বনগাঁর একটি অনুষ্ঠানকে ঘিরে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বিজেপি নেতা তনয় শাস্ত্রীর মধ্যে শুরু হওয়া বিতর্ক এখনও থামেনি। গত কয়েক মাস ধরে অভিযোগ, পাল্টা অভিযোগ এবং আইনি টানাপোড়েন চলার পর এবার নিরাপত্তার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মিমি। সূত্রের খবর, খুব শীঘ্রই আদালতে এই মামলার শুনানি হতে পারে।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৫ জানুয়ারি। সেদিন বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ, নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছনোর কারণে অনুষ্ঠান শেষ হওয়ার সময়সীমা নিয়ে সমস্যা তৈরি হয়। রাত ১২টা পর্যন্ত প্রশাসনিক অনুমতি থাকায় সেই সময় পার হতেই অনুষ্ঠান বন্ধ করার অনুরোধ জানানো হয়েছিল বলে জানা যায়।

এই পরিস্থিতিতে অনুষ্ঠান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হন অভিনেত্রী। পরে তিনি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তনয় শাস্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয় এবং আদালতে তোলা হলে কিছু সময়ের জন্য তাঁকে জেল হেফাজতেও থাকতে হয়। বিষয়টি দ্রুত রাজনৈতিক এবং সামাজিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
পরবর্তীতে জামিনে মুক্তি পান তনয় শাস্ত্রী। এরপর তিনি মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানির দাবি তুলে আইনি পদক্ষেপ করেন। পাশাপাশি তাঁর আইনজীবীর পক্ষ থেকে আরও কিছু আবেদনও করা হয়। যদিও মিমি সেই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন এবং প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করেন।
আরও পড়ুনঃ প্রথম ছবিতেই বাজিমাত, তবুও টলিউডে আর মন নেই! মুম্বই এখন বেশি টানছে, এই জনপ্রিয় টলি নায়িকাকে! টলিপাড়ার পরিচালকদের সঙ্গে সম্পর্ক অতীত, বলিপাড়ার প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা ঘিরে বাড়ছে জল্পনা!
সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে অভিনেত্রী জানান, তাঁর বিরুদ্ধে যে তথ্য প্রচার করা হচ্ছে তার অনেকটাই ভুল এবং তা তাঁর ভাবমূর্তির ক্ষতি করছে। তিনি স্পষ্ট করেন, অভিযোগগুলির সঙ্গে বাস্তবের মিল নেই। এই পরিস্থিতির মধ্যেই নিজের নিরাপত্তার প্রশ্ন তুলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে বনগাঁ কাণ্ডের এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে।






