বিনোদন জগতে তারকারা আসেন, আবার সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েও যান। একসময় যাঁদের অভিনয়ে মুগ্ধ হয়ে থাকত দর্শক, সময়ের পরিবর্তনে তাঁদের অনেকেই ধীরে ধীরে আড়ালে চলে যান। পর্দায় একসময় যতই দাপট থাকুক না কেন, নতুন প্রজন্মের ভিড়ে পুরনো শিল্পীদের অনেকের কথাই যেন ভুলতে বসে মানুষ। তবে এমন কিছু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁদের অভিনয় এবং পর্দায় ফুটিয়ে তোলা চরিত্র দর্শকের মনে চিরকাল থেকে যায়। তাঁদের মধ্যে অন্যতম বর্ষীয়ান অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়। অভিনয় জীবনে অসংখ্য কাজ করলেও দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘জন্মভূমি’র পিসিমা চরিত্রের জন্য আজও দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত তিনি।
বাংলা অভিনয় জগতের এক পরিচিত মুখ মিতা চট্টোপাধ্যায়। উত্তম কুমার থেকে সুচিত্রা সেন, বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের একাধিক জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বয়স ৯২ পেরোলেও তাঁর প্রাণখোলা স্বভাব এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব আজও মুগ্ধ করে অনুরাগীদের। একটা সময় বড় পর্দা, ছোট পর্দা এবং মঞ্চ, সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে জীবনের এতটা পথ পেরিয়ে এসেও অভিনয় জগতের প্রতি তাঁর ভালোবাসা এবং কিছু না পাওয়ার আক্ষেপ যেন একইভাবে রয়ে গিয়েছে। খুব অল্প বয়স থেকেই শিল্পকলার প্রতি আগ্রহ ছিল মিতা চট্টোপাধ্যায়ের। তাঁর প্রকৃত নাম নমিতা।
অল ইন্ডিয়া ও অল বেঙ্গল মিউজিক কম্পিটিশন অ্যান্ড কনফারেন্সে নাচের প্রতিভা দেখিয়ে যখন পরিচিতি তৈরি হচ্ছিল, তখনই বাবার এক বন্ধুর মাধ্যমে অভিনয়ের সুযোগ আসে তাঁর কাছে। পরবর্তীতে অভিনেতা অনুপ কুমারের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করার সময় তাঁর নাম নিয়ে মজা করেছিলেন অনুপ কুমার। সেই রসিকতা থেকেই নমিতা নামের পরিবর্তে মিতা হয়ে ওঠেন তিনি। এরপর অভিনয় জগতেই মিতা চট্টোপাধ্যায় নামে পরিচিতি পান অভিনেত্রী। প্রধান নায়িকার চরিত্রে খুব বেশি অভিনয় না করলেও নিজের অভিনয় দক্ষতায় আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। এমনকি সুচিত্রা সেন যে রিনা ব্রাউনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন, সেই চরিত্র মঞ্চে চার বছর আগেই অভিনয় করেছিলেন মিতা।
বিয়ের আগে পর্যন্ত অভিনয় নিয়ে বেশ ব্যস্ত ছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়ের পর স্বেচ্ছায় অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ান তিনি। অধ্যাপক স্বামীর সঙ্গে সংসার করতে দার্জিলিংয়ে চলে যান। সেখানেই পরিবার নিয়ে বেশ কয়েক বছর কাটে তাঁর। কিন্তু জীবনে নেমে আসে বড় ধাক্কা। কলকাতায় ফিরে আসার পর আকস্মিকভাবে মৃত্যু হয় তাঁর স্বামীর। এই ঘটনা মানসিকভাবে ভেঙে দিয়েছিল অভিনেত্রীকে। স্বামীকে হারানোর শোক সামলে ওঠা সহজ ছিল না তাঁর পক্ষে। পরবর্তীকালে শ্বশুরবাড়ির সদস্যদের উৎসাহেই আবার অভিনয় জগতে ফিরে আসেন তিনি। এরপর নাটক, ছোট পর্দা এবং বড় পর্দায় ফের কাজ শুরু করেন। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দূরদর্শনে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘জন্মভূমি’তে পিসিমার চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান। ধারাবাহিকটি শেষ হওয়ার প্রায় ২৭ বছর পরেও দর্শকের কাছে সেই পিসিমা পরিচয় অমলিন।
আরও পড়ুনঃ পরিচয় হিসেবে শুধু উৎপল দত্তের ছায়াসঙ্গী নন, নিজেও ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র! বাড়ির দলিল বন্ধক রেখে বাঁচিয়েছিলেন স্বপ্নের নাট্যদল, স্বামীর জেলযাত্রা থেকে সংসারের লড়াই, চোখের সামনে সহ্য করেছেন ছেলের আকস্মিক মৃ’ত্যু! একের পর এক শোকেও হার মানেননি, কেমন ছিল শোভা সেনের জীবনসংগ্রাম?
তবে দীর্ঘ অভিনয় জীবনে সাফল্য এবং দর্শকের ভালোবাসা পেলেও মনের মধ্যে একটি আক্ষেপ আজও রয়ে গিয়েছে মিতা চট্টোপাধ্যায়ের। তাঁর মতে, চলচ্চিত্রে তিনি কখনও তেমন ভালো চরিত্রের সুযোগ পাননি। অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজ করলেও বড় পর্দায় নিজের প্রতিভা অনুযায়ী চরিত্র পাওয়া হয়নি বলেই আক্ষেপ রয়েছে তাঁর। বর্তমানে বয়সের কারণে আগের মতো কাজের সুযোগও আর পান না এই বর্ষীয়ান অভিনেত্রী। একসময় যাঁর অভিনয়ে মুগ্ধ হতেন দর্শক, আজ তিনি অনেকটাই আড়ালে। তবুও ‘জন্মভূমি’র পিসিমা হয়ে তিনি যে জায়গা দর্শকের মনে তৈরি করেছেন, তা সহজে মুছে যাওয়ার নয়। জীবনের ৯২টি বসন্ত পেরিয়েও তাঁর অভিনয় জীবনের গল্প আজও বাংলা বিনোদন জগতের এক স্মরণীয় অধ্যায়।






