টলিউডের জনপ্রিয় দম্পতি পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল হিসেবে দেখা হয়। তাঁদের ব্যক্তিগত জীবন, পরিবার এবং সামাজিক মাধ্যমের নানা মুহূর্ত নিয়েও অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তবে সম্প্রতি নেটপাড়ায় নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। কারণ, শুভশ্রীর সাম্প্রতিক পোস্টগুলিতে আর আগের মতো রাজ চক্রবর্তীর লাইক দেখা যাচ্ছে না। সেই বিষয়টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে, ঠিক তখনই অভিনেত্রীর একটি ইনস্টাগ্রাম স্টোরি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
সম্প্রতি শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড অভিনেত্রী রত্না পাঠক শাহের একটি ছবি-সহ একটি বার্তা শেয়ার করেন। সেই বার্তার বাংলা অর্থ দাঁড়ায়, “পুরুষেরা যখন নিজেদের সন্তানদের দেখাশোনা করে, তখন সমাজ তাদের প্রশংসা করে। অথচ একজন নারী যদি সন্তানকে বেবিসিটারের কাছে রেখে কাজে যান, তখন সমাজ তাঁকে কাঠগড়ায় দাঁড় করায়। পুরুষতন্ত্র কেবল নারীদেরই ঠকায়নি, এটি পুরুষদের দায়িত্ব নেওয়ার বোধটুকুর প্রতিও এলার্জিক করে তুলেছে।” সমাজে নারী-পুরুষকে আলাদা চোখে দেখার এই মানসিকতার বিরুদ্ধেই মূলত বক্তব্যটি ছিল। অভিনেত্রীর এই স্টোরি প্রকাশের পর থেকেই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এরই মধ্যে অনেক নেটিজেন শুভশ্রীর পোস্ট এবং রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় অনুপস্থিতিকে একসঙ্গে মিলিয়ে নানা ব্যাখ্যা দিতে শুরু করেছেন। সম্প্রতি দেবের সঙ্গে শুভশ্রীর নতুন কাজ এবং তাঁদের রসায়ন নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। তারই মাঝে পুরুষতন্ত্র এবং পুরুষদের দায়িত্ব নিয়ে অভিনেত্রীর এই স্টোরিকে অনেকে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন না। কারও কারও প্রশ্ন, তবে কি সংসারে সন্তানকে বড় করা বা কাজের দায়িত্ব ভাগ করে নেওয়া নিয়ে কোনও মতভেদ তৈরি হয়েছে? আবার অনেকেই মনে করছেন, একজন কর্মরতা মা হিসেবে সমাজের প্রচলিত মানসিকতার বিরুদ্ধেই নিজের মত প্রকাশ করেছেন শুভশ্রী।
তবে এই সমস্ত জল্পনার মাঝেই রাজ ও শুভশ্রীর ঘনিষ্ঠ সূত্র ভিন্ন ছবি তুলে ধরেছে। তাঁদের দাবি, এই দম্পতির সম্পর্কে কোনও সমস্যা তৈরি হয়নি। দেবের সঙ্গে শুভশ্রীর কাজ নিয়েও রাজ কোনওরকম অনিরাপত্তায় ভোগেন না। বরং তিনি সবসময়ই শুভশ্রীর পাশে থাকা একজন সহায়ক স্বামী হিসেবেই রয়েছেন। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যাখ্যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলেই ঘনিষ্ঠমহলের বক্তব্য। তাই একটি ইনস্টাগ্রাম স্টোরিকে কেন্দ্র করে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না বলেও অনেকের মত।

উল্লেখযোগ্য বিষয় হল, গত ৪ মে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ চক্রবর্তী প্রায় পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছেন। শুধু শুভশ্রীর পোস্ট নয়, বর্তমানে তিনি কোনও পোস্টেই লাইক বা প্রতিক্রিয়া জানাচ্ছেন না। ঘনিষ্ঠদের মতে, তিনি এই সময়টায় ডিজিটাল ডিটক্সের মধ্যেই রয়েছেন। ফলে শুভশ্রীর পোস্টে লাইক না থাকা মানেই যে ব্যক্তিগত সম্পর্কে কোনও সমস্যা তৈরি হয়েছে, এমনটা বলার সুযোগ নেই। এই তথ্য সামনে আসার পর অনুরাগীদের একাংশও বিষয়টিকে অন্য দৃষ্টিতে দেখার পরামর্শ দিচ্ছেন।
আরও পড়ুনঃ হাসপাতালেই সদ্যোজাত সন্তানের মৃ’ত্যু, মা’রা যায় স্ত্রীও! ভাগ্যের নির্মম পরিহাসে বাস্তবেও প্রিয়জনকে হারানোর অসহনীয় ক’ষ্ট বয়ে বেড়াচ্ছেন, ‘পথের পাঁচালী’র ‘অপুর’ মতোই বেদনায় ভরা সুবীর বন্দ্যোপাধ্যায়ের জীবন! শেষ বয়সে এখন কেমন আছেন অভিনেতা? সবটা জানলে চোখে আসবে জল!
অন্যদিকে শুভশ্রীর অনুরাগীদের অনেকেই মনে করছেন, অভিনেত্রীর এই পোস্টকে তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে জুড়ে দেখা ঠিক নয়। বরং তিনি বরাবরই একজন স্বাধীনচেতা এবং সমাজ সচেতন মানুষ হিসেবে নানা সামাজিক বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। দুই সন্তানের মা হয়েও তিনি শুরু থেকেই পরিবার এবং কেরিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলেছেন। এমনকি দ্বিতীয় সন্তানের জন্মের মাত্র সপ্তাহখানেক পরেই তিনি আবার শুটিং ফ্লোরে ফিরেছিলেন। তাই রত্না পাঠক শাহের বক্তব্য শেয়ার করার পিছনে সমাজ সম্পর্কে নিজের অবস্থান প্রকাশই প্রধান কারণ হতে পারে বলে মনে করছেন অনেকেই।






