“রাজবীরের মা যেভাবে ব্যাক্তিগত বিষয় না তুলে গোটা পরিস্থিতিটা সামলেছেন, আমার সত্যিই খুব ভালো লেগেছে!” “ওনার বোঝাপড়া ও বিবেচনাবোধকে আমি সম্মান করি, কিছু কথা বিগ বসের ঘরের বাইরে বসেই বলা ভালো!” রাজবীরের মায়ের আচরণে মুগ্ধ নন্দিনী, সম্পর্ক নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নয়, বিগ বস থেকে বেরোলে প্রেমিকের সঙ্গে কী করবেন জানালেন অভিনেত্রী?

বিগ বস বাংলার ঘরে আপাতত প্রতিযোগী হিসেবে নেই নন্দিনী দত্ত। কিন্তু রাজবীর দে-র সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা থামার নাম নেই। বিশেষ করে নন্দিনীর বিতর্কিত বিদায়ের পর দুজনের সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়ে দর্শকদের কৌতূহল ক্রমশ বাড়ছে। এরই মধ্যে বৃহস্পতিবারের ফ্যামিলি উইক পর্বে রাজবীরের মা বিগ বসের ঘরে প্রবেশ করেন। শিলিগুড়ি থেকে ছেলেকে দেখতে আসা মাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজবীর। বাড়ির অন্য সদস্যদের সঙ্গেও হাসিমুখে কথা বলেন তিনি। সোনামণির কাছ থেকে ছেলের দুষ্টুমির অভিযোগ শুনে মিষ্টি হেসে বলেন, ‘আর তো কটা দিন, একটু ওর দুষ্টুমি সহ্য করে নাও।’ তবে পরিস্থিতি বদলে যায় যখন রাজবীর মায়ের কাছে নন্দিনীর প্রসঙ্গ তোলেন।

নন্দিনীকে তাঁর পছন্দ কি না, সরাসরি জানতে চান ছেলে। প্রশ্ন শুনে মায়ের মুখের হাসি মিলিয়ে যায় এবং তিনি ছেলেকে আপাতত অতীতের কথা ভুলে খেলায় মন দেওয়ার পরামর্শ দেন। রাজবীরের মা স্পষ্ট জানিয়ে দেন, এখন নন্দিনীকে নিয়ে কোনও আলোচনা করতে চান না তিনি। তাঁর কথায়, ‘এখন এসব নিয়ে কোনও কথা নয়। বাইরে আয়, তারপর…আগের সব কিছু ভুলে যা। আগে যা হয়েছে, সব ভুলে যা। ওটা নিয়ে কিছু মাথায় রাখবি না। খেলাটা মন দিয়ে খেল। জেতার জন্যই তো এখানে আসা।’ শুধু তাই নয়, নন্দিনী যে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেই কথাও ছেলেকে জানান তিনি। রাজবীরের মায়ের বক্তব্য অনুযায়ী, বিগ বসের ঘর থেকে বেরোনোর পর নন্দিনী তাঁকে ফোন করে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন। এরপরেও রাজবীর যখন নন্দিনীর সঙ্গে কাটানো সময়ের প্রসঙ্গ তোলেন এবং কোন বিছানায় তাঁরা একসঙ্গে থাকতেন, তা বোঝানোর চেষ্টা করেন, তখন বিরক্ত হন তাঁর মা।

ফের নন্দিনীর কথা না তোলার জন্য ছেলেকে থামিয়ে দেন তিনি। পাশাপাশি রাজবীরকে মাথা ঠান্ডা রেখে নিজের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শও দেন। মায়ের এই আচরণ এবং নন্দিনীকে নিয়ে তাঁর মন্তব্য ইতিমধ্যেই দর্শকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। এবার সেই প্রসঙ্গেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নন্দিনী। রাজবীরের মায়ের আচরণে অবশ্য বিরক্তি প্রকাশ করেননি নন্দিনী। বরং ফ্যামিলি উইকের মতো বিশেষ সময়ে তিনি ব্যক্তিগত বিষয়টি সামনে না আনায় কৃতজ্ঞতা জানিয়েছেন। নন্দিনীর কথায়, রাজবীরের মা যেভাবে গোটা পরিস্থিতি সামলেছেন, তা তাঁর সত্যিই ভালো লেগেছে। তাঁর মতে, ফ্যামিলি উইকের মতো সময়ে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করাটা যথেষ্ট বোঝাপড়ার পরিচয়। রাজবীর এবং নন্দিনী দুজনেই বিগ বসের প্রতিযোগী ছিলেন।

