বিগ বসের ঘরে প্রেম, ঝগড়া, আবেগ আর বিতর্কের একাধিক মুহূর্তের সাক্ষী থেকেছেন দর্শক। তবে শেষ পর্যন্ত টপ ফাইভে পৌঁছনোর আগেই বিগ বস বাংলা থেকে বিদায় নিতে হয়েছে প্রতিযোগী নন্দিনী দত্তকে। তাঁর এই অপ্রত্যাশিত এলিমিনেশন ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক, বাড়ির ভিতরে আচরণ এবং শো থেকে বাদ পড়ার নেপথ্যের কারণ নিয়ে চলছে চর্চা। শো থেকে বেরিয়ে এবার সেই সমস্ত বিতর্কের জবাব দিলেন নন্দিনী। জানালেন, বিগ বসের বাড়িতে ঠিক কী ভুল করেছিলেন তিনি, রাজবীরের পরিবারের সঙ্গে তাঁর কী কথা হয়েছে এবং বিচারক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিছু মন্তব্যে কেন আঘাত পেয়েছেন তিনি।
সাক্ষাৎকারে নিজের ভুল স্বীকার করে নন্দিনী জানান, বিগ বসের বাড়িতে থাকাকালীন তিনি সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলেন যে সেখানে অসংখ্য ক্যামেরা রয়েছে এবং রাজবীর শুধু তাঁর প্রেমিক নন, একজন প্রতিযোগীও। আবেগের বশে এমন কিছু আচরণ করেছেন, যার জন্য তাঁকে শাস্তি পেতে হয়েছে। তাঁর কথায়, রাজবীর যদি একবার তাঁকে সতর্ক করে বলতেন যে তিনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন এবং তাঁর এই আচরণ প্রতিযোগিতা থেকে বাদ পড়ার কারণ হতে পারে, তাহলে হয়তো নিজেকে সামলে নিতে পারতেন। তবে নিজের ভুলের জন্য কোনও অজুহাত দিতে চান না নন্দিনী। তিনি আরও জানান, বাইরে আসার পর রাজবীরের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়েছেন। তাঁর ভাইয়ের ব্যবহার তাঁকে মুগ্ধ করেছে।
এমনকী রাজবীরের মায়ের সঙ্গেও কথা বলেছেন তিনি। রাজবীরের মা প্রথমে কিছুটা রেগে থাকলেও নন্দিনী তাঁকে সময় নিতে বলেছেন এবং আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক যে কোনও গেম প্ল্যান ছিল না, তা নিয়েও স্পষ্ট বক্তব্য রেখেছেন অভিনেত্রী। নন্দিনীর দাবি, তিনি কোনওদিন রিয়েলিটি শো করেননি, তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রেমের অভিনয় করার পরিকল্পনাও তাঁর ছিল না। বরং রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্ক সম্পূর্ণ আবেগের। দু’জনে একে অপরের পরিপূরক এবং তাঁদের জুটিকে তিনি একটি দল হিসেবেই দেখেন। পাশাপাশি রাজবীরকে বাড়ির ভিতরে একাধিকবার অপমানজনক মন্তব্যের মুখে পড়তে হয়েছে বলেও জানান নন্দিনী।
তাঁর কথায়, রাজবীরকে তাঁর যোগ্যতা ও জীবনযাত্রা নিয়ে কটাক্ষ করা হত। সেই সময় প্রেমিক হিসেবে নয়, একজন মানুষ হিসেবেই রাজবীরের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। রাজবীরের খেলায় নিজের অবদানের কথা বলতে গিয়ে নন্দিনী স্বীকার করেন, তাঁর নিজের যাত্রায় রাজবীরের অবদান অনেক বেশি। একইসঙ্গে তিনি চান, এবার বাড়ির ভিতরে সবাই রাজবীরকে প্রতিপক্ষ হিসেবে টার্গেট করুক এবং সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আরও ভালো খেলুক সে। অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিছু মন্তব্যে যে তিনি আঘাত পেয়েছেন, সেটাও গোপন করেননি নন্দিনী। বিশেষ করে তাঁকে ‘এই শো ডিজার্ভ করেন না’ বলা হয়েছে, এই বক্তব্য মেনে নিতে পারেননি তিনি।
নন্দিনীর দাবি, বিগ বসের জন্য নিজের পরিবার, কাজ এবং ব্যক্তিগত জীবন থেকে দূরে সরে এসে তিনি সম্পূর্ণ সময় ও আবেগ দিয়েছেন। তাই ভুলের জন্য শাস্তি মেনে নিলেও তাঁর অবদানকে অস্বীকার করা উচিত নয়। এমনকী তাঁর আচরণের বিভিন্ন অংশকে প্রচারে বারবার তুলে ধরে তাঁকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মনে হয়েছে, কখনও তাঁকে খলনায়িকা হিসেবে তুলে ধরার জন্য তাঁর আচরণকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও সৌরভের প্রতি সম্মান রয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, সৌরভ নিজের দায়িত্ব পালন করেছেন, তবে তাঁর সঙ্গে কথা বলার সময় আরও সংযত হওয়া যেত।
আরও পড়ুনঃ “সবচেয়ে খারাপ তো হয়েই গেল, এরপর যা হবে ভালোই হবে!” “জীবনে কিছু কাছের বা একটু দূরের বন্ধু থাকা খুব দরকার!” “তুমি ভাবছ একাই কষ্টে আছো, কী করে জানলে অন্য কেউ আরও কষ্টে নেই?” স্বামী রাহুলকে হারানোর পর জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি প্রিয়াঙ্কা সরকার! একাকিত্বের মাঝে কীভাবে ঘুরে দাঁড়ালেন অভিনেত্রী?
সবশেষে নন্দিনী জানান, বিগ বসের বাড়িতে তাঁর যাত্রা ছিল সম্পূর্ণ রোলার কোস্টারের মতো। কখনও ভালো, কখনও খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেও এই শো তাঁকে অনেক কিছু শিখিয়েছে। সিক্রেট রুম থেকে ফিরে আসার সুযোগ পাওয়াকে তিনি নিজের প্রতি নির্মাতাদের আস্থার প্রমাণ হিসেবেই দেখছেন। তবে সেই সুযোগের সঙ্গে যে দায়িত্বও ছিল, তা ঠিকভাবে পালন করতে পারেননি বলে মনে করেন তিনি। নিজের ভুলের দায় স্বীকার করলেও বিগ বসের মঞ্চে তাঁর অবদান নিয়ে কোনও আক্ষেপ নেই নন্দিনীর। বরং রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের ভবিষ্যৎ সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি।






