বর্তমানে মানুষের মধ্যে যেন হারিয়ে যাচ্ছে মানবিকতা। সামান্য রাগ, প্রতিহিংসা কিংবা ব্যক্তিগত বিবাদের জেরে নিরীহ পশুদের উপর নেমে আসছে অকথ্য অত্যাচার। যারা নিজেদের অসহায়তা মুখে প্রকাশ করতে পারে না, সেই অবলা প্রাণীদেরই কখনও নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সম্প্রতি কলকাতার বিক্রমগড়ের একটি ঘটনা সামনে আসতেই নতুন করে ছড়িয়েছে চাঞ্চল্য। প্রেমিকার সঙ্গে সম্পর্কের তিক্ততা এবং আর্থিক লেনদেনের বিবাদ থেকে প্রতিশোধ নিতে গিয়ে এক যুবক একাধিক পোষ্য কুকুরকে নৃশংসভাবে নির্যাতন ও হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। ঘটনার ভয়াবহ বিবরণ সামনে আসার পর সরব হয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
অভিযোগ, অভিযুক্ত যুবকের নাম সঞ্জীব ভট্টাচার্য। বিক্রমগড় এলাকায় নিজের প্রেমিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন তিনি। পরবর্তীতে প্রেমিকা তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর দু’জনের মধ্যে আর্থিক লেনদেন নিয়েও বিবাদ তৈরি হয়। সেই আক্রোশ থেকেই প্রেমিকার পোষ্যদের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিও এবং ঘটনাস্থলে উদ্ধার হওয়া পরিস্থিতি ঘিরে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। অন্য একটি ছোট্ট কুকুরছানার মাথায় ইট দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঘরের মধ্যে ছড়িয়ে ছিল রক্ত, পড়েছিল একাধিক ইট ও চপার। পাশাপাশি বালতিতে ফুটন্ত গরম জলও রাখা ছিল। অভিযোগকারীদের আশঙ্কা, বাকি কুকুরগুলির উপরও একই ধরনের অত্যাচার চালানোর পরিকল্পনা ছিল যুবকের।
এই ঘটনার খবর পেয়েই সরব হয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। একটি ভিডিওতে ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি জানান, বিকেল চারটে নাগাদ প্রথম এই ঘটনার ভিডিও তাঁর কাছে আসে। এক পরিচিত ব্যক্তি তাঁকে বিষয়টি জানান। প্রথমে তিনি জানতে পারেন, একটি বিগেল কুকুরকে হত্যা করা হয়েছে এবং অভিযুক্ত যুবক ভিডিও পাঠিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দেবলীনা। সেখানে গিয়ে অভিযুক্তকে বাড়ির ব্যালকনি থেকে বেরোনোর চেষ্টা করতে দেখেন বলে জানান তিনি। স্থানীয় এক ব্যক্তির সাহায্যে গেট খুলিয়ে ভিতরে ঢোকার পর পোষ্যদের খোঁজ শুরু হয়। তাঁর কথায়, প্রথমে একটি বিগল কুকুরের মৃতদেহ পাওয়া যায়। পরে পাশের ঘরে খাটের তলা থেকে উদ্ধার হয় একটি ছোট্ট কুকুরছানার দেহ। তার মাথা থেঁতলে দেওয়া হয়েছিল। অন্য কুকুরগুলির শরীরেও আঘাতের চিহ্ন ছিল বলে অভিযোগ। দেবলীনার দাবি, তাঁরা সময়মতো না পৌঁছলে আরও কয়েকটি প্রাণ হারাতে পারত।
ঘটনাস্থলের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে দেবলীনা জানান, ঘরের মধ্যে রক্তের দাগ, ইট, চপার এবং ফুটন্ত গরম জলের বালতি দেখতে পান তাঁরা। তাঁর আশঙ্কা, বাকি কুকুরগুলির গায়ে গরম জল ঢেলে কিংবা অন্যভাবে নির্যাতন করার প্রস্তুতি চলছিল। বিষয়টি নিয়ে যাদবপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এলেও মৃতদেহের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রথমে জটিলতা তৈরি হয়েছিল বলে জানান তিনি। এরপর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে যোগাযোগ করা হয়। দেবলীনার বক্তব্য অনুযায়ী, অগ্নিমিত্রা ও তাঁর টিম বিষয়টি জানার পর যাদবপুর থানার সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুনঃ ‘আমি সেলিব্রিটি নয়, সাধারণ মানুষ হয়েই বাঁচতে চাই’ জনপ্রিয়তার মোহ নেই, অথচ প্রতিভার যথাযথ সম্মানটুকুও মেলে না ইন্ডাস্ট্রিতে! টলিউডের অন্দরে প্রবীণ শিল্পীদের অবহেলা, কাজের সুযোগ কমে যাওয়া ও তিক্ত বাস্তবতা নিয়ে অকপট খরাজ মুখোপাধ্যায়! কতটা অভিমান জমে রয়েছে অভিনেতার মনে?
পরবর্তীতে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। অভিযুক্তকে আটক করা হয়েছে বলেও ভিডিওতে দাবি করা হয়। দেবলীনা স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনার যথাযথ আইনি পদক্ষেপ চান তাঁরা। পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনার দাবি জানিয়েছেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের বিবাদ বা প্রতিশোধের নামে নিরীহ প্রাণীদের উপর এমন নৃশংসতা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এখন দেখার, এই ঘটনায় পুলিশের তদন্ত কোন দিকে এগোয় এবং অভিযুক্তের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ করা হয়।






