‘না বলা সত্ত্বেও বারবার প্রেমের প্রস্তাব, সবার সঙ্গে সৃজলার মেশাতেও আপত্তি!’ ‘এটা প্রেম নয়, মানসিক চাপ তৈরি করা!’ ‘সৃজলার জীবনের শান্তি-অশান্তি উনি ঠিক করবেন কেন?’ বিগ বসের ঘরে জিতু কমলের আচরণ নিয়ে সরব দর্শকরা, উঠছে নার্সিসিস্টিক অ্যাবি*উজের অভিযোগ! কী এই মা’নসিক অসু’স্থতা, কেন তা নিয়ে উদ্বিগ্ন দর্শকদের একাংশ?

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে জিতু কমল (Jeetu Kamal) ও সৃজলা গুহকে (Srijla Guha) ঘিরে আলোচনা যেন থামছেই না। কখনও বন্ধুত্ব, কখনও মান-অভিমান, আবার কখনও প্রেমের প্রস্তাব, সব মিলিয়ে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে দর্শকদের মধ্যে চলছে বিস্তর চর্চা। সম্প্রতি পাশাপাশি বিছানায় শুয়ে ফের সৃজলাকে ‘আই লাভ ইউ’ বলেন জিতু। শুধু নিজের অনুভূতির কথা জানিয়েই থেমে থাকেননি অভিনেতা, সৃজলার কাছ থেকে হ্যাঁ অথবা না, যে কোনও একটি উত্তরও চেয়ে বসেন। কিন্তু সৃজলার জবাব ছিল স্পষ্ট, ‘নো’। এরপর দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একে অপরের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নেন তাঁরা। যদিও রাতের খাবারের সময় ফের বদলে যায় পরিস্থিতি। নিজের হাতে সৃজলাকে খাইয়ে দেন জিতু। কিন্তু এই ঘটনাগুলির পরেই জিতুর আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছেন দর্শকদের একাংশ।

বিশেষ করে সৃজলার বারবার না বলার পরেও জিতুর প্রেমের প্রস্তাব দিয়ে যাওয়া এবং তাঁর কাছ থেকে উত্তর পাওয়ার জন্য চাপ দেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না অনেকে। দর্শকদের একাংশের বক্তব্য, কাউকে ভালোবাসার কথা জানানো ব্যক্তিগত অনুভূতি হতে পারে, কিন্তু সেই অনুভূতির উত্তর দিতে অন্য কাউকে বাধ্য করা যায় না। তাঁদের দাবি, সৃজলা একাধিকবার নিজের অবস্থান বুঝিয়ে দিলেও জিতু বারবার একই প্রসঙ্গ ফিরিয়ে আনছেন। এমনকী সম্প্রতি তাঁকে বলতে শোনা যায়, ‘আই লাভ ইউ-এর উত্তর দাও। তোমার উত্তরের উপর নির্ভর করছে তোমার জীবনে শান্তি আসবে না অশান্তি!’ এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। দর্শকদের প্রশ্ন, ভালোবাসার প্রস্তাবের উত্তরের সঙ্গে কারও জীবনের শান্তি বা অশান্তিকে জুড়ে দেওয়া কি একপ্রকার মানসিক চাপ তৈরি করা নয়? তাঁদের মতে, সম্পর্কের ক্ষেত্রে সম্মতি এবং ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারও কাছ থেকে বারবার উত্তর চাওয়া বা প্রত্যাখ্যান মেনে নিতে না পারাকে প্রেমের প্রকাশ হিসেবে দেখা উচিত নয় বলেও মনে করছেন অনেকে।

শুধু প্রেমের প্রস্তাব নয়, বিগ বসের ঘরে সৃজলার দৈনন্দিন জীবনেও জিতুর অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে অভিযোগ তুলছেন দর্শকদের একাংশ। তাঁদের বক্তব্য, সৃজলা কোথায় বসবেন, কখন খাবেন, কী খাবেন, কোন দিকে ফিরে ঘুমোবেন কিংবা কার সঙ্গে কথা বলবেন, সেই বিষয়েও জিতুর মতামত এবং নির্দেশ বারবার সামনে আসছে। সৃজলা অন্য প্রতিযোগীদের সঙ্গে কথা বললে বা তাঁদের সঙ্গে হাসি-আড্ডায় অংশ নিলে জিতুর প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে। রাজবীর দে-র হাত ধরে টানার ঘটনা, নিরঞ্জনকে খাইয়ে দেওয়া কিংবা দুর্নিবার সাহার সঙ্গে কথা বলা নিয়েও জিতুর আপত্তি দর্শকদের নজর এড়ায়নি। এমনকী সৌরভের হাসি, তনুশ্রীর রাগ কিংবা রণিতা ও মনামীর সঙ্গে সৃজলার সমীকরণ নিয়েও জিতুর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। দর্শকদের একাংশের অভিযোগ, এই আচরণের ফলে সৃজলার মনে এমন ধারণা তৈরি হতে পারে যে বাড়ির অন্য সদস্যরা তাঁর বিরুদ্ধে এবং জিতুই একমাত্র তাঁর পাশে রয়েছেন। তাঁদের প্রশ্ন, একজন প্রতিযোগী কার সঙ্গে মিশবেন বা কার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি তাঁর নিজের নয়?

