‘বিগ বস বাংলা’ শুরু হওয়ার পর থেকেই প্রতিযোগীদের খেলা, সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের মধ্যে চর্চা তুঙ্গে। ঘরের ভিতরে কে কেমন খেলছেন, কার সঙ্গে কার বন্ধুত্ব গড়ে উঠছে, তা নিয়ে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন আলোচনা। তবে এবারের চর্চার কেন্দ্রে উঠে এসেছে রাজবীর দে এবং নন্দিনীর সম্পর্ক। তাঁদের ঘনিষ্ঠতা দেখে অনেকেই মনে করছেন, বন্ধুত্বের বাইরেও হয়তো রয়েছে অন্য কোনও সমীকরণ। কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ কী? এবার সেই প্রশ্নেই নজর ঘুরেছে রাজবীরের পরিবারের দিকে। বিগ বসের ঘরে রাজবীর ও নন্দিনীর মেলামেশা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে নানা মত তৈরি হয়েছে।
কেউ তাঁদের সম্পর্ককে সত্যিকারের ভালো লাগা বলে মনে করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন, এই ঘনিষ্ঠতা কি শুধুই খেলার কৌশল? এরই মধ্যে খবর ছড়িয়েছে, নন্দিনীর পরিবার রাজবীরকে জামাই হিসেবে মেনে নিতে প্রস্তুত। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজবীরের পরিবারও কি এই সম্পর্কের বিষয়ে একই মত পোষণ করে? বিশেষ করে রাজবীরের মায়ের বক্তব্য জানার জন্য আগ্রহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। ছেলের জনপ্রিয়তা এবং বিগ বসে অংশ নেওয়া নিয়ে কথা বলতে গিয়ে রাজবীরের মা জানান, শোয়ে যাওয়ার আগে তাঁকে কিছুই জানায়নি ছেলে।
মায়ের দুশ্চিন্তার কথা ভেবেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিল রাজবীর। এই প্রসঙ্গে তিনি বলেন, “ও তো আমাকে বলেইনি। বিগ বসে যাচ্ছে, জানে মা টেনশন করবে, এই করবে ওই করবে। ও আমাকে বলেইনি। যেদিন বিগ বসে পুরো মানে সেটেল হয়ে গেল, তার দুদিন আগে বলল।” অর্থাৎ, বিগ বসে যাওয়ার বিষয়টি রাজবীর শেষ মুহূর্তে মাকে জানিয়েছিল। ছেলের এই সিদ্ধান্তে মায়ের দুশ্চিন্তা থাকলেও, তার সাফল্য এবং জনপ্রিয়তা তাঁকে গর্বিত করেছে। রাজবীরের ছোটবেলার স্মৃতিও ভাগ করে নিয়েছেন তাঁর মা। একসময় ছেলেকে রামকৃষ্ণ মিশনে রাখা হয়েছিল।
সেখানে আশ্রমের মহারাজজির সঙ্গে রাজবীরের গভীর সম্পর্ক গড়ে ওঠে। তাঁর মা জানান, মহারাজজির উপর ছেলের অগাধ ভরসা ছিল। সেই প্রসঙ্গে তিনি বলেন, “রামকৃষ্ণ মিশনের আশ্রমের যে মহারাজজি, ওর প্রাণ ছিল। আমি তো মহারাজজিকে সবসময় বলি, ফোন করিস, মহারাজজির খবর নিবি। ওই মহারাজজি থাকার জন্যই আমি কিন্তু অনেকটা সেফ ছিলাম। না হলে যে কোনও কিছু করুক, মহারাজজি তোকে বাঁচাবে।” ছেলের জীবনে মহারাজজির এই ভূমিকা যে তাঁর কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, মায়ের কথাতেই তা স্পষ্ট।
আরও পড়ুনঃ “দুঃখিত অনুষ্কা, রাণী হিসেবে ব্যর্থ হয়েছ তুমি, এখানে রাজত্ব চলছে শুধুই নন্দিনী দত্তের!” ফের নন্দিনীর প্রশংসায় পঞ্চমুখ আয়েন্দ্রী! বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড অনুষ্কা ঘোষের খেলাকে কেন ‘নিম্নমানের’ বলে বিঁধলেন অভিনেত্রী? পোস্ট ঘিরে হইচই নেটপাড়ায়!
তবে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যাচ্ছে, নন্দিনীকে কি সত্যিই বৌমা হিসেবে দেখতে চান রাজবীরের মা? এই প্রসঙ্গে তাঁর বক্তব্য অনুযায়ী, ছেলের পছন্দই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। রাজবীর যদি নন্দিনীকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়, তাহলে ছেলের সুখের পথে বাধা হতে চান না তিনি। অর্থাৎ, ছেলের পছন্দকে গুরুত্ব দিতেই প্রস্তুত রাজবীরের মা। তবে বিগ বসের ঘরে তাঁদের সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে এগোয়, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে। পর্দার এই ঘনিষ্ঠতা কি বাস্তব জীবনের সম্পর্কের রূপ নেবে, নাকি শো শেষ হলেই বদলে যাবে সমীকরণ? সেই উত্তরই এখন জানতে চাইছেন অনুরাগীরা।






