মরাঠি বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় ধারাবাহিক ‘আপ্পি আমচি কালেক্টর’-এর পরিচিত মুখ মহেশ পওয়ার আর নেই। ভয়াবহ পথ দুর্ঘটনায় মাত্র ২৫ বছর বয়সেই প্রাণ হারালেন এই তরুণ অভিনেতা। রবিবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে এসইউভি গাড়িতে করে সফরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু সেই সফরই শেষ পর্যন্ত মারণযাত্রায় পরিণত হয়। মুম্বই থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে পোলাদপুর-মহাবালেশ্বর রোডের অম্বেনালী ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় তাঁদের গাড়ি। দুর্ঘটনায় মহেশ-সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। হঠাৎ এই খবর সামনে আসতেই স্তব্ধ হয়ে গিয়েছে তাঁর অনুরাগী থেকে শুরু করে গোটা মরাঠি টেলিভিশন মহল। কম বয়সে এমন মর্মান্তিক পরিণতি কেউই মেনে নিতে পারছেন না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় দুটো নাগাদ দাপোলির হর্নে এলাকা থেকে সাতারার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মহেশ পওয়ার এবং তাঁর সাত বন্ধু। এসইউভি গাড়িটিতে থাকা সকলের বয়স ছিল ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। রাত কেটে দুপুর হয়ে গেলেও তাঁরা গন্তব্যে না পৌঁছনোয় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর শুরু হয় খোঁজখবর। পরে পুলিশের সাহায্যে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, পোলাদপুর এলাকার একটি মোবাইল টাওয়ারের শেষ লোকেশন ধরা পড়েছে। সেই সূত্র ধরেই পুলিশ পৌঁছে যায় অম্বেনালী ঘাট এলাকায়। সোমবার সকালে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। পাহাড়ি রাস্তার গভীর খাদে দুমড়ে মুচড়ে পড়ে ছিল এসইউভি গাড়িটি।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, পাহাড়ি ঘাটের বিপজ্জনক বাঁকে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে। খাদটির গভীরতা প্রায় ১০০০ ফুট বলে জানা গেলেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, সেটি প্রায় ১৫০০ ফুট গভীর হতে পারে। এত গভীর খাদে গাড়ি পড়ে যাওয়ায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহেশ পওয়ার (২৫), রিতেশ লোখান্ডে (২২), সুহাস লোখান্ডে (২০), উৎকর্ষ শিংটে (২১), নিখিল শিংটে (২৫), আদিত্য সালুঙ্খে (২১), রাজেশ কাটকর (৩৫) এবং অংশ চহ্বাণের (১৯)। সকলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। তরতাজা আটটি প্রাণ একসঙ্গে হারিয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরাও।
এই ভয়াবহ দুর্ঘটনার পর প্রশাসনের তরফে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের সাহায্যে বিশেষ টিম তৈরি করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। দুর্গম পাহাড়ি খাদ হওয়ায় উদ্ধারকারীদের প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে। বহু নিচে গাড়িটি পড়ে থাকায় দেহ উদ্ধার করতেও যথেষ্ট সময় লাগছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি দেহ উদ্ধারের কাজও দ্রুত এগোচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ “আমাকেই দেখার কেউ নেই…” মা’রা যাওয়ার কিছুদিন আগেই শ্রীলেখা মিত্রকে অনেক না বলা কথা ভাগ করেছিলেন অনীক দত্ত! “এমনই সাংঘাতিক…” দাবি অভিনেত্রীর! পরিচালকের সেই কথাই কি আজ নতুন রহস্য উসকে দিচ্ছে?
মহেশ পওয়ারের মৃত্যু সংবাদ প্রথম প্রকাশ্যে আনে আঞ্চলিক সংবাদমাধ্যম ‘লোকমত’। খবরটি সামনে আসতেই মরাঠি টেলিভিশন জগতে নেমে আসে শোকের ছায়া। অল্প সময়ের মধ্যেই অভিনয়ের জগতে নিজের পরিচিতি তৈরি করেছিলেন মহেশ। ‘আপ্পি আমচি কালেক্টর’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। কেরিয়ারের শুরুতেই এমন সাফল্য পাওয়ায় ভবিষ্যৎ নিয়েও আশাবাদী ছিলেন অনেকেই। কিন্তু আচমকা এই দুর্ঘটনা সবকিছু থামিয়ে দিল। সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানাতে শুরু করেছেন। অনেকেই লিখেছেন, এত অল্প বয়সে এক প্রতিভাবান অভিনেতার এভাবে চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন।






“আগে ২৮ ছিলাম, এখন ৩৪ হয়ে গেছি… আমাকে হট-প্যান্টে দেখেই প্রেমে পড়েছিল কাঞ্চন!” বিয়ের পর শারীরিক পরিবর্তনের কথা বলতেই ফের ট্রো’লড শ্রীময়ী!