বারবার নন্দিনীর জন্য আবেগপ্রবণ হয়ে পড়েন রাজবীর, মনামীর প্রশ্নে বললেন ‘আমি কাঁদি না’! কিন্তু চোখেমুখে ধরা পড়ে আবেগ, মনের মতো মানুষ পেলে রাখেন আগলে! বাইরে থেকে পাথরের মতো শক্ত দেখালেও ভিতরে ভীষণ নরম মনের মানুষ, জানেন বিপদে আজও কাদের আঁকড়ে ধরে বাঁচেন বিগ বসের এই প্রতিযোগী?

‘বিগ বস্ বাংলা ৩’-এর ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশের পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছেন রাজবীর দে। কখনও অন্য প্রতিযোগীদের সঙ্গে বিবাদ, কখনও নন্দিনী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা, আবার কখনও নিজের আত্মবিশ্বাসী আচরণের জন্য চর্চায় উঠে এসেছেন তিনি। তবে ক্যামেরার সামনে যে রাজবীরকে দেখা যায়, তাঁর জীবনের গল্পের অনেকটাই অজানা। বিনোদন জগতে পরিচিতি পাওয়ার আগে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। মডেলিং, অভিনয় এবং একাধিক রিয়্যালিটি শোয়ে অংশ নিয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। ‘বিগ বস্ বাংলা’-র দর্শকদের কাছে রাজবীর নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শুভম। কর্মজীবনে নিজের পরিচয় তৈরি করার সময় রাজবীর নামটি বেছে নেন তিনি। সেই নামেই ধীরে ধীরে মডেলিং ও অভিনয়ের দুনিয়ায় পরিচিত হয়ে ওঠেন। কিন্তু তাঁর এই পরিচিতির পিছনে রয়েছে শৈশবের কঠিন অভিজ্ঞতা থেকে শুরু করে স্বপ্নপূরণের দীর্ঘ যাত্রা।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা রাজবীরের। মুম্বইয়ের ঝাঁ চকচকে বিনোদন জগতে পৌঁছনোর আগে উত্তরবঙ্গের এই শহরেই কেটেছে তাঁর জীবনের একটা বড় অংশ। অভিনয় ও মডেলিংয়ে আসার আগে শিলিগুড়িতে পোশাকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এমনকি নিজের দোকানে বসেও ব্যবসার কাজ সামলাতেন। সেই দোকানের ভিডিয়োও সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছোট থেকেই তাঁর আগ্রহ ছিল অভিনয় ও মডেলিংয়ের প্রতি। সেই স্বপ্ন পূরণ করতেই একসময় পরিচিত শহর ছেড়ে মুম্বইয়ে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু রাজবীরের শৈশব মোটেই সুখের ছিল না। মাত্র ছ’বছর বয়সে বাবাকে হারান তিনি। তখন দ্বিতীয় শ্রেণির ছাত্র রাজবীর। সেই সময় তাঁদের পরিবারে চলছিল নানা সমস্যা। বাবা-মায়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল এবং সংসারে আর্থিক অনটনও ছিল। রাজবীর জানিয়েছেন, তাঁর বাবা একটা সময় অবসাদে ভুগতে শুরু করেছিলেন। পারিবারিক সমস্যার কারণেই বাবার এমন পরিস্থিতি হয়েছিল বলে মনে করেন তিনি। ছোট বয়সেই পরিবারের এই কঠিন পরিস্থিতির সাক্ষী হতে হয়েছিল তাঁকে।

