বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে ঘিরে সামনে এসেছে একটি আইনি বিতর্ক। মহারাষ্ট্রের উপভোক্তা কমিশনের নির্দেশ অনুযায়ী, একটি অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার অভিযোগে তাঁকে আয়োজকের টাকা ফেরত দিতে হবে। শুধু আগাম নেওয়া পারিশ্রমিকই নয়, অভিযোগকারীর হয়রানির জন্য ক্ষতিপূরণ এবং মামলার খরচও বহন করার নির্দেশ দিয়েছে কমিশন। এই ঘটনাকে কেন্দ্র করে বিনোদন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জনপ্রিয় শিল্পীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং সেই সংক্রান্ত চুক্তির দায়বদ্ধতা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের নভেম্বর মাসে। অভিযোগকারী, যিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক, গোয়ায় তাঁর মেডিক্যাল কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৌসুমী চ্যাটার্জিকে আমন্ত্রণ জানান। ই-মেলের মাধ্যমে অভিনেত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেন বলে অভিযোগ। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁর পারিশ্রমিক ধার্য হয় ৩ লক্ষ টাকা। পাশাপাশি সমন্বয়কারীর জন্য আরও ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়েও দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী অভিযোগকারী আগাম ২ লক্ষ টাকা আরটিজিএসের মাধ্যমে পাঠিয়ে দেন এবং বাকি অর্থ অভিনেত্রী গোয়ায় পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল।
অভিযোগে আরও বলা হয়েছে, পারিশ্রমিকের পাশাপাশি মৌসুমী চ্যাটার্জির বিমান যাত্রা, হোটেলে থাকা এবং অন্যান্য সমস্ত খরচও বহন করেছিলেন আয়োজক। অভিনেত্রী গোয়ায় পৌঁছলেও নির্ধারিত অনুষ্ঠানে তিনি উপস্থিত হননি বলে অভিযোগ। পরের দিনই তিনি সেখান থেকে ফিরে যান। এরপর আয়োজকের পক্ষ থেকে একাধিকবার ই-মেল করে আগাম দেওয়া টাকা ফেরত চাওয়া হলেও তা ফেরত মেলেনি বলে দাবি করা হয়েছে। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন অভিযোগকারী।
মামলার শুনানির পর কমিশন জানায়, সম্পূর্ণ পারিশ্রমিক গ্রহণ করা এবং যাতায়াত ও থাকার সুবিধা নেওয়ার পরও অনুষ্ঠানে উপস্থিত না হওয়া পরিষেবায় গাফিলতির মধ্যে পড়ে। কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভোক্তা সুরক্ষা আইনের অধীনে এটি ‘ডিফিসিয়েন্সি ইন সার্ভিস’-এর স্পষ্ট উদাহরণ। সেই কারণেই মৌসুমী চ্যাটার্জিকে ৩ লক্ষ টাকা ফেরত দেওয়ার পাশাপাশি অভিযোগকারীকে হয়রানির জন্য আরও ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মামলা পরিচালনার খরচ বাবদ অতিরিক্ত ২৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ জুবিন গর্গের প্রতি ভালোবাসাই ‘লাভ ইউ জুবিন দা’-র সবচেয়ে বড় শক্তি! পুরোদমে এগোচ্ছে ছবির শুটিং, প্রধান চরিত্রে রয়েছেন কোন জনপ্রিয় অভিনেতা?
এই রায়ের পর বিষয়টি নিয়ে আইন মহল এবং বিনোদন জগতে আলোচনা শুরু হয়েছে। বড় শিল্পীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে আয়োজকদের বিপুল অর্থ ব্যয় করতে হয়। তাই চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন না করলে তার আইনি পরিণতি কী হতে পারে, সেই বিষয়েও এই রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। যদিও এই মামলায় আদালতের নির্দেশ সামনে এলেও, ভবিষ্যতে এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।