এই প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় মানসিক নির্যাতন বা নার্সিসিস্টিক অ্যাবিউজের বিষয়টি তুলে ধরছেন অনেক দর্শক। তাঁদের বক্তব্য, শারীরিক অসুস্থতা নিয়ে মানুষ যতটা সচেতন, মানসিক অসুস্থতা এবং মানসিক নির্যাতনের ক্ষেত্রে সেই সচেতনতা অনেক সময় দেখা যায় না। একজন দর্শকের দীর্ঘ প্রতিক্রিয়ায় উঠে এসেছে, নার্সিসিস্টিক অ্যাবিউজের ক্ষেত্রে প্রথমে একজনকে তাঁর বন্ধু ও পরিচিতদের থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হয়। এরপর তাঁকে বোঝানো হয়, অন্য কেউ তাঁর প্রকৃত বন্ধু নন, একমাত্র নির্দিষ্ট একজনই তাঁর পাশে রয়েছেন। ধীরে ধীরে সেই ব্যক্তির উপর নির্ভরশীলতা বাড়লে তাঁর দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। সবার সঙ্গে কথা বলা, মেলামেশা কিংবা হাসাহাসি নিয়েও আপত্তি তৈরি হতে পারে। ওই দর্শকের বক্তব্য, এই ধরনের পরিস্থিতিতে কেউ নিজের মতো চলতে চাইলেই অপর ব্যক্তি খাওয়া বন্ধ করে দেওয়া বা নিজেকে কষ্ট দেওয়ার মতো আচরণ করতে পারেন। এর ফলে অন্য মানুষটি অপরাধবোধে ভুগতে থাকেন এবং সবসময় ভাবতে থাকেন, তাঁর কোনও কাজের জন্য আবার কেউ কষ্ট পেলেন না তো? জিতু ও সৃজলার সাম্প্রতিক সমীকরণের মধ্যে এমন কিছু আচরণের মিল খুঁজে পাচ্ছেন বলেই দাবি দর্শকদের একাংশের।

এখানেই শেষ নয়, দর্শকদের আরও অভিযোগ, এই ধরনের সম্পর্কে বাইরে থেকে অনেক সময় নির্যাতনকারী ব্যক্তিকেই বেশি আত্মত্যাগী বলে মনে হয়। মনে হয়, তিনি ভালোবেসে কষ্ট পাচ্ছেন এবং অন্যজনের জন্য সবকিছু করছেন। অথচ অন্য দিকের মানুষটি কী ধরনের মানসিক চাপের মধ্যে রয়েছেন, তা সহজে বোঝা যায় না। একজন দর্শকের ব্যাখ্যা অনুযায়ী, কখনও কান্নাকাটি করে অপরাধবোধ তৈরি করা, আবার কিছুক্ষণের মধ্যেই হাসিমুখে ভালোবাসার কথা বলা, এই বিপরীত আচরণ অন্য ব্যক্তির মনে বিভ্রান্তি তৈরি করতে পারে। একদিকে আবেগের চাপ, অন্যদিকে ভালোবাসার আশ্বাস, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর ফলে ভয়, অপরাধবোধ এবং মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। এমনকী নিজের প্রতি অন্যায় হচ্ছে বুঝতে পারলেও সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়তে পারে। তবে জিতু কামালের ক্ষেত্রে এই অভিযোগগুলি দর্শকদের ব্যক্তিগত পর্যবেক্ষণ ও ব্যাখ্যা, কোনও চিকিৎসাগত মূল্যায়ন নয়। এই প্রসঙ্গে দর্শকদের একাংশের বক্তব্য, বিগ বসের মতো জনপ্রিয় জাতীয় স্তরের মঞ্চে এমন সংবেদনশীল বিষয়কে হালকাভাবে দেখানো উচিত নয়। মানসিক নির্যাতনের বিষয়টি নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ ‘সেদিন হাতজোড় করে মায়ের কাছে ক্ষমা চেয়ে বলেছিলাম, তোমায় অন্যরূপে পুজো করব’ দুর্গাপুজো বন্ধ করে কেন জগদ্ধাত্রী আরাধনা শুরু করেন ইন্দ্রাণী দত্ত? চার বছর ধরে বাড়িতে চলছে যে পুজো, তার নেপথ্যের আসল কারণ জানালেন অভিনেত্রী?

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সৃজলাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, এমন দর্শকরাও তাঁর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তাঁদের বক্তব্য, কোনও প্রতিযোগীর খেলা বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের সঙ্গে তাঁর মানসিক স্বস্তির বিষয়টিকে মিলিয়ে দেখা উচিত নয়। একজন দর্শক সরাসরি স্টার জলসা (Star Jalsha) এবং শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে আবেদন জানিয়েছেন, জাতীয় টেলিভিশনে টক্সিসিটি নিয়ে যেভাবে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, সেভাবেই যেন নার্সিসিস্টিক অ্যাবিউজের অভিযোগকেও গুরুত্ব দেওয়া হয়। শোয়ের নির্মাতাদের উদ্দেশে তাঁর অনুরোধ, এই ধরনের আচরণকে প্রশ্রয় দেওয়া বন্ধ করা হোক এবং প্রতিযোগীদের মানসিক অবস্থার দিকেও নজর দেওয়া হোক। তাঁর মতে, ট্রমা বন্ড বা মানসিক নির্ভরশীলতার জাল থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হতে পারে। তাই সময় থাকতেই এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া দরকার। সব মিলিয়ে জিতু ও সৃজলার সম্পর্কের সমীকরণ এখন আর শুধুই প্রেম কিংবা বন্ধুত্বের আলোচনায় আটকে নেই। বরং বিগ বসের ঘরে তাঁদের আচরণ ঘিরে মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত স্বাধীনতা এবং সম্পর্কের মধ্যে সম্মতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসছে। আগামী দিনে শোয়ের নির্মাতারা এই পরিস্থিতি নিয়ে কী পদক্ষেপ করেন, সেদিকেই নজর দর্শকদের।

You cannot copy content of this page