‘বিগ বস্ বাংলা’-র ঘরে মনামী ঘোষের সঙ্গে কথোপকথনের সময় বাবাকে হারানোর সেই দিনের কথা জানিয়েছিলেন রাজবীর। তাঁর স্মৃতিতে ঘটনাটি আজও স্পষ্ট। সেই সময় তাঁর ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র চার-পাঁচ দিন। মা তাঁকে পড়াচ্ছিলেন। এমন সময় মামার কাছ থেকে খবর আসে। এরপর তড়িঘড়ি শিলিগুড়িতে কাকার বাড়িতে পৌঁছন তাঁরা। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন ছোট্ট রাজবীর। পরে মামাই তাঁকে জানান, তাঁর বাবা আর নেই। বাবার মৃত্যুর পর সংসারের পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। রাজবীর জানিয়েছেন, তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। শুধু বিদ্যুৎ নয়, জল নিয়েও সমস্যায় পড়তে হয়েছিল পরিবারকে। সেই সময় তাঁর ভাই মায়ের গর্ভে ছিল। এত অল্প বয়সেই সংসারের অভাব, পারিবারিক অশান্তি এবং প্রিয়জনকে হারানোর কষ্ট দেখতে হয়েছে তাঁকে। শৈশবের এই অভিজ্ঞতাগুলি আজও তাঁর জীবনের অন্যতম কঠিন স্মৃতি। পরবর্তী সময়ে জীবনে যতই সাফল্য আসুক না কেন, সেই দিনগুলির কথা মনে পড়লে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজবীর।

শৈশবে আলিপুরদুয়ারের একটি হস্টেলেও থেকেছেন রাজবীর। সেই সময়ের পাড়া ও স্কুলের বন্ধুদের সঙ্গে আজও তাঁর সম্পর্ক বেশ গভীর। জীবনের পরবর্তী সময়ে অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হলেও ছোটবেলার বন্ধুদের জায়গা যে আলাদা, তা একাধিক বার জানিয়েছেন তিনি। আজও শিলিগুড়িতে গেলে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করেন। সকলে মিলে বাইক নিয়ে ঘুরতে বেরোন। এমনকি কারও পরিবারে কোনও সমস্যা তৈরি হলে বন্ধুরা একে অপরের পাশে দাঁড়ান। রাজবীরের কথায়, বন্ধুত্বের এই সম্পর্ক আজও আগের মতোই রয়েছে। অন্যদিকে, নিজের কেরিয়ার গড়ার জন্য মুম্বইয়ে গিয়ে নতুন করে লড়াই শুরু করেন তিনি। ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়া তাঁর জীবনের অন্যতম বড় সাফল্য। এই খেতাব পাওয়ার পর মডেলিংয়ের দুনিয়ায় পরিচিতি বাড়ে তাঁর। বিভিন্ন বিজ্ঞাপন এবং মডেলিংয়ের কাজের সুযোগ পেতে শুরু করেন। শুধু মডেলিং নয়, অভিনয়ের প্রতিও আগ্রহ ছিল তাঁর। ২০২০ সালে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন রাজবীর। এরপর ‘কসৌটি জিন্দেগি কে ২’, ‘উড়ান’-সহ একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন। পাশাপাশি ওয়েব সিরিজ়েও কাজ করার সুযোগ পান।