তাই শোয়ের ভিতরে তাঁদের মধ্যে যা ঘটেছে, তা সেই পরিবেশের মধ্যেই হয়েছে বলে মনে করেন অভিনেত্রী। কিন্তু রাজবীরের মা তো প্রতিযোগী ছিলেন না। তিনি যে এই বিষয়টি বুঝেছেন এবং সেই সীমারেখা বজায় রেখেছেন, সেটাই নন্দিনীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁদের সম্পর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। নন্দিনীর দাবি, রাজবীর কিংবা তিনি কেউই বিগ বসে এসে একে অপরের প্রেমে পড়বেন, এমন পরিকল্পনা নিয়ে প্রবেশ করেননি। দুজনেরই আলাদা পরিকল্পনা ছিল। কিন্তু পরিস্থিতির সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। রাজবীরও কী ঘটেছিল এবং কীভাবে সবটা এগিয়েছে, তা স্বীকার করার মতো সততা দেখিয়েছেন বলে মনে করেন নন্দিনী।

সম্পর্কের মধ্যে সন্দেহ বা প্রশ্ন থাকা যে অস্বাভাবিক নয়, সেটাও নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, দুজন মানুষ সম্পর্কে জড়ালে একে অপরকে বুঝতে, বিশ্বাস তৈরি করতে এবং সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হতে সময় লাগে। রাজবীর ও নন্দিনীর পরিস্থিতিও ছিল একেবারে আলাদা। কারণ, বিগ বসের ঘরের জীবন বাইরের পৃথিবীর মতো স্বাভাবিক নয়। নন্দিনী জানিয়েছেন, তাঁদের চারপাশে একশোরও বেশি ক্যামেরা ছিল। পাশাপাশি এমন ১০ থেকে ১৫ জন মানুষের সঙ্গে এক ছাদের নীচে থাকতে হয়েছে, যাঁদের তাঁরা প্রায় চিনতেনই না। সেই পরিবেশে প্রতিনিয়ত নতুন সম্পর্ক তৈরি করা, একে অপরকে বোঝা এবং নিজেদের মধ্যে বিশ্বাস গড়ে তোলার চেষ্টা করতে হয়েছে।

তাঁর কথায়, বাইরে থেকে কেউ সত্যিই কল্পনা করতে পারবেন না, বিগ বসের ঘরে থাকা কতটা আলাদা অভিজ্ঞতা। তাই দর্শকদের প্রত্যেকের নিজস্ব মতামত, ধারণা কিংবা প্রশ্ন থাকতেই পারে। কিন্তু যাঁরা নিজেরা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, তাঁরাই বুঝতে পারবেন সেখানে প্রতিটি সম্পর্ক এবং অনুভূতির সমীকরণ কতটা আলাদা। ফলে বাইরে থেকে কোনও কিছু দেখে সম্পূর্ণ সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয় বলেই মনে করেন নন্দিনী। রাজবীরের সঙ্গে নিজের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও এখনই কোনও সিদ্ধান্ত নিতে চান না অভিনেত্রী। নন্দিনীর বক্তব্য, কিছু ব্যক্তিগত আলোচনা বিগ বসের ঘরের বাইরে বসে করাই ভালো। কারণ, ঘরের ভিতরে যে পরিস্থিতি এক রকম মনে হয়, বাইরের পৃথিবীতে সেটাই সম্পূর্ণ অন্য রকম হতে পারে। রাজবীর বাইরে বেরিয়ে এলে দুজনে একসঙ্গে বসে কথা বলবেন।

আরও পড়ুনঃ “ভাইয়ের নামে বাবার বয়সী লোককে…সেই ঘটনাগুলো থেকে বেঁচে গেলেন বোনেরা”, “ভাইফোঁটার নামে যে ঘটনাগুলো ঘটত…সবাই কি সত্যিই বোন ছিল?” অরূপ বিশ্বাসের ভাইফোঁটায় উধাও টলিউডের নায়িকারা, জোড়া আ*ক্রমণ রুদ্রনীল ঘোষ ও রূপা গঙ্গোপাধ্যায়ের! ক্ষমতার পালাবদলেই কি প্রকাশ্যে এল আসল সম্পর্কের সমীকরণ?

একে অপরের ভাবনা বুঝবেন এবং তাঁদের সম্পর্ক ঠিক কোন জায়গায় রয়েছে, তা নিয়ে আলোচনা করবেন। কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চান না তিনি। আপাতত রাজবীরের বাইরে আসার অপেক্ষাতেই রয়েছেন নন্দিনী। পাশাপাশি প্রতিযোগী হিসেবে রাজবীরকে সমর্থনও করে যাবেন বলে জানিয়েছেন। অর্থাৎ, রাজবীরের মায়ের মন্তব্যে তিনি কোনও রকম ক্ষোভ প্রকাশ করেননি, বরং তাঁর ব্যক্তিগত বিষয়টি আলাদা করে না তোলার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। অন্যদিকে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও খোলাখুলি কোনও প্রতিশ্রুতি দেননি অভিনেত্রী। সবটাই সময়ের উপর ছেড়ে দিতে চান তিনি। রাজবীর বিগ বসের ঘর থেকে বেরিয়ে এলে তাঁদের মধ্যে কী আলোচনা হয় এবং সম্পর্ক কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।

You cannot copy content of this page