সন্ধ্যে হতেই সামাজিক মাধ্যমে রীতিমতো আলোড়ন ফেলে দিলেন তিনি! আজ, হঠাৎ করেই এক পোস্ট ঘিরে আবার চর্চার কেন্দ্রে উঠে এলেন সামাজিক মাধ্যম তথা ছোটপর্দার জনপ্রিয় মুখ ‘সুস্মিতা রায়’ (Susmita Roy)। তাঁর পোস্ট করা এদিনের ছবিতে দেখা যাচ্ছে, নবদম্পতির মতো সাজে এক জোড়া হাত, যেখানে কনে ও বর একে অপরের হাত ধরে রয়েছেন। সেই ছবির সঙ্গে সুস্মিতার লেখা কথাগুলোই মূলত, উত্তেজনা আরও বাড়িয়েছে। বরাবরের মতো, এদিনও তিনি নিজের দীর্ঘদিনের ইচ্ছের কথা জানিয়ে বলেন, মা হওয়ার স্বপ্ন তাঁর অনেক দিনের।
আর সেই ইচ্ছেকে আর চাপা দিয়ে রাখার মতো অবস্থায় তিনি নেই। জীবন নিয়ে আর কোনও ভান না করে নিজের চাওয়াকে গুরুত্ব দিয়েই তিনি দ্বিতীয়বার ‘বিয়ের’ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান! সেই সঙ্গে আশীর্বাদ প্রার্থনা করেছেন সবার কাছে। এই পোস্ট সামনে আসতেই স্বাভাবিকভাবেই অনেকে শুভকামনা জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগেই তাঁর ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন এসেছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের ইতি ঘটে।
সেই সময় তাঁদের সম্পর্ক নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল। এরপর ধীরে ধীরে দু’জনেই নিজেদের জীবনে আলাদা পথে এগিয়েছেন। সুস্মিতা নিজেকে ব্যস্ত রেখেছেন কাজ, ব্যবসা এবং ব্যক্তিগত নানান উদ্যোগে। তবে, এই নতুন পোস্ট নিয়ে যতটা উচ্ছ্বাস, ঠিক ততটাই তৈরি হয়েছে সংশয়ও! অনেকে খেয়াল করেছেন, সম্প্রতি তাঁর ভাইয়ের বিয়ের নানান মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছিলেন সমাজ মাধ্যমে। সেই অনুষ্ঠানে তাঁর হাতে যে মেহেন্দি ছিল, তার সঙ্গে এই ছবির মেহেন্দির কোনও মিল নেই।
ফলে প্রশ্ন উঠছে, ছবিটি আদৌ তাঁর নিজের কি না? নাকি অন্য কারও মুহূর্ত তিনি ভাগ করেছেন বিশেষ কোনও বার্তা দেওয়ার জন্য? যদিও তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের এক প্রাক্তন কর্মীর মতে, চলতি মাসেই বিয়ে সেরেছেন তিনি। পাত্র, তারই প্রতিষ্ঠানের ফাউন্ডারের সঙ্গে। অভিনেত্রী বর্তমানে তারই সঙ্গে নিউ টাউনে থাকছেন। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও সুস্মিতা নিজের পোস্ট দিয়ে এমন কৌতূহল তৈরি করেছেন। তাঁর ব্যবসার নতুন প্রোডাক্ট লঞ্চের সময়ও তিনি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন, যা দেখে অনেকেই ভেবেছিলেন জীবনে বড় কোনও পরিবর্তন আসতে চলেছে।
আরও পড়ুনঃ “আমার গন্ডারের চামড়া হয়ে গেছে, কে কি বলছে আমি গুরুত্ব দিই না!” ছেলে বনি সেনগুপ্তের ছবি, হল মালিকদের হু’মকি দিয়ে চালানোর অভিযোগে মুখ খুললেন পিয়া সেনগুপ্ত! বাংলা ছবি রাজনীতি কি বললেন ইম্পা’র সভাপতি?
পরে অবশ্য বিষয়টি অন্য দিকেই গড়ায়। তাই এবারের পোস্ট নিয়েও অনেকে একটু সতর্ক হয়ে দেখছেন, সত্যিই কি ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু হল? নাকি অন্য কোনও চমক সামনে আসবে? অভিনয়ের পাশাপাশি নিজের কাজের পরিধি বাড়িয়ে নেওয়া সুস্মিতা বরাবরই নিজের মতো করে চলতে পছন্দ করেন। সুন্দরবন থেকে উঠে এসে টেলিভিশনে নিজের জায়গা তৈরি করা তাঁর যাত্রা সহজ ছিল না। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে তিনি পরিচিতি পেয়েছেন, আর এখন সেই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে ভ্লগিং ও ব্যবসার দায়িত্বও।






