“হাসপাতালের বিছানাতেও প্রথম প্রশ্ন ছিল কবে শুটিং!” “ক্যামেরার সামনে দাঁড়ালে চোখেমুখে সেই পুরনো উত্তেজনা, ওনার নিষ্ঠা আজও আমাদের অনুপ্রেরণা!” ৮৫ তেও কাজপাগল মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে আবেগঘন স্মৃতিচারণায় লীনা গঙ্গোপাধ্যায়!

আজ ১০ ফেব্রুয়ারি, বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের ৮৫তম জন্মদিন। বয়সের অঙ্ক যতই বাড়ুক, তাঁর মনের বয়স যে এখনও তরুণ, তা বারবার প্রমাণ হয়ে যায় শুটিং সেটে। আজও ক্যামেরার সামনে দাঁড়ালে চোখেমুখে সেই পুরনো উত্তেজনা, শরীরে বিন্দুমাত্র ক্লান্তির ছাপ নেই। এই মুহূর্তে দর্শক তাঁকে দেখছেন জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগা তে। দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা নিয়েও প্রতিটি দৃশ্যে নিজেকে নতুন করে উজাড় করে দেন মাধবী, যা আজকের প্রজন্মের কাছেও অনুপ্রেরণা।

প্রবীণ অভিনেত্রীর সঙ্গে বহু বছরের আত্মিক সম্পর্ক লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের। কাজ করতে করতেই এই সম্পর্ক ধীরে ধীরে পরিবারে পরিণত হয়েছে। মাধবীর জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো কিছু বিশেষ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন লীনা। বয়সের কথা মাথায় রেখে শুটিংয়ের সময়সূচি একটু হালকা রাখার চেষ্টা করেন তিনি, যাতে অভিনেত্রীর কোনও অসুবিধা না হয়। কিন্তু মাধবী মুখোপাধ্যায়ের কাছে বয়স কখনওই বাধা নয়, বরং তিনি চান আরও বেশি সময় সেটে থাকতে।

লীনা গঙ্গোপাধ্যায় জানালেন, দেরিতে কলটাইম পেলেই মাধবী খুশি হয়ে যান। কারণ তখন শুটিংয়ে বেশি সময় কাটানোর সুযোগ পান তিনি। লীনার কথায়, পুরো ইউনিটটাই একসময় পরিবারের মতো হয়ে যায়। কাজের প্রতি মাধবীর ধৈর্য, নিষ্ঠা এবং ভালোবাসা সত্যিই শিক্ষণীয়। জন্মদিন এলেই একটি বিশেষ স্মৃতি বারবার ফিরে আসে লীনার মনে, যা আজও তাঁকে আবেগতাড়িত করে।

একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কথা জড়িয়ে যাচ্ছিল, শরীর ছিল ভীষণ দুর্বল। তবুও ভোরবেলা হাসপাতাল থেকেই লীনাকে ফোন করেছিলেন তিনি। জানিয়েছিলেন সেদিন শুটিং করতে পারবেন না, আবার একই সঙ্গে জানতে চেয়েছিলেন কবে থেকে ফের শুটিং শুরু করতে পারবেন। তখনও তাঁর কথা স্পষ্ট হচ্ছিল না। সেই দিনের স্মৃতি আজও ভুলতে পারেননি লীনা।

আরও পড়ুনঃ “তুই আমাকে বন্ধু কেন ভেবেছিলিস?” “দায়িত্ব না নেওয়া মানে দূরে সরে যাওয়া নয়!” সায়ক বিতর্কে বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন অনন্যা গুহ! খারাপ সময়ে বন্ধুর পাশে না থাকার অভিযোগে, সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তিনি?”

৮৫তম জন্মদিনে তাই লীনা গঙ্গোপাধ্যায়ের একটাই প্রার্থনা। মাধবী মুখোপাধ্যায় যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। যে ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে তিনি আজও শুটিং চালিয়ে যাচ্ছেন, সেই শক্তি যেন তাঁকে আরও অনেকদিন ধরে কাজের সঙ্গে যুক্ত রাখে। অভিনয়ই যেন তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে থেকে যায়।

You cannot copy content of this page