বিগ বস বাংলার ঘিরে দর্শকদের উত্তেজনা যেমন তুঙ্গে, তেমনই প্রতিযোগীদের ঘিরে বিতর্কও থামার নাম নিচ্ছে না। একের পর এক প্রতিযোগীর লড়াই, ঝগড়া এবং ব্যক্তিগত মন্তব্যে সরগরম হয়ে উঠেছে এই রিয়্যালিটি শো। তবে সম্প্রতি বিগ বসের ঘর থেকে বিতাড়িত হয়েছেন প্রতিযোগী নন্দিনী দত্ত। শো থেকে বেরিয়ে আসার পরেও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। বিশেষ করে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এবার প্রকাশ্যেই নিজের ক্ষোভ ও অভিমানের কথা জানালেন নন্দিনী। তাঁর বক্তব্য, বিগ বসের ঘরে থাকার যোগ্যতা তাঁর নেই, এমন কথা তিনি কোনওভাবেই মেনে নিতে পারবেন না।
বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার মুহূর্তের অভিজ্ঞতা জানাতে গিয়ে নন্দিনী বলেন, সেই সময় তাঁর মনের অবস্থা খুবই খারাপ ছিল। তাঁর কথায়, “একটা ভুলের দুটো শাস্তি হতে পারে না।” নন্দিনীর দাবি, তিনি মনে করতেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে খুব ভালোবাসেন। তাই দাদার কাছ থেকে এমন মন্তব্য শুনে তিনি বেশ আঘাত পেয়েছেন। তাঁর মতে, প্রতিযোগী হিসেবে নিয়ম ভাঙার জন্য তাঁকে সতর্ক করা যেত। সরাসরি বলা যেত যে তিনি নিয়ম লঙ্ঘন করেছেন এবং বিগ বসের বাড়ি তাঁর নিজের বাড়ি নয়। কিন্তু সেই কথা বলার সময় যে শব্দগুলি ব্যবহার করা হয়েছিল, তা তাঁর কাছে অত্যন্ত কঠিন ও অসম্মানজনক বলে মনে হয়েছে।
নন্দিনীর মতে, সৌরভ চাইলে কথাগুলি আরও সংযতভাবে বলতে পারতেন। শুধু তাই নয়, সৌরভের প্রতি শ্রদ্ধা রেখেই তাঁর ব্যক্তিগত দিকের কথাও উল্লেখ করেছেন নন্দিনী। তাঁর বক্তব্য, সৌরভের মেয়ে সানা তাঁর প্রায় সমবয়সী। তাই একজন মেয়ের অনুভূতির জায়গাটি বিবেচনা করে সঞ্চালক হিসেবে তাঁর খেলার ইতিবাচক দিকগুলিও তুলে ধরা যেত। নন্দিনীর মতে, শোতে তাঁর কোনও ভুল হয়ে থাকলে তার জন্য সমালোচনা হতেই পারে, কিন্তু সেই সমালোচনার ভাষা আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন ছিল।
তবে বিগ বসের ঘরে নিজের যোগ্যতা নিয়ে একেবারেই আপস করতে রাজি নন নন্দিনী। তিনি স্পষ্ট জানিয়েছেন, দাদা বা অন্য কেউ বললেই তিনি বিশ্বাস করবেন না যে বিগ বসের ঘরে থাকার যোগ্যতা তাঁর নেই। এমনকী ঈশ্বর এসে বললেও তিনি এই কথা মেনে নেবেন না। নন্দিনীর দাবি, তিনি এই শোকে যথেষ্ট ভালোবেসেছেন এবং নিজের দায়িত্ব ও অবদান দিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাঁর মতে, দর্শকদের আগ্রহ তৈরি করা থেকে শুরু করে টিআরপি বাড়ানোর ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই নিজের অবদানকে অস্বীকার করতে নারাজ তিনি।
আরও পড়ুনঃ “ভক্তি হল বর্তমানের মধ্যেই ভালোটা খুঁজে নেওয়া, মুক্তি হল নিজের ভিতরের সবকিছুকে ত্যাগ করা” “ঈশ্বরের উপর সব ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে!” এক লাইন সংলাপের জন্যও ঘণ্টার পর ঘণ্টা সেটে দাঁড়িয়ে থেকেছেন! অভিনয়ের টানে ছেড়েছিলেন চাকরি, আরাম-আয়েশ! মা তারার আশীর্বাদ ও কোন মন্ত্রে ১১ বছরের কেরিয়ারে সাফল্য পেলেন সব্যসাচী?
অন্যদিকে, মেয়ের প্রতি মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নন্দিনীর মাও। তাঁর বক্তব্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজেরও একটি মেয়ে রয়েছে। সেই জায়গা থেকে একজন মেয়েকে এভাবে কথা না বললেও পারতেন তিনি। মেয়ের অভিমানকে সমর্থন করে তাঁর মা বুঝিয়ে দিয়েছেন, নন্দিনীর প্রতি ব্যবহৃত ভাষা তাঁদেরও যথেষ্ট আঘাত করেছে। সব মিলিয়ে বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পরেও সৌরভের মন্তব্যকে কেন্দ্র করে নন্দিনীর এই বিস্ফোরক প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার, এই বিতর্কে আগামী দিনে সৌরভ গঙ্গোপাধ্যায় বা বিগ বস কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসে কি না।






