৭০ দিনেরও বেশি সময় ধরে পরিবারের সদস্যদের থেকে দূরে রয়েছেন ‘বিগ বস বাংলা’র প্রতিযোগীরা। উৎসবের মরশুমে এবার তাঁদের সঙ্গে দেখা করতে দুর্গে হাজির হলেন পরিবারের প্রিয়জনেরা। মঙ্গলবারের বিশেষ পর্বে প্রিয় মানুষদের সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। তবে সবার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন সংগীতশিল্পী দুর্নিবার সাহার মা ডালিয়া বসু সাহা। ছেলের সঙ্গে দেখা হওয়ার আবেগঘন মুহূর্তের পাশাপাশি তাঁর বুদ্ধিদীপ্ত কথাবার্তাও দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে সৃজলা গুহ এবং জিতু কমলকে যেভাবে সামলেছেন তিনি, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। কাউকে সরাসরি আক্রমণ না করেও নিজের বক্তব্য স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন ডালিয়া। তাঁর আচরণে মুগ্ধ নেটিজেনদের একাংশ তো তাঁকে বিগ বসের বাড়িতে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে আনার দাবিও তুলেছেন।
মঙ্গলবারের পর্বে প্রথমে দুর্গে প্রবেশ করেন সৃজলা গুহর প্রিয় বন্ধু লিমা। অভিনেত্রীর সঙ্গে তাঁর ভিয়েতনাম যাওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে লিমাকে জিতু কমলের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে একাধিকবার সতর্ক করতে দেখা যায়। এরপর বিগ বসের বাড়িতে আসেন সোনামণি সাহার মা। সবশেষে প্রবেশ করেন দুর্নিবারের মা ডালিয়া বসু সাহা। দীর্ঘ ৭২ দিন পর মাকে সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন গায়ক। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলেকে সামলে নিয়ে ডালিয়া এরপর বাড়ির বাকি প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। সকলেই তাঁর সঙ্গে দেখা করতে এলেও জিতু এবং সৃজলাকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের আচরণে অস্বস্তির ছাপ স্পষ্ট ছিল। তবে পরিস্থিতি বুঝে ডালিয়াই এগিয়ে গিয়ে সৃজলাকে জড়িয়ে ধরেন এবং শুভেচ্ছা জানান।
সৃজলার সঙ্গে কথা বলতে গিয়েই একটি বিশেষ প্রশ্ন করেন দুর্নিবারের মা। তিনি বলেন, “শুনলাম, তুমি নাকি দুর্নিবারকে ভয় পেয়েছ?” আচমকা এমন প্রশ্ন শুনে কিছুটা থতমত খেয়ে যান অভিনেত্রী। তবে ডালিয়া সঙ্গে সঙ্গেই বিষয়টি পরিষ্কার করে দেন। তাঁর কথায়, “যদিও আমরা কিছুই শুনিনি। সেটা দেখানো হয়নি। তবে ওকে ভয় পাওয়ার কিছু নেই। ও প্রতিবাদ-ঝগড়া করতে পারে না। কেঁদে ফেলে। আর ও সবার জন্য কেয়ারিং।” অর্থাৎ, ছেলের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে, তা সরাসরি না জেনেও সৃজলাকে আশ্বস্ত করেন তিনি। উল্লেখ্য, বিগ বসের বাড়িতে দুর্নিবার ও সৃজলার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে সেই সমীকরণে দূরত্বও দেখা যায়। ফলে দুর্নিবারের মায়ের এই প্রশ্ন এবং তার পরের বক্তব্য দর্শকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
তবে শুধু সৃজলা নন, জিতু কমলকেও নিজের বক্তব্য জানাতে পিছপা হননি ডালিয়া। প্রথমে অভিনেতার খেলার প্রশংসা করেন তিনি। কিন্তু প্রশংসার পরেই জিতুকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। ডালিয়া বলেন, “জিতু একটা কথা, কারও কর্মা, কেরিয়ার নিয়ে কথা বোলো না, শুনতে খারাপ লাগে। আসলে ও কী করেছে, কতটা করেছে, তুমি তো সেটা জানো না, তাই বলবে না।” অর্থাৎ, অন্য প্রতিযোগীর কাজ বা পেশাগত জীবন নিয়ে মন্তব্য করার আগে তাঁর সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত বলেই বুঝিয়ে দেন তিনি। অন্যদিকে, ছেলের সঙ্গে বসে গেম প্ল্যান নিয়েও আলোচনা করতে দেখা যায় তাঁকে। সেই কথোপকথনে উঠে আসে মোহরের প্রসঙ্গও। দুর্নিবারের বর্তমান স্ত্রী মোহরকে ঘিরে বাড়ির বাইরে যে নানা আলোচনা চলছে, তা নিয়ে ডালিয়ার অস্বস্তিও তাঁর কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে। সৃজলা ও দুর্নিবারকে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন যে তাঁর মোটেই ভালো লাগেনি, সেটাও বুঝিয়ে দেন তিনি।
আরও পড়ুনঃ “শিলিগুড়ির ছেলে মুম্বইয়ে নিজের জায়গা তৈরি করছে কিন্তু কারওর স্ট্রাগল, ইমোশন বোঝে না!” “ওর কাছ থেকে কোনওকিছু আশা করি না…অমানবিক আচরণ, অমানুষ হলে এরকম কেউ করতে পারে!” আর যেই জিতুক, রাজবীকে ট্রফি দেওয়া যাবে না? বিগ বসের ঘরে রাজবীরের কোন আচরণে এতটা ক্ষু’ব্ধ ভরত কল? নন্দিনীকে নিয়েও মুখ খুললেন অভিনেতা! কী বললেন
সব মিলিয়ে কয়েক মিনিটের উপস্থিতিতেই বিগ বসের বাড়িতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন ডালিয়া বসু সাহা। ছেলের প্রতি মায়ের ভালোবাসা যেমন প্রকাশ পেয়েছে, তেমনই অন্য প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময়ও নিজের সংযম ও স্পষ্ট বক্তব্য বজায় রেখেছেন তিনি। কাউকে অপমান না করে কী ভাবে নিজের মনের কথা বুঝিয়ে দেওয়া যায়, তা নিয়েই এখন আলোচনা করছেন দর্শকদের একাংশ। বিশেষ করে সৃজলাকে করা প্রশ্ন এবং জিতুকে দেওয়া পরামর্শ নেটপাড়ার নজর কেড়েছে। অন্যদিকে, ডালিয়ার সঙ্গে কথোপকথনের সময় জিতু ও সৃজলাকে কিছুটা অস্বস্তিতে থাকতে দেখা যায়। একান্তে তাঁদের বলতে শোনা যায়, “মিষ্টি কথায় জুতো পেটা!” তাঁদের এই মন্তব্য নিয়েও চর্চা শুরু হয়েছে। দুর্নিবারের মায়ের কয়েক মিনিটের উপস্থিতি যে বিগ বসের বাড়ির সমীকরণে নতুন আলোচনা তৈরি করেছে, তা বলাই যায়।






