জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে নিয়ে ফের শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ। সম্প্রতি রেড কার্পেটে ল্যাভেন্ডার রঙের ডিজাইনার শারারা ও ক্রপ টপ পরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তাঁর পোশাক এবং চেহারা নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন একাংশের নেটিজেন। কেউ তাঁকে ‘সুগার আন্টি’ বলে কটাক্ষ করেন, আবার কেউ তাঁর পোশাকের রুচি নিয়েও প্রশ্ন তোলেন। এমনকী বয়স নিয়েও মন্তব্য করতে ছাড়েননি কেউ কেউ। তবে এই ধরনের মন্তব্যে চুপ করে থাকেননি ছোটপর্দার পরিচিত মুখ ইন্দ্রাণী। কমেন্ট বক্সেই পাল্টা জবাব দিয়ে নিজের আসল জন্মসালও জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।
এক নেটিজেন অনামিকা ইন্দ্রাণীর পোশাক নিয়ে প্রশ্ন তোলেন এবং লেখেন, তাঁর মতে এই পোশাক অভিনেত্রীর সঙ্গে মানানসই হয়নি। সেই সঙ্গে ওই নেটিজেন দাবি করেন, ইন্দ্রাণী নাকি এখনও ৪০ বছর বয়সী এবং অভিনেত্রীর পোশাকের রুচি নিয়েও কটাক্ষ করেন। জবাবে নিজের বয়স নিয়ে তৈরি হওয়া ভুল ধারণার প্রতিবাদ করেন ইন্দ্রাণী। তিনি জানান, তাঁর জন্ম ১৯৭১ সালে, তাই তাঁকে ৪০ বছর বয়সী বলা ঠিক নয়। পোশাক নিয়ে অন্যের মতামত দেওয়ারও প্রয়োজন নেই বলে স্পষ্ট করেন অভিনেত্রী। ইন্দ্রাণী বলেন, “আমার বয়স ৪০ কে বলেছে? আমি ১৯৭১ সালে জন্মেছি, তাহলে আমার বয়স ৪০ কীভাবে হয়? আমি কী পরব, সেটা আমি ঠিক করব, পাবলিক নয়।” এরপর তিনি ওই নেটিজেনকে নিজের পোশাক নিয়ে না ভেবে নিজের বিষয়েই মন দেওয়ার পরামর্শ দেন এবং বলেন, তাঁর পোস্ট ভালো না লাগলে সেটি না দেখলেই পারেন।
এরপর আরও এক অনুগামী মজা করে ইন্দ্রাণীকে ‘সুগার আন্টি’ বলে সম্বোধন করেন। সেই মন্তব্যেরও জবাব দেন অভিনেত্রী, তবে এবার তাঁর উত্তরে ছিল রসিকতার সঙ্গে কড়া বার্তা। ইন্দ্রাণী বলেন, “আমাকে আন্টি বললে খুব কষ্ট পেয়েছি, তার বদলে ঠাকুমা বলো।” এরপর ‘সুগার’ শব্দটিকেই নিজের মতো করে ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, “তুমি ঠিকই বলেছ, আমি সুগারের মতোই, খুব মিষ্টি। মানুষ তাই বলে।” অর্থাৎ কটাক্ষের জবাব দিতে গিয়ে নিজেকেই নিয়ে রসিকতা করেছেন তিনি। তবে তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল, বয়স বা শরীর নিয়ে মন্তব্য করলেও তিনি সেই ধরনের ট্রোলিংকে গুরুত্ব দিতে রাজি নন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি বা পোশাক নিয়ে এমন মন্তব্যের মুখে এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইন্দ্রাণী।
শুধু পোশাক বা বয়স নয়, নিজের ওজন কমানোর কারণ নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। ইন্দ্রাণী জানান, বয়সের সঙ্গে কিছু শারীরিক সমস্যা এবং পিঠের ব্যথার কারণেই তাঁকে ওজন কমাতে হয়েছে। এই কারণেই তাঁকে যোগব্যায়ামও করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি মুম্বইয়ের অভিনেত্রীদের অনেকেই তাঁর তুলনায় আরও রোগা, এমন কথাও নিজের বক্তব্যে উল্লেখ করেছেন ইন্দ্রাণী। তবে নিজের শরীর এবং নিজের পোশাক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যে তাঁরই, সেই কথাই স্পষ্ট করেছেন অভিনেত্রী। ইন্দ্রাণী মনে করেন, একজন মহিলা কী পরবেন বা নিজের চেহারা নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে অন্যের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের বয়স ও শরীর নিয়ে নিয়মিত কটাক্ষের প্রসঙ্গেই তাঁর এই মন্তব্য সামনে এসেছে।
আরও পড়ুনঃ “জন্মদিনে প্রদীপ না জ্বেলে নিজেদের মাথায় একটু আলো জ্বালান!” “কী শুরু করেছেন আপনারা?” “মানুষের বাচ্চার দুধও কেড়ে নেবেন, আবার চারপেয়ে প্রাণীদের থাকার অধিকারও?” রবীন্দ্র সরোবরে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কুকুর প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে অগ্নিমিত্রা পালের উপর বেজায় চটলেন শ্রীলেখা মিত্র!
উল্লেখ্য, কয়েক বছর ইন্দ্রাণী হালদারকে সেভাবে লাইমলাইটে দেখা যায়নি। সেই সময় শারীরিক অসুস্থতার কারণে তাঁর ওজনও বেড়ে গিয়েছিল বলে জানা যায়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং আবারও নিজের কাজ ও উপস্থিতির মাধ্যমে নজর কাড়ছেন। ওজন কমানোর পর নতুন লুকে তাঁকে দেখে যেমন প্রশংসা করেছেন অনেকে, তেমনই তাঁর শরীর নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে ট্রোলিংকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে জীবনযাপনের বার্তাই দিচ্ছেন অভিনেত্রী। তাঁর এমন স্পষ্ট জবাবের পর বহু অনুরাগী তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় বয়স ও শরীর নিয়ে মন্তব্যের প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ইন্দ্রাণীর সাম্প্রতিক মন্তব্য তাই ফের সামনে এনেছে তারকাদের ব্যক্তিগত চেহারা, বয়স ও পোশাক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার বিষয়টি।