এরপর ২০২৩ সালে ‘এমটিভি রোডিজ়: কর্ম ইয়া কাণ্ড’-এ অংশ নেন রাজবীর। এই রিয়্যালিটি শোয়ে প্রিন্স নরুলার দলের সদস্য ছিলেন তিনি। সেখানে শারীরিক শক্তির পাশাপাশি মানসিক দৃঢ়তা এবং উপস্থিত বুদ্ধিরও পরীক্ষা দিতে হয়েছিল তাঁকে। ‘রোডিজ়’-এ অংশ নেওয়ার পর তরুণ দর্শকদের মধ্যে তাঁর পরিচিতি আরও বাড়ে। এরপর আসে ‘বিগ বস্ বাংলা ৩’-এ অংশ নেওয়ার সুযোগ। ২০২৬ সালের ৩০ অগস্ট শুরু হয়েছিল এই রিয়্যালিটি শো। তবে প্রথম দিন থেকে প্রতিযোগীদের তালিকায় ছিলেন না রাজবীর। শো শুরুর আট দিনের মাথায়, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত বিদায় নেওয়ার পর ৬ সেপ্টেম্বর ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেন তিনি। নাচতে নাচতেই আত্মবিশ্বাসী ভঙ্গিতে তাঁর প্রবেশ নজর কেড়েছিল দর্শকদের। ঘরে ঢোকার পর থেকেই অধিনায়ক হওয়ার চেষ্টা, ঘুমোনোর জায়গা নিয়ে বিবাদ এবং বিভিন্ন টাস্ককে কেন্দ্র করে অন্য প্রতিযোগীদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন তিনি। যদিও রাজবীরের বক্তব্য ছিল, মতের অমিল হলেও তিনি কাউকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেননি কিংবা ব্যক্তিগত আক্রমণ করেননি। তাঁর দাবি, তিনি শুধু টাস্কের বিষয় নিয়েই কথা বলেছেন। এই আচরণই ধীরে ধীরে দর্শকদের একাংশের নজর কাড়ে।

আরও পড়ুনঃ “নিজেও চেয়েছিলাম বিজয়ী বা ফাইনালিস্ট হতে, দর্শকের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য, নিজেকে নতুন করে চিনেছি!” “কোনও ক্ষো’ভ নেই, প্রথম দু’সপ্তাহ সবাই অনেক কিছু ভেবেছিল…” বিগ বসের বাড়িতে বৃথা সব গেম প্ল্যান? ফাইনালের দৌড় থেকে বাদ পড়ে কার ট্রফি জয়ের সম্ভাবনা দেখছেন সোনামণি? সৃজলার সঙ্গে বিবাদ নিয়েও খুললের মুখ?

‘বিগ বস্ বাংলা’-র ঘরে রাজবীরের সঙ্গে অভিনেত্রী নন্দিনী দত্তের সম্পর্কও দর্শকদের আলোচনার বিষয় হয়ে ওঠে। প্রথমে বন্ধুত্ব থাকলেও পরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তাঁদের একসঙ্গে সময় কাটানো এবং ঘনিষ্ঠ মুহূর্ত একাধিক বার ক্যামেরায় ধরা পড়েছে। তবে এই সম্পর্কের মধ্যেই শুরু হয় ঝগড়া ও মনোমালিন্য। সম্প্রতি নন্দিনীর বিরুদ্ধে রাজবীরকে মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় শোয়ের নিয়ম মনে করিয়ে নন্দিনীকে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। এরই মধ্যে ছেলের সঙ্গে দেখা করতে ‘বিগ বস্’-এর ঘরে এসেছিলেন রাজবীরের মা। ছেলেকে অন্যদের দোষ না দিয়ে নিজের আচরণ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন তিনি। মাথা গরম না করে ঠান্ডা মাথায় খেলার কথাও বলেন। এমনকি ছেলের রাগের জন্য মজা করে তাঁর কান মুলে দিতেও দেখা যায় তাঁকে। মায়ের কাছে নন্দিনীকে পছন্দ কি না, জানতে চেয়েছিলেন রাজবীর। কিন্তু তাঁর মা জানান, প্রেম বা সম্পর্ক নিয়ে আলোচনা পরে হবে, আপাতত খেলায় মন দেওয়া উচিত। সম্প্রতি ফুলের তোড়া বানানোর প্রতিযোগিতায় জয়ী হয়ে বাড়ির অধিনায়ক হয়েছেন রাজবীর। এরপর থেকে তাঁর আচরণে সংযম এসেছে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সপ্তাহান্তের পর্বেও রাজবীরের প্রশংসা করেছেন সঞ্চালক। শিলিগুড়ির এই ছেলে পরিচিত তারকাদের মাঝেও নিজের জায়গা তৈরি করে নিতে পেরেছেন বলে মনে করছেন দর্শকদের একাংশ।

You cannot copy content of this page