বাংলা টেলিভিশনের পরিচিত মুখ চুমকি চৌধুরীকে শেষবার দর্শক দেখেছিলেন ২০২৫ সালের জুলাই মাসে সম্প্রচারিত ‘রোশনাই’ ধারাবাহিকে। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা সেই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই ছোটপর্দা এবং বড়পর্দা, দুই ক্ষেত্রেই অনেকটাই আড়ালে চলে গিয়েছেন অভিনেত্রী। দীর্ঘ সময় নতুন কোনও কাজ না করায় স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। টলিউডে সাম্প্রতিক পরিবর্তন, রাজনৈতিক মেরুকরণ এবং শিল্পজগতের নানা বিতর্কের মধ্যে তাঁর এই দূরত্ব কি সেই কারণেই? এমন প্রশ্ন উঠতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন চুমকি।
তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রির নানা আলোচনার চেয়ে বরাবরই নিজের কাজকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই বাইরের পরিস্থিতি নয়, অন্য কারণেই তিনি অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন। চুমকি চৌধুরীর পরিবার বহু বছর ধরেই বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তাঁর বাবা ছিলেন জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরী, যিনি উত্তম কুমারের মৃত্যুর পর বাংলা মূলধারার ছবির ধারা বদলে দিয়েছিলেন। সেই সময়েও কি রাজনৈতিক প্রভাব বিনোদন জগতে ছিল, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “আসলে সে যুগ একেবারেই অন্যরকম ছিল। বাবা আমাদের সবসময় বলেছেন কাজে মন দিতে। বাকি কোথায় কী ঘটছে না ঘটছে সেটাকে গুরুত্ব না দিতে।

এখনও আমি সেই পথ অনুসরণ করেই চলি। এখনও তা-ই করছি। এমনিতেও প্রায় এক বছর হল কাজ করছি না।” তাঁর বক্তব্যে স্পষ্ট, পারিবারিক শিক্ষা এবং ব্যক্তিগত বিশ্বাস এখনও তাঁর কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের ধারণা, টলিপাড়ার সাম্প্রতিক রদবদল বা নানা বিতর্কের কারণেই তিনি কাজ থেকে দূরে সরে গিয়েছেন। তবে সেই ধারণা পুরোপুরি মানতে নারাজ চুমকি। অভিনেত্রী বলেন, “নিজের কাজকে সবসময় গুরুত্ব দিয়েছি। তাই কখনও রাজনৈতিক কর্মকাণ্ড, রদবদল, বিতর্ক আমার উপরে প্রভাব ফেলেনি। তবে এখন অনেক দিন পর্দা থেকে দূরে থাকার নেপথ্যে অন্য কারণ রয়েছে।”
তাঁর মতে, কাজের পরিবেশ এবং পেশাগত মূল্যায়নের বিষয়টাই এখন বেশি গুরুত্বপূর্ণ। তাই ইন্ডাস্ট্রির নানা বিতর্কে নিজেকে জড়াতে চান না তিনি। বরং নিজের পছন্দ এবং শর্ত মেনেই কাজ করতে আগ্রহী। বর্তমান সময়ে ছোটপর্দার কাজের ধরন অনেকটাই বদলে গিয়েছে বলেও মনে করেন অভিনেত্রী। বিশেষ করে পারিশ্রমিকের বিষয়টি নিয়ে তিনি খোলাখুলি কথা বলেছেন। চুমকির কথায়, “এখানে পারিশ্রমিক নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়। একেবারে প্রাপ্য পারিশ্রমিক দিতে চায় না কেউ। যা কিছু কিছু সময় অসম্মানেরও।” তিনি আরও বলেন, “এত বছর ধরে কাজ করছি। অভিজ্ঞতারও তো একটা মূল্য আছে। সেই নিরিখেই তো আমার পারিশ্রমিক চাইব আমি। সেই প্রাপ্য মূল্য যদি না দেয় কেন কাজ করব?”
আরও পড়ুনঃ হঠাৎ ছেড়ে চলে যান স্ত্রী তারপরেই…মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে নির্মল কুমারের বিচ্ছেদের নেপথ্যে কী ছিল কারণ? গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি! নানান শারী’রিক জটিলতা নিয়ে, ৯৭ বছরে একাকী জীবন কাটাচ্ছেন কিংবদন্তি অভিনেতা?
অভিনেত্রীর দাবি, তাঁর অভিজ্ঞতা ও কাজের মূল্য অনুযায়ী সম্মানজনক পারিশ্রমিক না পেলে কাজ করার কোনও অর্থ নেই। সেই কারণেই সম্প্রতি আসা দুটি কাজের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন। বর্তমানে অভিনয়ের ব্যস্ততা থেকে দূরে থেকে নিজের মতো সময় কাটাচ্ছেন চুমকি চৌধুরী। কিছুদিন আগেই তিনি গ্রিসে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটানো, সংসারের নানা দায়িত্ব সামলানো এবং নিজের জন্য সময় বের করাতেই এখন বেশি মন দিচ্ছেন তিনি। তবে অভিনয় থেকে পুরোপুরি সরে যাওয়ার কোনও ইঙ্গিত দেননি অভিনেত্রী। বরং তাঁর স্পষ্ট বক্তব্য, “প্রাপ্য মূল্য না পেলে করব না।” অর্থাৎ ভবিষ্যতে ভালো চিত্রনাট্য এবং উপযুক্ত পারিশ্রমিক পেলে তিনি আবারও পর্দায় ফিরতে প্রস্তুত। আর সেই সুযোগের জন্য অপেক্ষা করতেও তাঁর কোনও আপত্তি নেই।






