এখনকার সময়ে বিয়ে হোক কিংবা অন্য কোনও অনুষ্ঠান—সব ক্ষেত্রেই যেন এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে। কে কতটা আলাদা, কে কতটা ইউনিক কিছু করতে পারল, সেই নিয়েই সমাজমাধ্যমে শুরু হয় আলোচনা। বিশেষ করে যখন বিষয়টি বিনোদন জগতের তারকাদের ঘিরে, তখন দর্শকদের কৌতূহল আরও বেশি থাকে। তাঁদের বিয়ের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুষ্ঠান, এমনকি সাজপোশাকও আলাদা করে নজরে আসে। ফলে তারকাদের ব্যক্তিগত মুহূর্তও অনেক সময় হয়ে ওঠে জনসমালোচনার বিষয়।
৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী অনন্যা গুহ ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর সুকান্ত কুন্ডু। প্রায় এক বছর ধরেই তাঁদের বিয়ে নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। বিয়ের আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন। সেই কথার প্রতিফলনও প্রথমে দেখা গিয়েছিল। বর্তমানে যেখানে প্রায় সব বিয়েতেই মেহেন্দি অনুষ্ঠান হয়, সেখানে অনন্যা সেই পথে হাঁটেননি। বরং বাঙালি ঐতিহ্য মেনে ‘আলতা সেরিমনি’ দিয়েই শুরু করেছিলেন বিয়ের অনুষ্ঠান। লাল শাড়ি, সোনার গয়না আর সাবেকি সাজে অনন্যাকে দেখে অনেকেই প্রশংসায় ভরিয়ে দেন সমাজমাধ্যমে।
তবে এরপরই ছবিটা একটু বদলাতে শুরু করে। আলতা সেরিমনির পরেই দেখা যায় সংগীতের আয়োজন। সাধারণত এই অনুষ্ঠান উত্তর ভারতীয় বিয়ের সংস্কৃতিতে বেশি দেখা যায়। এখানেই থামেনি বিতর্ক। এরপর গায়ে হলুদের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় সুকান্ত ও অনন্যাকে। অথচ বাঙালি রীতি অনুযায়ী প্রথমে বরের গায়ে হলুদ হয়, সেই হলুদই পরে কনের গায়ে লাগানো হয়। কিন্তু সেই প্রচলিত রীতির বদলে দুজনকেই একসঙ্গে গায়ে হলুদ করতে দেখা যায়।
এই ঘটনাগুলো সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় কটাক্ষ। অনেকেই মন্তব্য করেছেন, যখন অভিনেত্রী নিজেই বলেছিলেন যে তিনি সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ে করবেন, তখন কেন সংগীতের মতো অবাঙালি অনুষ্ঠান রাখা হল? আবার গায়ে হলুদের সময়েও দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, সেই অনুষ্ঠানে তাঁদের পোশাকেও অবাঙালি ছোঁয়া ছিল।
আরও পড়ুনঃ সড়ক দুর্ঘ’টনার কবলে কবি শ্রীজাত! তীব্র ক্ষ’তিগ্রস্ত গাড়ি! বর্তমানে কেমন আছেন কবি?
অবশ্য অন্যদিকে অনন্যার আলতা সেরিমনি নিয়ে এখনও অনেকেই প্রশংসা করছেন। দিদি অলোকানন্দা নিজের হাতে বোনের হাতে-পায়ে আলতা পরিয়ে দিয়েছিলেন—সেই মুহূর্তও ভাইরাল হয়েছে। তবে একই সঙ্গে প্রশ্নও উঠছে, যখন অভিনেত্রী নিজেই বারবার বাঙালি ঐতিহ্যের কথা বলেছিলেন, তখন পরবর্তী অনুষ্ঠানগুলোতে কেন সেই রীতি পুরোপুরি মানা হল না? তাই এখন সমাজমাধ্যমে অনেকেরই প্রশ্ন—অনন্যা গুহ কি সত্যিই সম্পূর্ণ বাঙালি সংস্কৃতি মেনে বিয়ে করলেন? নাকি ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণেই সাজল তাঁর বিয়ের আয়োজন?






