আসে তাঁর কথায়। অভিনেত্রী জানান, “তখন আমাদের ধারাবাহিকটা সবে শুরু হচ্ছিল। সেই কারণে আমন্ত্রিত ছিলাম রণজয়ের তরফে।” অর্থাৎ তাঁদের বিয়েতে তাঁর উপস্থিতি নিয়ে যে কোনও আলাদা অর্থ খোঁজা হচ্ছে, তা মানতে নারাজ অভীকা। এর আগেও অর্কপ্রভর সঙ্গে তাঁর নাম জড়ানো হয়েছিল বলে জানান তিনি। তাঁর কথায়, “এর আগেও অর্কপ্রভর সঙ্গে আমার নাম জড়ানো হয়েছিল। এখন এসব ফালতু বিষয়ে পাত্তা দিই না।”
আরও পড়ুনঃ ‘মানুষ চলে যায়, থেকে যায় শুধুই তাঁর কর্ম…আরও একবার প্রমাণিত হল!’ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যুর সাড়ে ৪ মাস পর প্রকাশ্যে এল, তাঁর অজানা এক অবদান! প্রয়াত অভিনেতার মানবিকতার এমন গল্প শোনালেন ভাস্বর চট্টোপাধ্যায়, জানলে চোখে জল আসবে!
রণজয়ের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কী, সেটিও স্পষ্ট করে দিয়েছেন অভীকা। তাঁর বক্তব্য, “রণজয় আমার খুব ভালো কো-অ্যাক্টর। খুব ভালো একজন বন্ধু। ব্যস, এটুকুই।” ফলে রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে নিজের নাম জড়িয়ে যে আলোচনা চলছে, তা সরাসরি খারিজ করেছেন অভিনেত্রী। বর্তমানে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের কাজেই দু’জনের নিয়মিত দেখা হচ্ছে। তার বাইরে তাঁদের সম্পর্ক নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, সেটিকে গুরুত্ব দিতে নারাজ অভীকা। এখন রণজয় ও শ্যামৌপ্তি নিজেদের সম্পর্ক নিয়ে ভবিষ্যতে প্রকাশ্যে কোনও কথা বলেন কি না, সেদিকেই নজর অনুরাগীদের।






