‘ওটার ওপর দাঁড়ালেই তো মানুষ উঁচুতে উঠতে পারে!’ হবু সন্তানের কী এমন অদ্ভুত নাম ঠিক করলেন শোভন, ফাঁস করলেন অন্তঃসত্ত্বা সোহিনী সরকার! হবু সন্তানের এমন নাম রাখার কারণ হিসেবে অভিনেত্রীকে কী বললেন গায়কের তাঁর ঠাকুমা? শুনে হাসতে হাসতে পেটে ধরবে খিল!

আট মাসের অন্তঃসত্ত্বা সোহিনী সরকার এখনও সমান ব্যস্ত নিজের কাজ নিয়ে। গর্ভাবস্থার শেষ সময়েও নতুন ছবি ‘বেগুনি রঙের আলো’-র প্রচারে ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি ছবির প্রচারের একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেগন্যান্সির নানা অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। সেখানেই উঠে আসে তাঁর গর্ভাবস্থার বেশ কিছু মজার অভিজ্ঞতার কথা। সোহিনীর কথায়, সিনেমায় অন্তঃসত্ত্বা হওয়ার সঙ্গে বাস্তব জীবনের অভিজ্ঞতার বেশ কিছু মিল থাকলেও পার্থক্যও রয়েছে। বিশেষ করে গর্ভাবস্থায় খাবারের প্রতি টান নিয়ে তাঁর অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। কারণ নিজের নয়, বরং তাঁর স্বামী শোভন গঙ্গোপাধ্যায়েরই নাকি নানা খাবারের প্রতি বেশি আগ্রহ তৈরি হয়েছে।

সোহিনী জানান, প্রেগন্যান্সির সময় নানা খাবারের জন্য তাঁর বিশেষ ক্রেভিংস হবে, এমনটাই ভেবেছিলেন তিনি। এই প্রসঙ্গে তাঁর মনে পড়ে যায় প্রীতি জিন্টা ও সইফ আলি খানের ‘সালাম নমস্তে’ ছবির কথা। সিনেমাটিতে অন্তঃসত্ত্বা প্রীতির বারবার বেলজিয়াম ডার্ক চকোলেট খেতে ইচ্ছে করত। তাই নিজের ক্ষেত্রেও তেমন কিছু হবে বলে ভেবেছিলেন সোহিনী। কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। অভিনেত্রীর কথায়, তাঁর বদলে শোভনেরই নাকি নানা খাবারের প্রতি ক্রেভিংস হচ্ছে। সোহিনী মজা করে জানান, তাঁর অজুহাতে শোভন বাড়িতে নানা খাবার আনছেন, আইসক্রিম খাবেন কি না জিজ্ঞেস করছেন, তারপর তাঁকে অল্প একটু খেতে দিয়ে বাকিটা নিজেই খেয়ে নিচ্ছেন।

খাবারের এই মজার গল্পের পর আরও বড় চমক অপেক্ষা করছিল। সোহিনী জানান, হবু সন্তানের নাম নিয়েও শোভন এমন একটি প্রস্তাব দিয়েছেন, যা শুনে উপস্থিত সবাই হেসে ফেলেন। শোভনের পছন্দের নাম ‘টুল’। এই নামের পিছনে তাঁর যুক্তিও বেশ মজার। শোভনের বক্তব্য, ‘টুলের ওপর দাঁড়ালে তো মানুষ উঁচুতে উঠতে পারে!’ স্বামীর এই যুক্তি শুনে সোহিনীও পাল্টা মজা করে বলেন, উঁচুতে উঠতে গেলে সিঁড়ি বা মইও তো ব্যবহার করা যায়। সেই সময় পাশে থাকা পরিচালক ও অভিনেত্রী মানসী সিনহাও মজা করে বলেন, এর চেয়ে ছোট আর কোনও নাম খুঁজে পাওয়া সম্ভব ছিল না বোধহয়।

এরপর সন্তানের নাম নিয়ে আরও মজার কথা বলেন সোহিনী। অভিনেত্রীর কথায়, মেয়ে হলে শেষ পর্যন্ত নামটি ‘টুলি’ হতে পারে। আর ছেলে হলে শোভনের প্রস্তাব অনুযায়ী ‘টুল’ নামটিই থাকতে পারে। যদিও নিজের তরফ থেকে এখনও সন্তানের কোনও নাম ঠিক করেননি সোহিনী। তবে সন্তানকে ঘিরে পরিবারের মধ্যে যে আলোচনা শুরু হয়ে গিয়েছে, তা স্পষ্ট তাঁর কথাতেই। বিশেষ করে শোভনের ঠাকুমা অর্থাৎ সোহিনীর দিদিশাশুড়ি নাকি হবু সন্তানকে নিয়ে এত আগাম আলোচনা একেবারেই পছন্দ করছেন না। এই বিষয়টিও অনুষ্ঠানে মজার ছলেই জানান অভিনেত্রী। সব মিলিয়ে মাতৃত্বের শেষ সময়টা কাজের পাশাপাশি এমন নানা হাসির মুহূর্তেই কাটছে সোহিনীর।

আরও পড়ুনঃ “উনি হাম্বা-হাম্বা, রাম্বা-রাম্বা করতেন, আর…” “মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগ বসে আনা উচিত!” প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে নিয়ে কেন এমন অদ্ভুত দাবি স্যান্ডি সাহার? মজার মন্তব্য ঘিরে শুরু বিত’র্ক!

এদিকে পেশাগত দিক থেকেও সোহিনীর হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। চলতি পুজোয় মুক্তি পাওয়ার কথা তাঁর অভিনীত আরও একটি বড় ছবি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র। এই ছবিতে প্রথমবার যিশু সেনগুপ্তের বিপরীতে দেখা যাবে সোহিনীকে। তবে ছবির প্রিমিয়ার বা বড় কোনও উদযাপনে তিনি থাকতে পারবেন না বলেই জানিয়েছেন অভিনেত্রী। কারণ পুজোর ঢাক বাজার আগেই তাঁর জীবনে আসতে চলেছে নতুন সদস্য। অর্থাৎ খুব শিগগিরই মা হতে চলেছেন সোহিনী এবং শোভন। কাজের ব্যস্ততার মাঝেও তাই এখন তাঁদের জীবনের সবচেয়ে বড় অপেক্ষা অনাগত সন্তানকে ঘিরে। আর সেই সন্তানের নাম ‘টুল’ হবে, নাকি ‘টুলি’, আপাতত সেই মজার প্রশ্নই রয়ে গেল।

You cannot copy content of this page