বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘিরে দর্শকদের উত্তেজনা ক্রমশ বাড়ছে। দেখতে দেখতে এই রিয়্যালিটি শো দু’মাস অতিক্রম করেছে। দীর্ঘদিন বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে, ফোন এবং পরিবারের মানুষদের ছাড়া প্রতিযোগীদের দিন কাটছে বিগ বসের বাড়িতে। কখনও ঝগড়া, কখনও মনোমালিন্য আবার কখনও আনন্দের মুহূর্তে কাটছে তাঁদের সময়। তবে প্রিয়জনদের থেকে এতদিন দূরে থাকার কষ্ট প্রতিযোগীদের আবেগ এবং চোখের জলে বারবার প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতিতে প্রতিযোগীদের মনোবল বাড়াতে আয়োজন করা হয়েছে বিশেষ ‘ফ্যামিলি টাইম’-এর। মঙ্গলবার রাতের পর্বে পরিবারের সদস্যদের দেখতে পেয়ে আনন্দে ভরে ওঠে বিগ বসের বাড়ি। দীর্ঘ দু’মাস পর কাছের মানুষদের সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি কেউই। তবে এ দিনের পর্বে বিশেষভাবে নজর কেড়েছেন সংগীতশিল্পী দুর্নিবার সাহার মা ডালিয়া সাহা।
ছেলের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি ছিল বেশ আবেগঘন। মাকে সামনে পেয়ে দুর্নিবারও আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে মা-ছেলের এই সাক্ষাৎ শুধু আবেগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। দুর্নিবার যখন গান ধরেন, তখন তাঁর পাশে বসেই আবৃত্তির মাধ্যমে সঙ্গত দেন ডালিয়া। গান ও আবৃত্তির এই সুন্দর যুগলবন্দি দেখে আবেগ সামলাতে পারেননি বিগ বসের বাড়িতে উপস্থিত অন্য সদস্যরাও। তাঁদের চোখেও জল চলে আসে। মা-ছেলের এই বিশেষ মুহূর্তের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনদের একাংশ। অনেকেই দুর্নিবারের মায়ের ব্যক্তিত্ব এবং তাঁর প্রতিভার প্রশংসা করেছেন। তবে এই পারিবারিক সাক্ষাৎপর্বকে ঘিরে অন্য একটি বিষয় নিয়েও শুরু হয় আলোচনা। অনেকেরই ধারণা ছিল, দুর্নিবারের সঙ্গে দেখা করতে তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন ওরফে মোহরও হয়তো বিগ বসের বাড়িতে আসবেন। কিন্তু তাঁকে সেখানে দেখা যায়নি।
মোহরের অনুপস্থিতি নজর এড়ায়নি দর্শকদের। বিশেষ করে দুর্নিবারের মায়ের প্রবেশের পরেও স্ত্রীকে সেখানে দেখতে না পেয়ে নেটিজেনদের একাংশ নানা প্রশ্ন তুলতে শুরু করেন। কেন মোহর স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন না, তা নিয়েও শুরু হয় জল্পনা। অবশেষে এই সমস্ত আলোচনা এবং প্রশ্নের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন মোহর। একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। সেখানে কাছের একজন মানুষের লেখা কয়েকটি লাইন তুলে ধরে মোহর লেখেন, “আমার খুব কাছের একজনের লেখা ধার নিয়ে বললাম, তোর সুখেতেই শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে বুক, আদর সাজাই, চোখে হারাই, দেখতে তোর হাসি মুখ।” এরপরই তাঁর সংযোজন, “মা মা-ই হয়, আমি কোন হরিদাস পাল যে একজন মায়ের থেকে এতদিন পর সন্তানকে চোখে দেখার আনন্দ নিজের ভাগে নিয়ে নেব?” এই কথার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন, দীর্ঘদিন পর ছেলের সঙ্গে দেখা করার আনন্দ তাঁর মায়ের কাছ থেকে নিজের ভাগে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
আরও পড়ুনঃ “ও ভাল মানুষ, বন্ধুত্ব থাকতেই পারে, তবে…” “তোমার তো বাইরে আছে… সেটা তো সম্ভব নয়!” বিচ্ছেদের ইঙ্গিত শনের, জেনেশুনেই জিতুর সঙ্গে ভিয়েতনাম যাওয়ার পরিকল্পনাতে জল ঢাললেন লিমা? ফ্যামিলি উইকে দিদির কাছে কোন বিশেষ পরামর্শ পেলেন সৃজলা? প্রভাব পড়বে কী জিতু-সৃজলার সমীকরণে?
উল্লেখ্য, দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের বিয়ে নিয়েও একসময় কম আলোচনা হয়নি। ২০২৩ সালের ৯ মার্চ আইনি এবং সামাজিক দুই রীতিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। মোহর পেশাগতভাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ম্যানেজার হিসেবেও পরিচিত। তাঁদের বিয়ের আগে এবং পরেও নানা বিতর্ক তৈরি হয়েছিল। তবে সমস্ত আলোচনা ও বিতর্ক পেরিয়ে একসঙ্গে নতুন জীবন শুরু করেন দুর্নিবার ও মোহর। বর্তমানে তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। বিগ বসের বাড়িতে দুর্নিবারের মায়ের উপস্থিতি এবং মোহরের এই বার্তার পর তাঁদের পারিবারিক সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শাশুড়ির প্রতি মোহরের সম্মান এবং তাঁর বক্তব্যের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, দীর্ঘদিন পর মা ছেলেকে সামনে থেকে দেখার যে আনন্দ পেয়েছেন, সেই মুহূর্তকে গুরুত্ব দেওয়াই উচিত। সেখানে নিজের উপস্থিতি নিয়ে আলাদা করে ভাবেননি মোহর। সব মিলিয়ে দুর্নিবারের মায়ের ফ্যামিলি ডে-তে উপস্থিতি যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনই স্ত্রীর এই আবেগঘন বার্তাও নজর কেড়েছে।






