ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা, বহু বছর ধরেই সমান জনপ্রিয়তায় দর্শকের মন জিতে চলেছেন অভিনেত্রী ‘অপরাজিতা আঢ্য’ (Aparajita Adhya)। অভিনয়ের পাশাপাশি তাঁর সাবলীল কথা বলা, মার্জিত ব্যবহার এবং সহজ স্বভাবের জন্যও আলাদা পরিচিতি রয়েছে। ব্যস্ত অভিনয় জীবনের বাইরেও তিনি নাচ এবং সংসার নিয়েই সময় কাটাতে পছন্দ করেন। বিভিন্ন সাক্ষাৎকারে বহুবার তিনি জানিয়েছেন, সংসার সামলাতে তাঁর খুব ভালো লাগে। তবে কোনও অন্যায় চোখে পড়লে প্রতিবাদ করতে পিছপা হন না অভিনেত্রী। স্পষ্ট বক্তব্যের জন্য ইন্ডাস্ট্রিতেও তাঁর আলাদা সুনাম রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন প্রজন্মের মানসিকতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি। আর সেই কথোপকথনের ভিডিও সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, বর্তমান প্রজন্মের সঙ্গে নিজের সময়ের কী পার্থক্য তিনি অনুভব করেন। একই সঙ্গে জানতে চাওয়া হয়, নতুন প্রজন্ম কেন নিজেদের চারপাশে এমন এক আলাদা জগৎ তৈরি করে রাখে, যেখানে সহজে কাউকে ঢুকতে দিতে চায় না। এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা থেকে উত্তর দেন অপরাজিতা। তিনি বলেন, “বাবা-মা বোকা, এই কথাটা একটা বয়সে সবাই ভাবে। আমরাও ভাবতাম যে বাবা-মাকে কী করে টুপি দেওয়া যায়?
কারণ, মা হচ্ছে সব থেকে বোকা!” অভিনেত্রীর এই মন্তব্য মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। তবে তিনি শুধু এই কথাতেই থেমে থাকেননি। বরং নিজের ছোটবেলার অভিজ্ঞতার সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনাও টেনেছেন। অপরাজিতা আরও বলেন, “যেহেতু ওই বয়সটা আমি কাটিয়ে এসেছি তাই আজকে যখন আমার সঙ্গে ওদের পার্থক্য করে দেখি তখন বুঝি যে ওই বয়সে ওরা যে বুদ্ধিটা খাটাতে পারছে সেটা হয়তো আমরা পারতাম না বা চেষ্টাও করতাম না, জানা ছিল না।” তাঁর মতে, সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম অনেক বেশি তথ্য ও প্রযুক্তির মধ্যে বড় হচ্ছে। ফলে তারা অনেক কিছু দ্রুত বুঝতে শিখছে।
এই প্রসঙ্গে উদাহরণ দিয়ে অভিনেত্রী বলেন, “যেটা জানা নেই, সেখানে তো বুদ্ধির প্রশ্ন আসে না। বুদ্ধি সেখানেই খাটানো যায়, যেটা আমার জানা আছে। রসগোল্লা আমি কোনদিনও খাইনি, সুতরাং খেলে পেট গরম হবে না মাথা, সেটা ভেবে মাথা খাটিয়ে তো লাভ নেই!” তাঁর মতে, বর্তমান প্রজন্মের জানাশোনা এবং চিন্তাভাবনার ধরন আগের তুলনায় অনেকটাই আলাদা। এরপর নতুন প্রজন্মের ব্যক্তিগত পরিসর নিয়ে নিজের মতামত জানান অভিনেত্রী। তিনি বলেন, “ওরা এত বেশি জানে যে ওরা আলাদা করে বুদ্ধি খাটায় এবং আলাদা করে একটা স্পেস চায়। সেই স্পেসে কাউকে ঢুকতে দিতে চায় না।”
অপরাজিতার মতে, বর্তমান সময়ের ছেলে-মেয়েরা নিজেদের ব্যক্তিগত জায়গাকে খুব গুরুত্ব দেয়। তাই পরিবার বা কাছের মানুষদের সঙ্গেও অনেক সময় তারা দূরত্ব বজায় রাখতে চায়। তাঁর এই বিশ্লেষণকে অনেকেই বাস্তবসম্মত বলে মনে করেছেন। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অভিনেত্রী খুব সহজ ভাষায় আজকের প্রজন্মের মানসিকতা তুলে ধরেছেন। বিশেষ করে বাবা-মা এবং সন্তানদের সম্পর্কের এই পরিবর্তন নিয়ে তাঁর পর্যবেক্ষণ অনেকের কাছেই ভাবনার বিষয় হয়ে উঠেছে। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর সমালোচনাও কম হয়নি। অনেকেই মনে করেছেন, সন্তানদের বিষয়ে বাবা-মা বিশেষ করে মায়েরা কখনও বোকা হতে পারেন না!
আরও পড়ুনঃ সায়নীর মাথার দাম ১ কোটির পর, এবার প্রাণনা’শের হু’মকি পেলেন সোহম চক্রবর্তী! বাংলায় রাজনৈতিক পালাবদলের পরেই আত’ঙ্কে, তৃণমূলের প্রাক্তন বিধায়ক? কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেতা?
সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্যে এই নিয়ে ভিন্ন মত উঠে এসেছে। একজন লিখেছেন, “আমার মতে একমাত্র মা বুঝতে পারে সন্তানের মনে কি চলছে, আপনার কথার সঙ্গে পুরোপুরি সহমত হতে পারলাম না।” আবার কেউ কেউ বলেছেন, সন্তানরা যতই নিজেদের আলাদা রাখতে চায় না কেন, মা-বাবা অনেক সময় আগেই বুঝে যান তাদের মনের অবস্থা। ফলে অপরাজিতার মন্তব্যকে ঘিরে নেটমাধ্যমে এখন প্রশংসা এবং সমালোচনা দুইই চলছে। তবে সব মিলিয়ে তাঁর বক্তব্য ফের একবার আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে বর্তমান প্রজন্ম এবং অভিভাবকদের সম্পর্কের বিষয়টিকে।






