কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছিলেন অভিনেতা ‘ভাস্বর চট্টোপাধ্যায়’ (Bhaswar Chatterjee)। সেই পোস্টে তিনি টলিউডের কাজের পরিবেশ এবং কিছু অভিনেতার আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, যা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে যেমন আলোচনা শুরু হয়, তেমনই দর্শকদের মধ্যেও কৌতূহল বাড়ে। সময়মতো সেটে না আসা, অকারণে দেরি করা বা কাজের প্রতি অমনোযোগের বিষয়গুলো নিয়ে তাঁর বক্তব্য তখনই অনেকের নজর কাড়ে। সেই প্রসঙ্গ পুরোপুরি থামার আগেই, এবার একটি সাক্ষাৎকারে আরও খোলাখুলি ভাবে নিজের মত প্রকাশ করলেন তিনি!
এই সাক্ষাৎকারে ভাস্বর সরাসরি বলেন, “খুব বদনাম আমাদের ইন্ডাস্ট্রির, তার জন্য আর্টিস্টরাও দায়ী! এমনিতেই অভিনেতাদের জীবন বা ইন্ডাস্ট্রি নিয়ে সবার মধ্যেই একটা কৌতুহল থাকে আর সেটা যখন সামনে চলে আসে। হতে পারে পেশাগত বা ব্যক্তিগত তথ্য, সেটা নিয়ে সর্বক্ষণ খবর হচ্ছে বা সমালোচনা হচ্ছে…এগুলোর জন্য দায়ী সেই অভিনেতা বা অভিনেত্রীই! আর্টিস্টরা খবরে থাকার জন্যও অনেক কিছু লিখে বা জানায়, যেটা দরকার নেই। ঠিক এই কারণেই বদনাম হচ্ছে দিন দিন। সেই জন্য আমার মনে হয়, কিছু জিনিস একটু ব্যক্তিগত বা পর্দার আড়ালে রাখাই ভালো।
সবকিছু বলে দিলাম বা দেখিয়ে দিলাম, যতই হোক ঘরে যেটা হচ্ছে সেটা বাইরের লোককে জানানোর কী প্রয়োজন?” তার এই কথাগুলো এখন ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে সমানভাবে আলোচনার জন্ম দিয়েছে। শুধু ব্যক্তিগত বিষয় প্রকাশ নয়, পেশাদারিত্বের অভাব নিয়েও তার ক্ষোভ স্পষ্ট। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে শাশ্বত চট্টোপাধ্যায়ও একই ধরনের অভিজ্ঞতার কথা বলেছিলেন, যেখানে তিনি তুলনা করেছিলেন বড় মাপের শিল্পীদের কাজের শৃঙ্খলার সঙ্গে বর্তমান সময়ের কিছু অভিনেতার আচরণ।
ভাস্বর সেই কথার সঙ্গেই যেন একসূত্রে গেঁথে দিলেন নিজের অভিজ্ঞতা। তাঁর মতে, অনেকেই বুঝতেই চান না যে সময়মতো উপস্থিত হওয়াটা কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে শুধু নিজের নয়, পুরো ইউনিটের ক্ষতি হয়। অন্যদিকে, প্রবীণদের উদাহরণ টেনে তিনি যেন একটা আলাদা ছবিও তুলে ধরেছেন। দীপঙ্কর দে, সুপ্রিয় দত্ত কিংবা কৌশিক বন্দ্যোপাধ্যায়দের মতো শিল্পীরা এখনও নিয়ম মেনে কাজ করেন, কল-টাইমের আগেই পৌঁছে প্রস্তুত থাকেন। এই বিষয়টাকে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন।
আরও পড়ুনঃ খুলল ভাগ্যের দরজা, বিশ্বমঞ্চে বাংলার জয়গান! ‘চাবিওয়ালা’য় মুগ্ধ আন্তর্জাতিক মঞ্চ! ফিল্ম ফেস্টিভ্যালে দাপট, স্বাধীন বাংলা ছবির!
তার মতে, এই অভ্যাসটাই আসলে একজন শিল্পীর প্রতি সম্মান এবং কাজের প্রতি দায়বদ্ধতার পরিচয়, যা নতুনদের মধ্যে ক্রমশ কমে যাচ্ছে বলেই তার ধারণা। যদিও, এদিন ভাস্বরের বক্তব্যে একটা বড় প্রশ্ন উঠে এসেছে ইন্ডাস্ট্রির বদনামের জন্য বাইরে যতটা দায়ী, ভেতরের মানুষরাও কি ততটাই দায়ী নয়? ব্যক্তিগত জীবনকে অতিরিক্তভাবে সামনে নিয়ে আসা হোক বা কাজের জায়গায় অনিয়ম, এই দুই নাকি সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। যদিও এই বিতর্ক নতুন নয়, তবু এমন সরাসরি মন্তব্য হয়তো আবারও টলিউডকে নিজের ভেতরের দিকটা নতুন করে ভাবতে বাধ্য করবে।






