সুপারহিট ‘চ্যাম্পিয়ন’-এ জিতের নায়িকা হয়ে রাতারাতি জনপ্রিয়তা, তবু আজ কেন হঠাৎ আড়ালে সন্ধিতা চ্যাটার্জি? খ্যাতির শীর্ষে থেকেও কী এমন ঘটেছিল যে ছাড়তে হয় অভিনয়? এখন কী করছেন অভিনেত্রী, পর্দায় কি কোনদিনও ফিরবেন?

এক সময় বাংলা সিনেমার পর্দায় যাঁদের উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দিত, তাঁদের অনেকেই আজ আর আলোচনায় নেই। সময় বদলেছে, বদলেছে দর্শকের রুচি, আর সেই স্রোতে ভেসে গিয়ে কেউ কেউ নিজেই সরে দাঁড়িয়েছেন আলো-ঝলমলে দুনিয়া থেকে। ঠিক তেমনই এক নাম সন্ধিতা চ্যাটার্জি(sandhita chatterjee)—যাঁকে হয়তো এখন অনেকে মনে করতে পারেন না, কিন্তু একসময় বড় পর্দায় তাঁর উপস্থিতি নজর কেড়েছিল অনেকেরই।

২০০৩ সাল, মুক্তি পেয়েছিল ‘চ্যাম্পিয়ন’ ছবিতে জিতের বিপরীতে শ্রাবন্তী থাকলেও, পার্শ্বচরিত্র রিয়ার ভূমিকায় অভিনয় করে আলাদা করে চোখে পড়েছিলেন সন্ধিতা। প্রথম ছবিতেই আত্মবিশ্বাসী অভিনয় তাঁকে পরিচিতি এনে দেয়। তবে অভিনয়ে তাঁর যাত্রা শুরু হয়নি সিনেমা দিয়ে। ছোটবেলা থেকেই অভিনয়ের পরিবেশে বড় হওয়া—মা সঞ্জয়িতা চ্যাটার্জি নিজেও ছিলেন অভিনেত্রী। মায়ের কাজ দেখেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়। বড় হয়ে তিনি মডেলিং শুরু করেন, আর সেখান থেকেই ‘চ্যাম্পিয়ন’-এর কাস্টিং টিমের নজরে আসেন।

প্রথম সাফল্যের পর থেমে থাকেননি তিনি। ‘গুরু’, ‘দাদু নাম্বার ওয়ান’-এর মতো একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন। এমনকি কয়েকটি ওড়িয়া ছবিতেও কাজ করেন। ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন টলিউডে। কিন্তু ঠিক সেই সময়েই ব্যক্তিগত জীবনে আসে বড় মোড়। প্রেম, বিয়ে, তারপর সংসার—সব মিলিয়ে জীবনের পথ একেবারেই বদলে যায়। একসময় তিনি সিদ্ধান্ত নেন অভিনয়ের অনিশ্চিত জগতের বদলে স্থির জীবনের পথে হাঁটার। স্বামী-সন্তানকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে দূরে সরে যান এবং যোগ দেন চাকরিতে।

তবে পর্দার টান কি এত সহজে ভোলা যায়? ছেলে একটু বড় হতেই আবারও অভিনয়ে ফেরার চেষ্টা করেছিলেন সন্ধিতা। ‘কাটাকুটি’, ‘জোস’, ‘মি অ্যান্ড মাই গার্লফ্রেন্ড’-এর মতো ছবিতে তাঁকে দেখা যায়। পাশাপাশি টেলিভিশনের একটি অনুষ্ঠানেও কাজ করেছিলেন। কিন্তু আগের মতো নিয়মিত সুযোগ আর আসেনি। আর চাকরির ব্যস্ততার মধ্যে নিজেও খুব বেশি চেষ্টা করেননি। ফলে ধীরে ধীরে তিনি পর্দা থেকে সম্পূর্ণ আড়ালেই থেকে যান।

আরও পড়ুনঃ “কথা-এভির সঙ্গে গঙ্গা-অর্জুনের কোনও প্রতিযোগিতাই নেই!” সাহেব-হিয়ার নতুন জুটি নিয়ে প্রতিক্রিয়া সুস্মিতার! প্রথম দিনের শুটিংয়ে হাজির ছিলেন অভিনেত্রী? ‘গঙ্গা’য় দু’জনকে একসঙ্গে দেখতে কেমন লাগছে তাঁর?

তবুও অভিনয়কে পুরোপুরি বিদায় জানাননি সন্ধিতা চ্যাটার্জি। মাঝেমধ্যে থিয়েটারে কাজ করেছেন, এখনও সুযোগ পেলে অভিনয়ে ফিরতে চান অভিনেত্রী। বর্তমানে তিনি সংসার ও পেশাজীবন নিয়েই ব্যস্ত। তাঁর ছেলে পড়াশোনায় মন দিয়েছে, অভিনয়ে আসার ইচ্ছা নেই। আলো থেকে দূরে থাকলেও, একসময়ের সেই পরিচিত মুখ আজও হয়তো অপেক্ষায়—ঠিক সময় আর একটি নতুন সুযোগের।

You cannot copy content of this page