বাংলা রবীন্দ্রসংগীত জগতের অত্যন্ত পরিচিত নাম শ্রাবণী সেন। নিজের কণ্ঠের স্বতন্ত্রতা, দীর্ঘদিনের সংগীতচর্চা এবং পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের মনে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। সংগীতশিল্পী হিসেবে তাঁর পরিচয়ের পাশাপাশি রয়েছে একটি নিজস্ব জীবনদর্শন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, দিদি ইন্দ্রাণী সেনের সঙ্গে ছোটবেলার তুলনা, একা থাকার সিদ্ধান্ত এবং সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বললেন গায়িকা। বিশেষ করে যাঁরা গান কিংবা অন্য কোনও শিল্পকে পেশা হিসেবে নিতে চান, তাঁদের উদ্দেশে তাঁর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। সাক্ষাৎকারে শ্রাবণী সেন স্পষ্ট জানান, যাঁরা গানকে কেরিয়ার করতে চান, তাঁদের বিয়ে না করাই ভালো বলে তাঁর মনে হয়।
শুধু গান নয়, কবিতা, নাচ কিংবা অন্য কোনও শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও ব্যক্তিগত জীবনে অনেকটা স্বাধীনতা প্রয়োজন। কারণ শিল্পীদের জীবন সাধারণ নিয়মের পথে চলে না। কখনও অনিয়মিত সময়ে অনুষ্ঠান, কখনও দীর্ঘ যাতায়াত, আবার কখনও গভীর রাতে বাড়ি ফেরা, সব মিলিয়ে সংসার ও শিল্পচর্চার মধ্যে ভারসাম্য রাখা বেশ কঠিন হয়ে পড়ে। নিজের এক ছাত্রীর উদাহরণও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, এক ছাত্রীকে গান শুনেই বিয়ে করেছিলেন এক ব্যক্তি। অথচ বিয়ের পর সেই মেয়েটির গান গাওয়াই বন্ধ হয়ে যায়। এমন ঘটনা মেনে নেওয়া যায় না বলেই মনে করেন শ্রাবণী। তাঁর মতে, শিল্পীর জীবনসঙ্গী এমন হওয়া প্রয়োজন, যিনি শিল্পচর্চার গুরুত্ব বুঝবেন এবং পাশে থাকবেন। তবে নিজের ক্ষেত্রে একা থাকতেই যে তিনি স্বচ্ছন্দ, সেটাও বুঝিয়ে দিয়েছেন গায়িকা। একা সিনেমা দেখতে যাওয়া, রেস্তরাঁয় খেতে যাওয়া কিংবা শপিং করা—নিজের মতো করে সময় কাটাতেই বেশি আনন্দ পান তিনি।
অন্যদিকে, ছোটবেলায় দিদি ইন্দ্রাণী সেনের সঙ্গে তুলনার অভিজ্ঞতাও উঠে এসেছে কথোপকথনে। শ্রাবণী জানান, পড়াশোনা থেকে গান, সব ক্ষেত্রেই দিদি ছিলেন অত্যন্ত ভালো। ইন্দ্রাণী ক্লাসে প্রথম হয়ে পরের শ্রেণিতে উঠতেন, আর তাঁকে পাশ করে উঠতে হতো। ফলে ছোটবেলায় তুলনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। নিজের চেহারা নিয়েও ছোটবেলায় নানা মন্তব্য শুনতে হয়েছে বলে জানান শ্রাবণী। নাকের গড়ন নিয়ে তাঁকে বিভিন্ন নামে ডাকা হতো। তবে সেইসব বিষয়কে খুব একটা গুরুত্ব দেননি তিনি। আজও নিজের চেহারা নিয়ে মন্তব্যের জবাবে তাঁর সহজ উত্তর, তাঁকে যেভাবে তৈরি করা হয়েছে, তিনি সেভাবেই রয়েছেন। পাশাপাশি দিদির সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়েই বাঁচতে চেয়েছেন তিনি। মায়ের স্মৃতির প্রসঙ্গেও আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। জানান, তাঁর মা সুমিত্রা সেনের জন্য বাড়িতে একটি নির্দিষ্ট চেয়ার রাখা রয়েছে, যেখানে অন্য কাউকে বসতে দেওয়া হয় না। মাকে কোনওদিন মুছে ফেলা সম্ভব নয়, এমনটাই তাঁর বিশ্বাস।
শিল্পীজীবন এবং বর্তমান সংগীতজগতের পরিবর্তন নিয়েও নিজের অসন্তোষ গোপন করেননি শ্রাবণী। তাঁর মতে, এখন অনেক ক্ষেত্রেই প্রকৃত সংগীতচর্চার চেয়ে বাহ্যিক প্রচার এবং সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে গিয়েছে। পকেটে টাকা থাকলেই গান, আবৃত্তি কিংবা নাচের জগতে প্রবেশ করা যায়, এই প্রবণতা তাঁর একেবারেই পছন্দ নয়। যদিও এখনও অনেক শিল্পী নীরবে নিয়মিত চর্চা করে যাচ্ছেন এবং তাঁরাই শেষ পর্যন্ত নিজেদের জায়গা ধরে রাখবেন বলে মনে করেন তিনি। শিল্পীর সম্মান নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন গায়িকা। ছোটবেলায় মানবেন্দ্র মুখোপাধ্যায়, দিনেন্দ্র মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র ও সাগর সেনের মতো শিল্পীদের কাছ থেকে যে পারস্পরিক ভালোবাসা এবং সহযোগিতার পরিবেশ দেখেছেন, বর্তমানে তার অনেকটাই বদলে গিয়েছে বলে মনে করেন তিনি। তবে সবকিছু যে খারাপ হয়ে গিয়েছে, এমনটাও মনে করেন না শ্রাবণী।
আরও পড়ুনঃ “অন্যায় করেছেন বলেই এত গলার জোর!” “নিজের দোষ তাও অন্যদের থামিয়ে ভাবলেন জিতে গেছি, মানুষ হিসেবে আজ আপনি জিততে পারলেন কি?” রাজবীরের বিছানায় জল ঢেলে নিরঞ্জনের চিৎকার, পরক্ষণেই ভোলবদল! বিগ বসের প্রতিযোগীকে তুলোধোনা মৈত্রেয়ী মিত্রের! কড়া ভাষায় দিলেন কোন পরামর্শ?
সবশেষে শিল্পীজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়ার কথাও বলেন তিনি। তাঁর মতে, বয়সের সঙ্গে কণ্ঠের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। ৩০ বছর বয়সে যে ভাবে গান গাওয়া সম্ভব ছিল, পরবর্তী সময়ে তা সবসময় সম্ভব নাও হতে পারে। সেই পরিবর্তন শিল্পীকে যেমন বুঝতে হবে, তেমনই শ্রোতাদেরও তা মেনে নিতে হবে। নিজের মায়ের উদাহরণ দিয়ে শ্রাবণী জানান, মা যখন বুঝেছিলেন যে আগের মতো আর গলা সাড়া দিচ্ছে না, তখন নিজেই গান থেকে সরে এসেছিলেন। সেই পথেই হাঁটতে চান তিনিও। কারণ তাঁর কাছে গান যেমন ভালোবাসা, তেমনই আত্মসম্মানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতদিন পারবেন, গান করে যাবেন, কিন্তু যখন বুঝবেন আর পারছেন না, তখন সম্মানের সঙ্গে সরে আসাই শ্রেয়।






