দীর্ঘ বিরতির পর আবার বাংলা ধারাবাহিকে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিংহ। একসময় ছোটপর্দার পরিচিত মুখ হলেও গত কয়েক বছর তাঁকে নিয়মিত দেখা যায়নি। শেষবার ২০২৫ সালে ‘ডায়মন্ড দিদি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। এবার প্রযোজক ও পরিচালক সুশান্ত দাসের নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’ দিয়ে আবার অভিনয়ে ফিরলেন তিনি। এই সিরিয়ালে তিনি নায়কের দিদির ভূমিকায় অভিনয় করছেন। নতুন কাজে ফেরার পর টেলিপাড়ার বর্তমান পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতেই অভিনেত্রী খোলামেলা উত্তর দিয়েছেন। তিনি বলেন, “অবশ্যই পরিবর্তন হয়েছে।
প্রযুক্তি আরও উন্নত হয়েছে। তাতে খুঁটিনাটি কাজ ভাল হচ্ছে। এর বেশি বড় বদল এখনও চোখে পড়েনি।” মিষ্টি সিংহের মতে, সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশনের কাজের ধরন অনেকটাই বদলেছে। এখন নতুন প্রজন্মের অনেক অভিনেত্রী খুব অল্প বয়সেই নায়িকার চরিত্রে সুযোগ পাচ্ছেন। সেই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর কি আবার নায়িকা হওয়ার ইচ্ছে নেই? উত্তরে অভিনেত্রী বাস্তবতা মেনে নিয়ে জানান, “এখন খুব অল্পবয়সিরা নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। আমি আর সেই বয়সে নেই। ফলে, এখন আর নায়িকা হওয়ার উপায় নেই।”
তবে তিনি এটাও স্পষ্ট করে দেন, চরিত্রের গুরুত্বই তাঁর কাছে আসল, নাম নয়। নায়িকা না হয়েও ভালো কাজ করা যায় বলেই বিশ্বাস করেন মিষ্টি। তাঁর কথায়, ‘দিদি’ বা ‘বৌদি’ চরিত্রও দর্শকের মনে জায়গা করে নিতে পারে, যদি অভিনয় সৎভাবে করা যায়। সেই কারণেই তিনি চরিত্র বেছে নিয়ে কাজ করতে চান। অভিনেত্রী বলেন, “বরাবর অভিনয়ে থাকতে চেয়েছি। আমার কোনও ছুঁতমার্গ নেই। তাই আরও আগেই বৌদি, দিদির চরিত্রে অভিনয় করেছি।” অর্থাৎ, শুধুমাত্র প্রধান চরিত্রের অপেক্ষায় বসে না থেকে তিনি কাজের মধ্যেই থাকতে চেয়েছেন সবসময়।
এই প্রত্যাবর্তনের আগে টেলিপাড়ায় দু’টি বড় ঘটনা ঘটে, যা অনেককেই নাড়িয়ে দিয়েছিল। প্রথমটি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু। আউটডোর শুটিংয়ে গিয়ে তালসারির সমুদ্রে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এই প্রসঙ্গে মিষ্টিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “জানেন, এখন আউটডোর শুটিংয়ে অ্যাম্বুল্যান্স, ডাক্তার থাকেন!” পরে আরও যোগ করেন, “রাহুলদা টেলিপাড়ার পরিবেশটাই বদলে দিয়ে চলে গেল। এখন সবাই আরও বেশি সজাগ। যদিও এটা কাম্য ছিল না।” তাঁর কথায় স্পষ্ট, ওই ঘটনার পর শুটিং ইউনিটে নিরাপত্তা নিয়ে সচেতনতা বেড়েছে।
আরও পড়ুনঃ “লাল জিতবে” বলেই জিভ কাটলেন মানসী সিনহা! বিধানসভা ভোটের ফল ঘোষণার বাকি আর দু’দিন, বামেদের নিয়ে আত্মবিশ্বাসের ভবিষ্যদ্বাণী ঘিরে ফের শিরোনামে অভিনেত্রী!
অন্যদিকে, পরিচালক সুশান্ত দাসকে ঘিরে ওঠা অভিযোগ নিয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তবে তিনি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে জানান, “বরাবর দেখেছি, সুশান্তদা সেটে থাকেন সবার কাজ দেখার জন্য। হাতে ধরে সবাইকে অভিনয় বুঝিয়ে দেওয়ার জন্য। এর বাইরে আর কিছু করতে তাঁকে দেখিনি।” মিষ্টি আরও বলেন, “বেশ কিছু দিন গ্যাপ পড়ে গেলে অনেকে ভুলে যান। বা নিয়মিত কাজ করব কি না, ভাবেন। চট করে কাজ দিতে চান না। সুশান্তদা কিন্তু তাঁর কাছে কাজ করা প্রত্যেককে মনে রাখেন। যদি দেখেন, ওই ব্যক্তি সত্যিই কাজ করতে চাইছেন, কখনও তাঁকে ফেরান না।” সেই বিশ্বাস থেকেই ‘ঘূর্ণি’ ধারাবাহিক দিয়ে নতুনভাবে পথচলা শুরু করলেন তিনি।






“লাল জিতবে” বলেই জিভ কাটলেন মানসী সিনহা! বিধানসভা ভোটের ফল ঘোষণার বাকি আর দু’দিন, বামেদের নিয়ে আত্মবিশ্বাসের ভবিষ্যদ্বাণী ঘিরে ফের শিরোনামে অভিনেত্রী!