রাজ্যসভার সদস্যপদ থেকে অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick) সম্ভাব্য পদত্যাগ ঘিরে গত কয়েকদিন ধরেই জোর আলোচনা চলছে রাজনৈতিক ও বিনোদন মহলে। জানা গিয়েছে, তিনি ইমেলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজনীতিতে যোগ দেওয়ার অল্প কিছুদিনের মধ্যেই এমন সিদ্ধান্তের খবর সামনে আসায় অনেকেই বিস্মিত। টলিউডের অন্দরেও এই বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সমাজ মাধ্যমেও বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর মন্তব্য ঘিরেও নতুন করে চর্চা শুরু হয়েছে।
শুক্রবার ‘আবার হাওয়া বদল’ কর্মসূচির প্রচারে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। সেখানেই তাঁকে কোয়েল মল্লিকের পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি নিজের প্রতিক্রিয়া জানান। রুদ্রনীলের কথায়, “আমার বা আমাদের অবাক হওয়ার মতো কিছু নেই। সবার প্রিয় কোয়েল মল্লিক যে ঠিক ছিলেন, হয়তো এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করলেন।” তিনি আরও বলেন, “তিনি প্রাপ্তবয়স্কা মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তাঁর সিদ্ধান্ত, বিবেচনার উপরে সম্মানবোধ আছে।” অভিনেত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি এই মন্তব্য করেন। তাঁর বক্তব্যের পর থেকেই বিষয়টি আরও বেশি আলোচনায় উঠে এসেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, কোয়েল মল্লিককে এর আগে কখনও সক্রিয়ভাবে রাজনৈতিক বক্তব্য রাখতে দেখা যায়নি। সেই কারণে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ তাঁর রাজনীতিতে আসার সিদ্ধান্ত অনেককেই অবাক করেছিল। বিশেষ করে যখন জানা যায় যে তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যেতে রাজি হয়েছেন, তখন অনুরাগী থেকে শুরু করে বিনোদন জগতের অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। রাজনৈতিক পরিসরে তাঁর আগমন ছিল সেই সময়ের অন্যতম আলোচিত ঘটনা। দীর্ঘ অভিনয় জীবনের পর এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা হয়েছিল।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল। সেই তালিকায় ছিলেন বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিক। শপথ গ্রহণের পর নিজের নতুন দায়িত্ব নিয়ে কোয়েল বলেছিলেন, “অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা নয়। এটা একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা। এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।” তিনি আরও বলেছিলেন, “সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।”
আরও পড়ুনঃ জি বাংলা থেকে স্টার জলসা নায়ক হয়ে পর্দা কাঁপিয়েছেন তিনি, বড়পর্দা থেকে হয়েছিলেন প্রযোজক! সেই প্রযোজক তকমাই এখন বিঁধছে কাঁটার মতো! কিন্তু কেন জানেন?
তাঁর এই বক্তব্য সেই সময় যথেষ্ট আলোচিত হয়েছিল। তবে বর্তমানে রাজ্যসভার সদস্যপদ ছাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়লেও কোয়েল মল্লিক এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তাঁর তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতিও সামনে আসেনি। ফলে পদত্যাগের প্রকৃত কারণ নিয়েও ধোঁয়াশা থেকেই যাচ্ছে। রাজনৈতিক মহল থেকে বিনোদন জগত, সর্বত্রই এখন নজর রয়েছে তাঁর পরবর্তী সিদ্ধান্তের দিকে। পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, সেই প্রশ্নের উত্তরও এখনও মেলেনি। ফলে কোয়েলকে ঘিরে তৈরি হওয়া এই জল্পনা আপাতত আরও কিছুদিন চলবে বলেই মনে করা হচ্ছে।






