ব্যক্তিগত জীবনে একাধিক ওঠাপড়ার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বার মা হওয়ার পর স্বামী অভিজিৎ ঘোষের সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্কেও ভাঙন ধরে। ছেলের বয়স এক বছর হওয়ার আগেই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। তবে জীবনের কঠিন সময়েও দুই সন্তানকে নিয়ে নতুন করে এগিয়ে চলেছেন অভিনেত্রী। পুজোর ছুটিতে ছেলে-মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মানসী। সেই সফরের কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে সন্তানদের উদ্দেশে মনের কথা লিখেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মানসী জানিয়েছেন, একদিন হয়তো তাঁর ছেলে-মেয়ের এই ভ্রমণের কথা আর মনে থাকবে না। বড় হয়ে তারা বন্ধুদের সঙ্গে দেশ-বিদেশ ঘুরবে, নিজেদের মতো করে জীবন গড়বে এবং নতুন নতুন স্মৃতি তৈরি করবে। কিন্তু এই সফরের ছোট ছোট মুহূর্ত তাঁর মনে চিরকাল থেকে যাবে। সন্তানদের হাসি, আনন্দ এবং তাদের সঙ্গে কাটানো সময় কীভাবে তাঁকে সব দুশ্চিন্তা ভুলিয়ে দিয়েছে, সেই কথাও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, দুই সন্তানই তাঁকে নিজের ভাবনার চেয়েও বেশি শক্তিশালী করে তুলেছে।
মানসী আরও লিখেছেন, মা হওয়া সবসময় সহজ নয়, কিন্তু দুই সন্তানের মা হতে পারা তাঁর জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। তাঁদের পরিবার হয়তো বাইরের মানুষের কল্পনার মতো নিখুঁত নয়, কিন্তু একে অপরের পাশে থাকার যে ভালোবাসা রয়েছে, সেটাই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান। সন্তানরা বড় হয়ে যত দূরেই চলে যাক, জীবনের যে প্রান্তেই থাকুক না কেন, মায়ের ভালোবাসা ও আশ্রয় সবসময় তাদের সঙ্গে থাকবে। এই সফরকে বিশেষ করে তোলার জন্য দুই সন্তানকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
অন্য একটি পোস্টে ছেলের সঙ্গে ছবি দিয়ে মানসী মজার ছলে লিখেছেন, তিনি ছেলেকে নিয়ে একটু বেশিই মেতে থাকেন কি না, তা হতে পারে। কিন্তু এই ক্যাপশন দেখে এক মহিলা তাঁকে পরামর্শ দেন, ছেলে ও মেয়েকে যেন সমান ভালোবাসেন। তা না হলে ভবিষ্যতে দুই সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে বলে মন্তব্য করেন ওই মহিলা। জবাবে মানসী জানান, তাঁর মেয়েও ছোট ভাইকে ভীষণ ভালোবাসে এবং তাকে নিয়ে একই রকম মেতে থাকে। সমুদ্রের ধারে দুই সন্তানের সঙ্গে অভিনেত্রীর ছবি এবং তাঁর এই উত্তর ঘিরে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ‘আরেকটু ওপরে…’, দশমীতে সুস্মিতাকে সিঁদুর দিলেন সাহেব! বিয়ের আগে কি সেরে ফেললেন শুভকাজ?
মানসীর স্বামী অভিজিৎ ঘোষ। ২০২৬ সালের ১৯ মার্চ ছোট ছেলে অধ্যায়ের প্রথম জন্মদিনে তাঁদের বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে জানান অভিনেত্রী। এর আগেও দাম্পত্য জীবনে সমস্যার কারণে আলাদা থাকার কথা জানিয়েছিলেন তাঁরা। তখন মেয়ের কথা ভেবে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন। কিন্তু ছেলে জন্মানোর পর ফের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং দুজনের সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে মানসী জানিয়েছেন, তিনি নিজেকে ‘সিঙ্গল মাদার’ হিসেবে পরিচয় দিতে চান না। কারণ, সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে তাদের বড় করে তোলার দায়িত্বে বাবা অভিজিৎও নিজের ভূমিকা পালন করেন।






