প্রবীণ অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরেই উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগীরা। সপ্তাহখানেক আগে আচমকাই নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দীর্ঘ পর্যবেক্ষণ এবং একাধিক পরীক্ষার পর অবশেষে সোমবার, ২০ জুলাই তাঁর বাইপাস সার্জারি করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলেই জানিয়েছেন ঘনিষ্ঠ মহল। আপাতত তাঁকে আইসিইউ-তে রেখে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, আগামী কয়েকদিন তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখা হবে।
অভিনেতা শুভ্রজিৎ দত্ত জানিয়েছেন, সুমন্ত মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার প্রায় সাড়ে পাঁচ থেকে ছ’ঘণ্টা ধরে চলে। চিকিৎসকদের দক্ষ তত্ত্বাবধানে সফলভাবেই সম্পন্ন হয়েছে এই জটিল অপারেশন। তবে অস্ত্রোপচারের পরই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এখনও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে। এই সময় তাঁর শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ চলবে এবং সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর অ্যাঞ্জিওগ্রামের পরামর্শ দেন। সেই সময় অভিনেতার মেয়ে ও পরিচালক মধুবন্তী মুখোপাধ্যায় জানিয়েছিলেন, অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টের উপরেই নির্ভর করবে পরবর্তী চিকিৎসা পদ্ধতি। তবে অসুস্থতার মধ্যেও সুমন্ত মুখোপাধ্যায় সচেতন ছিলেন এবং হাসপাতালে সকলের সঙ্গে কথাবার্তাও বলেছেন বলে জানা যায়।
নির্ধারিত দিনে চিকিৎসকদের নির্দেশ মেনে তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকেরা জানান, তাঁর হৃদযন্ত্রের বর্তমান অবস্থায় স্টেন্ট বসানো সম্ভব নয়। তাই তাঁকে সুস্থ করে তুলতে বাইপাস সার্জারিই একমাত্র উপযুক্ত পথ বলে সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। সেই অনুযায়ী সোমবার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছেন।
অভিনেতার শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালেও গিয়েছিলেন শুভ্রজিৎ দত্ত। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জানান, অপারেশনের আগে সুমন্ত মুখোপাধ্যায়ের সুগারের মাত্রা এবং ক্রিয়েটিনিন দুটিই স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। সেই কারণেই চিকিৎসকেরা তাড়াহুড়ো করে অস্ত্রোপচার করেননি। শুভ্রজিতের কথায়, “মণ্টুকাকুর সুগারের মাত্রা বেশি। ক্রিয়েটিনিনিনের মাত্রাও স্বাভাবিকের থেকে বেশি। শরীরের সব উপাদানের মাত্রা স্বাভাবিক না হলে সার্জারি সম্ভব নয়। এ কথা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।”
আরও পড়ুনঃ বিয়ের পর তাড়িয়ে দেন বাবা, বহুবার ব্যবহার করে ফেলে দেওয়া তেল জোগাড় করে এনেই তবে রান্না হতো বাড়িতে! অভাবের সংসারে সেই অন্ধকার দিনগুলো পেরিয়ে আজ বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা, খরাজ মুখোপাধ্যায়! হাত ছাড়েননি, কীভাবে স্বামীর পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন স্ত্রী প্রতিভা? কোন সিদ্ধান্তই বদলে দিয়েছিল তাঁর জীবনের মোড়?
এখন সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়। আপাতত আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছে এবং আগামী কয়েকদিন তাঁর শারীরিক অবস্থার উন্নতির উপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবার, সহকর্মী এবং অনুরাগীরা সকলেই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন। চিকিৎসকরাও আশাবাদী, ধাপে ধাপে সুস্থতার পথে এগোবেন বর্ষীয়ান এই অভিনেতা।






